মুসহাফ - পর্ব: ১৩ (অনুবাদে: রেজওয়ান হোসেন মাসুম) (ফারিস্তে_ইব্রাহিম) (মেহমিল_ইব্রাহিম) (হুমায়ুন_দাউদ) (ফাওয়াদ_কারীম)
পর্ব:- ১৩ "সাহেব কি ভেতরে আছেন? আমাকে ভেতরে যেতে হবে।" "জি, আপনি যান।" দারোয়ান সঙ্গে সঙ্গে সামনে থেকে সরে দাঁড়াল। সে ভেতরের দিকে দৌড়ে গেল। রাজকীয় ধাঁচের লাউঞ্জটি পুরোটা খালি । সে এদিক-ওদিক তাকাতে তাকাতে এগিয়ে গেল, তারপর রান্নাঘরের খোলা দরজা দেখে থামল। কিছু একটা ভেবে সে রান্নাঘরে ঢুকল। মার্বেলের মতো ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘরটি খালি পড়ে ছিল। চামচের স্ট্যান্ডটি সামনেই ছিল। সে সেখান থেকে একটি বড় ছুরি বের করল এবং আস্তিনের ভেতর লুকিয়ে বাইরে এল। "হুমায়ুন!" লাউঞ্জে দাঁড়িয়ে ঘাড় উঁচিয়ে সে ডাকল। কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়ে ফিরে এল। তার কামরা ওপরে ছিল, এটি তার মনে ছিল। সে দ্রুত সিঁড়ি বেয়ে উঠতে লাগল। কালো মার্বেলের ঝকঝকে সিঁড়িগুলো গোলাকৃতিতে ওপরের দিকে যাচ্ছিল। সে ওপরের তলায় থামল, এদিক-ওদিক উঁকি দিল, তারপর তৃতীয় তলার সিঁড়ির দিকে যেতে লাগল। হঠাৎ সামনের কামরা থেকে তার কণ্ঠস্বর ভেসে এল। "বিলকিস!" সে ভেতর থেকে সম্ভবত পরিচারিকাকে ডাকছিল। সে দৌড়ে ওই কামরার দরজার কাছে এল। "দরজা খুলুন!" সে দরজায় জোরে আঘাত করল এবং তারপর ক্রমাগত করাঘাত করতে থাকল। ...