মুসহাফ - পর্ব: ১৭ (অনুবাদে: রেজওয়ান হোসেন মাসুম) (ফারিস্তে_ইব্রাহিম) (মেহমিল_ইব্রাহিম) (হুমায়ুন_দাউদ) (ফাওয়াদ_কারীম)
পর্ব:- ১৭
সকালটা এক নতুন সতেজতা নিয়ে এসেছিল। চড়ুই পাখিরা কিচিরমিচির করতে করতে তাদের গন্তব্যের দিকে উড়ে যাচ্ছিল। রাতে বেশ ভালো বৃষ্টি হয়েছিল, তাই রাস্তা তখনও ভেজা ছিল। কালো মেঘের দল এখন নীল চাদরের নিচ থেকে সরে গিয়েছিল এবং আবহাওয়া বেশ মনোরম হয়ে উঠেছিল।
সে গেট পার হয়ে বাইরে বের হলো; গাছের বেড়ার পাশ দিয়ে কাসিফ সাইকেল চালিয়ে আসছিল। মেহমিল তৈমুরের প্র্যাম (Pram) ঠেলতে ঠেলতে রাস্তার ওপর এগিয়ে চলল। তার মুখ ছিল কাসিফের দিকে।
"মেহমিল বাজি! আসসালামু আলাইকুম!" কাসিফ তাকে দেখে চিৎকার করে উঠল।
দ্রুত সাইকেল চালিয়ে সে মেহমিলের কাছে এল। কাসিফ ছিল কলোনির সেই বাচ্চাদের একজন, যাদের মেহমিল বিকেলে নিজের বাসায় একত্রিত করে কোরআন পড়াত।
"ওয়ালাইকুম আসসালাম! সকাল সকাল কোথায় যাচ্ছ কাসিফ?" সে থেমে গেল।
"আমাদের স্কুলের ছুটি হয়ে গেছে না, তাই সকালে অবসর থাকি।" সে তার উল্টো হয়ে থাকা টুপি (Cap) সোজা করল।
এখন সে সাইকেল থামিয়ে মেহমিলের সাথে দাঁড়িয়ে ছিল।
"হান্নান আর রাহিমদেরও ছুটি হয়েছে?"
"জি বাজি! সবার অফ (Off) হয়ে গেছে।"
"তাহলে এমন করলে হয় না যে আগামী থেকে ফজর নামাজের পর ক্লাস নেব?"
"বাজি! আমি তো চলে আসব, কিন্তু রাহিমরা..." সে ইতস্তত করে তার প্রতিবেশীর নাম নিল।
"ওরা আসবে না?"
"আপনি ওদের নিজে থেকেই জিজ্ঞেস করে নিয়েন।"
কাসিফ সাইকেল চালিয়ে দূরে চলে গেল।
মেহমিলের ইচ্ছা ছিল সামনের মাদ্রাসায় যাওয়ার, কিন্তু তখনই রাস্তার মোড়ে ভুট্টাওয়ালাকে দেখা গেল।
বৃষ্টির পরের এই চমৎকার ঠান্ডা আবহাওয়া আর গরম ভুট্টা—সে নিজেকে সামলাতে পারল না এবং প্র্যাম ঠেলতে ঠেলতে মোড়ের ঠেলাগাড়ির দিকে এগিয়ে গেল।
রাস্তা জনশূন্য ছিল। ভুট্টাওয়ালাও চুপচাপ মাথা নিচু করে বালু গরম করছিল। সে প্র্যাম ঠেলতে ঠেলতে ধীরে ধীরে পা বাড়াচ্ছিল। তার মনে পড়ল, সে আজ সকালের দোয়াগুলো পড়েনি। অথচ সে প্রতিদিন নিয়মিত সকাল-সন্ধ্যার দোয়া পড়ত, কিন্তু আজ জানি না কীভাবে বাদ পড়ে গেল।
সে মনে মনে তাসবিহ্ পড়তে লাগল। তখনই দূরত্ব কমে এল এবং সে ঠেলাগাড়ির কাছে পৌঁছালে তার ধ্যান ভেঙে গেল।
"একটা ভুট্টা পুড়িয়ে দাও। আর সাথে পাঁচ টাকার ভুট্টা ভাজাও দাও। আর মশলা একটু বেশি দিও।" তার তাসবিহ্ অপূর্ণ রয়ে গেল। বৃদ্ধ ভুট্টাওয়ালা মাথা নেড়ে ভুট্টা পোড়াতে লাগল। সে একদৃষ্টিতে তা দেখা শুরু করল।
মনের কোনো এক কোণে সেদিন আরজুর বলা কথাগুলো প্রতিধ্বনিত হতে লাগল। সে বারবার সেগুলো মন থেকে ঝেড়ে ফেলতে চাইছিল, কিন্তু অজান্তেই হৃদয়ে এক ভয় বাসা বেঁধেছিল। এমনিতেই তার বুক কেঁপে উঠত। সে ঘুমের ঘোরে ভয় পেত। জানি না কী কারণ ছিল।
"দশ টাকা হয়েছে বিবি!"
বৃদ্ধ লোকটির কণ্ঠে সে চমকে উঠল, তারপর মাথা ঝাকিয়ে হাতে থাকা পাউচ (Pouch) খুলল।
ভেতরে টাকা আর কয়েকটা কাগজ, বিল ইত্যাদি রাখা ছিল। সে দশ টাকার নোট বের করতে চাইল তখনই একটি কাগজ—যা নোটের ওপর গুঁজে রাখা হয়েছিল—উড়ে গিয়ে দূরে রাস্তার ওপর পড়ল।
"ওহ্, এক মিনিট—" সে দশ টাকার নোটটি লোকটির হাতে দিয়ে তৈমুরের প্র্যাম ওখানেই রেখে দৌড়ে গেল, যেখানে রাস্তার মাঝখানে সেই দুমড়ানো-মুচড়ানো কাগজটি পড়ে ছিল। সে নিচু হয়ে কাগজটি তুলল এবং সেটি খুলে পড়ল, তারপর হাতের লেখা দেখে হাসল। পরের মুহূর্তেই সামনের রাস্তার কোণ থেকে আসা গাড়ির শব্দ শোনা গেল। সে ঘাবড়ে গিয়ে মাথা তুলল। গাড়িটি দ্রুত তার দিকে ধেয়ে আসছিল। সে দৌড়াতে চাইল, এক লাফে রাস্তা পার হতে চাইল, কিন্তু সুযোগ পেল না।
তীব্র হর্নের শব্দ শোনা গেল এবং কেউ একজন চিৎকার করছিল। তার পা নড়াচড়া করতে অস্বীকার করছিল। সে গাড়িটিকে নিজের গায়ের ওপর আছড়ে পড়তে দেখল, তারপর নিজেকে সজোরে আছড়ে পড়তে দেখল।
শোরগোল ছিল। অনেক শোরগোল। সে নিজের চিৎকার শুনল... নিজের মাথা থেকে বেরিয়ে রাস্তায় গড়িয়ে পড়া রক্ত দেখল... বয়ে যাওয়া লাল রক্ত... ভীষণ লাল।
তার কবজিটি ওখানেই তার মুখের পাশে নিস্তেজ হয়ে পড়ে গেল। সে হাতের মুঠি খুলে দিল। দুমড়ানো কাগজটি বেরিয়ে রাস্তায় গড়িয়ে পড়ল। সে চারদিকে লোকজনকে জড়ো হতে দেখল।
কোথাও দূরে কোনো বাচ্চা কাঁদছিল।
অনেক চিৎকার করে, গলা ফাটিয়ে। দূরে, অনেক দূরে।
তার ডুবন্ত মন শেষ যে কথাটি ভেবেছিল, তা হলো—আজ সে সকালের দোয়াগুলো পড়েনি।
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
তার মন অতল অন্ধকারে ডুবে গিয়েছিল। অন্ধকার... ঘুটঘুটে কালো, ভয়াবহ অন্ধকার, রঙহীন, শব্দহীন, নীরব এক অন্ধকার। অন্ধকারের ওপর অন্ধকার, পর্দার ওপর পর্দা।
তার মন সময় ও স্থানের বন্ধন থেকে মুক্ত হয়ে গিয়েছিল। পানির ওপর ভেসে যাচ্ছিল। মেঘের ওপর উড়ছিল।
পৃথিবী আর আকাশের মাঝখানে। না ওপরে, না নিচে, বাতাসের মাঝে কোথাও ঝুলে থাকা। মাঝপথে কোনো ভাসমান মেঘের ওপর।
তারপর ধীরে ধীরে ভাসমান মেঘটি স্থির হলো। হালকা একটি ঝটকা লাগল এবং মেঘটি বুদবুদের মতো ফেটে বাতাসে বিলীন হয়ে গেল। চারদিকে আলো ভরে উঠল। তীব্র, হলুদ আলো।
সে আলতো করে চোখ খুলল। সামনে একটি ঝাপসা দৃশ্য ছিল। সাদা দেয়াল, সাদা ছাদ, ছাদ থেকে ঝুলছে ফ্যান—তার তিনটি পাখা ছিল, সেগুলো ধীরে ধীরে একটি বৃত্তে ঘুরছিল। বৃত্ত... বারবার বৃত্ত।
সে কতক্ষণ একদৃষ্টিতে ছাদের দিকে তাকিয়ে রইল। সে কে ছিল? কোথায় ছিল? কেন ছিল? সে শূন্য দৃষ্টিতে ছাদের দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ এদিক-ওদিক তাকাতে চাইল।
চারপাশে সাদা দেয়াল ছিল। কাছেই একটি কাউচ (Couch) রাখা ছিল। টিপয়ের ওপর শুকনো ফুলের তোড়া সাজানো ছিল। সে কনুইয়ের ওপর ভর দিয়ে উঠতে চাইল, কিন্তু শরীর যেন প্রাণহীন হয়ে গিয়েছিল, অথবা সম্ভবত সে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল।
সে চেষ্টা ছেড়ে দিয়ে নিজের বাহুর দিকে তাকাল, যেখানে অসংখ্য নল (Tubes) ঢোকানো ছিল। প্রতিটি নল কোনো না কোনো মেশিনের সাথে যুক্ত ছিল। সেটি সম্ভবত হাসপাতালের কোনো কক্ষ ছিল এবং সে নিজে সম্ভবত... বরং নিশ্চিতভাবেই মেহমিল ইব্রাহিম ছিল।
নিজেকে কি আর ভোলা যায়? ধীরে ধীরে সব স্মৃতি মনের কোণ থেকে উঁকি দিতে লাগল। প্রতিটি কথা, প্রতিটি চেহারা তার মনে পড়তে লাগল।
ক্লান্ত হয়ে সে চোখ বুজল। শেষমেশ কী হয়েছিল? কোন জিনিসটি তাকে এখানে হাসপাতালে পৌঁছে দিল? সম্ভবত কোনো দুর্ঘটনা (Accident)? এবং তার ধীরে ধীরে মনে পড়তে লাগল। সে কাগজটি নিতে রাস্তার ওপারে গিয়েছিল। তার সাথে কাসিফ ছিল। সে সাইকেল চালাচ্ছিল। সে চোখের আড়াল হতেই মেহমিল ওই ঠেলাগাড়িওয়ালার কাছে গিয়েছিল।
তারপর... তারপর কিছু একটা হয়েছিল। সে ধাক্কা খেয়েছিল। রক্ত... ছড়িয়ে থাকা কাগজ... কাঁদতে থাকা বাচ্চা।
বাচ্চা? সে চমকে চোখ খুলল, তারপর এদিক-ওদিক দেখল। ঘরটি খালি ছিল। সে সেখানে একা ছিল। কিন্তু ওই কাঁদতে থাকা বাচ্চাটি—ওই কণ্ঠস্বর যা সে শেষ মুহূর্ত পর্যন্ত শুনতে পেয়েছিল?
তৈমুর... তৈমুর কাঁদছিল। হ্যাঁ, তার মনে ছিল। কোথায় তৈমুর?
সে অনুসন্ধিৎসু দৃষ্টিতে চারদিকে তাকাল, ঠিক তখনই দরজা খুলল।
সাদা ইউনিফর্ম পরা নার্স ভেতরে প্রবেশ করল। তার হাতে ট্রে (Tray) ছিল। সে দ্রুত পা ফেলে বেডের দিকে এগিয়ে এল, তারপর মেহমিলকে জেগে থাকতে দেখে থমকে গেল।
"ওহ্, শুকরিয়া, আপনার জ্ঞান ফিরেছে!" সে অবাক হয়ে বলতে বলতে তার কাছে এল। তখনই খোলা দরজা দিয়ে একটি বাচ্চা দেখা গেল।
ছয়-সাত বছরের এক সুন্দর বাচ্চা। সম্ভবত সে কাসিফ প্রতিবেশী রাহিম ছিল। হ্যাঁ, সে রাহিমই ছিল, অথবা রাহিমের ছোট ভাই। মেহমিল সিদ্ধান্ত নিতে পারল না।
"আর ইউ অলরাইট (Are you all right)?" নার্স আলতো করে মেহমিলের হাত ছুঁয়ে বিস্ময়ে জিজ্ঞেস করল।
মেহমিল কোনো উত্তর না দিয়ে বাচ্চার মুখের দিকে তাকিয়ে রইল, যে এক বিচিত্র মনোযোগ দিয়ে তাকে দেখছিল। এটি সম্ভবত সেই ছেলেটি, যাকে সে বিকেলে পড়াত।
"আমি এখনই আপনার সিস্টারকে (Sister) ডাকছি।" নার্স খুশিতে চনমন করতে করতে বাইরে দৌড়ে গেল। মেহমিল তখনও বাচ্চার চোখের দিকে তাকিয়ে ছিল, যাতে এক অদ্ভুত বিরক্তি ছিল এবং ছোট কপালে সামান্য ভাঁজ।
সে মেহমিলকে এক বিচিত্র ঘৃণাভরা দৃষ্টিতে দেখতে দেখতে কাউচে এসে বসল এবং কনুই হাঁটুতে রেখে দুই হাতের তালুতে মুখ গুজল।
মেহমিল তখনও একইভাবে তাকে দেখছিল।
"রাহিম!" সে ডাকল, কিন্তু নিজের কণ্ঠস্বর তার কাছে খুব ক্ষীণ ও ভাঙা মনে হলো। বাচ্চাটি একইভাবে তাকিয়ে রইল।
"রাহিম!" সে আবার ডাকল। সে খুব কষ্টে কথা বলতে পারছিল।
"আমি সানি (Sunny)।" তারপর মুহূর্তের জন্য থেমে এক অদ্ভুত ঘৃণায় বলল—
"আই ডোন্ট লাইক ইউ (I don't like you)।"
"সানি?" সে স্তম্ভিত হয়ে গেল। এই বাচ্চাটিকে সে প্রতিদিন পড়াত, সে হয়তো রাহিমের ছোট ভাই ছিল। তবে সে এভাবে কথা বলছে কেন?
ঠিক সেই মুহূর্তে দরজা সজোরে খুলল।
মেহমিল চমকে তাকাল।
দরজায় ফারিস্তে দাঁড়িয়ে ছিল। কালো আবায়ার সাথে কালো হিজাব মুখে জড়িয়ে সে অবিশ্বাসের সাথে বিছানায় শুয়ে থাকা মেহমিলকে দেখছিল।
"ফা... ফারিস্তে!" সে নিজের জায়গায় জমে গেল। ফারিস্তে তো দেশের বাইরে ছিল, সে পাকিস্তান কবে এল?
"ওহ্, আমার আল্লাহ্! মেহমিল!" সে অনিচ্ছাসত্ত্বেও নিজের মুখে হাত রাখল। কতক্ষণ সে অবিশ্বাসের সাথে দাঁড়িয়ে রইল। তার চেহারা অনেক রুগ্ণ হয়ে গিয়েছিল।
"মেহমিল! মেহমিল!" হঠাৎ এগিয়ে এসে সে ব্যাকুলভাবে মেহমিলের মুখ স্পর্শ করল।
"তুমি আমাকে দেখতে পাচ্ছ মেহমিল? তুমি আমাকে চিনতে পারছ? তুমি কথা বলতে পারছ?"
"আমি তোমাকে কেন চিনব না ফারিস্তে! তুমি কবে এলে?"
"আমি?" ফারিস্তে বিস্মিত দৃষ্টিতে তাকে দেখছিল। "আমি তো... আমার তো অনেক দিন হলো মেহমিল! আমি তো তোমার সাথে কত কথা বললাম। তুমি... তুমি শোনোনি?"
"কী?" সে বিভ্রান্ত হয়ে গেল। "না... আমি তো কোনো কথা শুনিনি। আমি তো..." সে থেমে থেমে, আটকে আটকে কথা বলছিল। "আমি তো সকালে ওই ঠেলাগাড়িওয়ালার কাছে গিয়েছিলাম। আমাকে গাড়িতে ধাক্কা দিল। আর... আর তুমি জানালে না যে তুমি আসছো?"
ফারিস্তে অবিশ্বাসের সাথে বড় বড় চোখে তাকে অপলক দেখছিল। যেন তার কাছে বলার মতো কিছুই নেই।
"ফারিস্তে, বলো।" ফারিস্তের এই বিস্ময় ও অবিশ্বাস তাকে চিন্তিত করছিল, কোথাও কিছু একটা ভুল হচ্ছে।
"মেহমিল! তুমি—" সে কিছু বলতে গিয়ে আবার থেমে গেল, যেন বুঝতে পারছিল না কী বলবে।
"ইউ এন্ড ইয়োর ওভার অ্যাক্টিং (You and your overacting)! উফ।" ওই ছোট ছেলেটি বিরক্তি নিয়ে উঠে দাঁড়িয়েছিল।
ফারিস্তে চমকে তার দিকে তাকাল। কালো
হিজাবে ঢাকা ফারিস্তের মুখে হালকা বিরক্তি ফুটে উঠল।
"সানি! প্লিজ বেটা। যাও এখান থেকে। আমাকে কথা বলতে দাও।"
"আমি কেন যাব? আমার ইচ্ছা। আপনারা দুজনেই চলে যান।"
"ফারিস্তে! সে কে? কেন জেদ করছে?" সে বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করছিল, কিন্তু ফারিস্তে অন্য দিকে মনোযোগী ছিল।
"আই ডোন্ট ওয়ান্ট টু গো (I don't want to go)।" সে অভদ্রভাবে চিৎকার করে উঠল।
"শাট আপ তৈমুর (Shut up Taimoor)! এন্ড গেট আউট (And get out)। তুমি দেখছ না, আমি মাম্মার (Mama) সাথে কথা বলছি।"
ফারিস্তে কথাটি বলছিল আর মেহমিলের মনে হলো কেউ তার ওপর স্তূপাকার পাথর আছড়ে ফেলেছে।
"তুমি... তুমি তৈমুর বললে ফারিস্তে?" সে স্থির হয়ে গিয়েছিল।
"বাহ্! শি ইজ নট মাই মাম (Bah! She is not my mum)!" সে মাথা ঝাকিয়ে উঠে বাইরে চলে গেল এবং নিজের পেছনে সজোরে দরজা বন্ধ করল।
"তুমি তৈমুর বললে? না, এটি তৈমুর নয়... আমার তৈমুর কোথায়?" তার দম বন্ধ হয়ে আসছিল। কোথাও কিছু একটা ভুল ছিল। কোথাও খুব বড় ভুল ছিল।
ফারিস্তে ধীরে ধীরে ঘাড় তার দিকে ফেরাল। তার সোনালি চোখে গোলাপী আভার জল জমে উঠল।
"মেহমিল! তোমার কিছু মনে নেই?"
"কী... কী মনে নেই? আমার বাচ্চা কোথায়?" সে রুদ্ধশ্বাসে ফুঁপিয়ে উঠল। কিছু একটা ছিল যা তার প্রাণ কেড়ে নিচ্ছিল।
"মেহমিল!" ফারিস্তের চোখ থেকে অশ্রু গড়িয়ে গালে পড়ল। সে মেহমিলের হাত জাপটে ধরল। "তোমার এক্সিডেন্ট হয়েছিল।"
"ফারিস্তে! আমি জিজ্ঞেস করছি আমার ছেলে কোথায়?"
"তোমার মাথায় চোট লেগেছিল। তোমার স্পাইনাল কর্ড ড্যামেজ (Spinal cord damage) হয়েছিল।"
"ফারিস্তে! আমার বাচ্চা—" তার কণ্ঠ ভেঙে গেল। সে ব্যাকুলভাবে ফারিস্তের অশ্রুসজল চোখের দিকে তাকিয়ে রইল।
"মেহমিল! মেহমিল! তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে... তুমি কোমায় (Coma) চলে গিয়েছিলে।"
"আমি জানি, সকালে আমার এক্সিডেন্ট..." এ কথা বলার সময়ও সে জানত যে তা 'সকাল' ছিল না।
"ওটা সকাল ছিল না। ওটা সাত বছর আগে ছিল।"
সে স্তম্ভিত হয়ে তার দিকে তাকিয়ে রইল।
"সময় সাত বছর এগিয়ে গেছে। তোমার কিছু মনে নেই? ওই সব কথা যা আমি এত বছর তোমার সাথে বলেছি? ওই দিনগুলো, ওই রাতগুলো যা আমি এখানে তোমার সাথে কাটিয়েছি, তোমার কিছুই মনে নেই?"
সে পাথরের মূর্তির মতো হয়ে গিয়েছিল। ফারিস্তের মনে হলো মেহমিল তার কথা শুনতে পাচ্ছে না।
"ডাক্তাররা বলতেন, তুমি যেকোনো সময় জ্ঞান ফিরে পেতে পারো। আমরা তোমার জন্য অনেক অপেক্ষা করেছি মেহমিল! অনেক বেশি।" ফারিস্তের উজ্জ্বল চেহারায় অশ্রু অবিরাম ঝরছিল।
সে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। যেন সে সেখানে নেই।
"আমি তোমার জেগে ওঠার জন্য অনেক দোয়া করেছি মেহমিল! আমি আমার পিএইচডি (PhD) ছেড়ে দিয়েছি, তোমার এক্সিডেন্টের দ্বিতীয় মাসেই চলে এসেছিলাম। দুই মাস ছিলাম, তারপর ফিরে গিয়েছিলাম কিন্তু মন টেকেনি। আমি পড়তেই পারিনি।
তারপর আমি সব পড়াশোনা ছেড়ে তোমার কাছে চলে এলাম। এতগুলো বছর মেহমিল! এতগুলো বছর কেটে গেল। তোমার কিছুই মনে নেই, মেহমিল?"
ফারিস্তে আলতো করে সেই পাথরের মূর্তির কাঁধ নাড়াল। সে সামান্য চমকে উঠল, তারপর তার ঠোঁট কাঁপতে লাগল।
"আমার... আমার তৈমুর?"
"ওটাই তৈমুর ছিল। আমরা ওকে সানি ডাকি।"
কিন্তু সে কীভাবে মানবে? যাকে সে কলোনির কোনো বাচ্চা ভেবেছিল, সে তার নিজের সন্তান! এটি কীভাবে সম্ভব? তার তো মনে হয়েছিল সে কেবল এক দিনের জন্য ঘুমিয়েছিল অথবা দিনের কিছু অংশ।
তবে শতাব্দী কীভাবে পার হয়ে গেল? সে কেন জানতে পারল না? আর তৈমুর না...
তার মনে পড়ল খাটে শুয়ে থাকা নিজের নবজাতক সন্তানের কথা।
"ফারিস্তে! ও আমার বাচ্চা! ওহ্ আমার আল্লাহ !" সে অবিশ্বাসের সাথে চোখ বুজে আবার খুলল। "ও এত বদলে গেছে?"
"অনেক কিছু বদলে গেছে মেহমিল! কারণ সময় বদলে গেছে। সময় প্রতিটি জিনিসের ওপর নিজের দাগ রেখে যায়।"
"হুমায়ুন?" তার ঠোঁট নড়ল। "হুমায়ুন কোথায়?"
"নার্স যখন জানাল তখন আমি ওকে কল করেছিলাম কিন্তু—" সে মুহূর্তের জন্য ইতস্তত করল।
"সে মিটিংয়ে (Meeting) ছিল, রাত নাগাদ আসতে পারবে।"
"রাত নাগাদ?" সে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। "সে এখন আসবে না?"
"না মেহমিল! তুমি শান্ত হও। প্লিজ, দেখো—"
"ও তো আমার একটা ফোন পেলেই ছুটে আসত।"
"সেটা সাত বছর আগের কথা ছিল মেহমিল! সময়ের সাথে এখানে অনেক কিছু বদলে যায়। মানুষও বদলে যায়।"
"সে কেন এল না?" সে উদভ্রান্তের মতো বলল। এক বিচিত্র অবিশ্বাস কাজ করছিল তার ভেতর।
"মেহমিল! বিচলিত হয়ো না। প্লিজ, দেখো..."
"সময় হুমায়ুনকে বদলাতে পারে না... আমার হুমায়ুন এমন নয়... আমার তৈমুর এমন নয়—" সে প্রলাপ বকার মতো চিৎকার করে উঠল।
এত বেশি অবিশ্বাস ছিল যে তার কান্নাও আসছিল না।
ফারিস্তে আফসোসের সাথে তাকে দেখতে লাগল।
এখন মেহমিলের নিজেকে সামলাতে সময় লাগবে, তা সে জানত।
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
ফারিস্তে চলে গেল আর সে মুখের ওপর চাদর টেনে চোখ বুজে শুয়ে রইল। ফারিস্তে যা বলেছে, তা যে সত্যি—সেটা সে বিশ্বাসই করতে পারছিল না। তার মনে হচ্ছিল এই সবটাই একটা ভয়াবহ দুঃস্বপ্ন। এখনই সে চোখ মেলবে আর স্বপ্নটা ভেঙে যাবে।
তারপর সে আর চোখই খুলল না। তার ভয় ছিল যে স্বপ্নটা যদি না ভেঙে যায়, তবে সে নিজে ভেঙে চুরচুর হয়ে যাবে।
জানি না কতটা সময় পার হলো, সে সময়ের কোনো হিসাব রাখতে পারল না। আর এখন হিসাব রাখার বাকিই বা কী ছিল?
দরজায় হালকা কড়া নাড়ার শব্দ হলো। সে মুহূর্তের জন্য চোখ খুলল। বাতাসের ঝাপটায় মুখের ওপর থেকে চাদর সরে গিয়েছিল, দৃশ্যটি একদম স্পষ্ট দেখা যাচ্ছিল।
খোলা দরজার মাঝখানে সে দাঁড়িয়ে ছিল।
মেহমিলের দৃষ্টি ওখানেই স্থির হয়ে গেল। সময় থমকে গেল। মুহূর্তগুলো স্থবির হয়ে গেল। তাকে আগের মতোই মনে হচ্ছিল—তেমনই সুশ্রী আর চমৎকার। কিন্তু তার আবেগহীন চেহারা আর তাতে ছেয়ে থাকা গাম্ভীর্য... না, সে বোধহয় আগের মতো ছিল না।
সে ধীর পদক্ষেপে বেডের কাছে এসে পায়ের কাছে গিয়ে থামল।
"হুমায়ুন!" সে যেন আর্তনাদ করে উঠল। চোখের জল অঝোরে ঝরতে লাগল।
"হুম, কেমন আছ?" সে খাটের পায়ার কাছে দাঁড়িয়ে রইল, এক পা-ও সামনে বাড়াল না। কণ্ঠস্বরেও ছিল এক অদ্ভুত শীতলতা।
"হুমায়ুন—" সে কাঁদতে শুরু করেছিল।
"এই সব কী? ওরা বলছে এতগুলো বছর কেটে গেছে। আমার ঘুম এত লম্বা হয়ে গেল কেন?"
"জানি না। ডাক্তাররা কবে তোমাকে ডিসচার্জ (Discharge) করবেন?" সে কবজিতে বাঁধা ঘড়ির দিকে তাকাল, যেন যাওয়ার খুব তাড়া। তার কণ্ঠে কোনো রাগের রেশ ছিল না, বরং খুব মার্জিত স্বর ছিল। কিন্তু সম্ভবত তাদের মাঝে আর কিছুই অবশিষ্ট ছিল না।
"আমি কি ঠিক হয়ে যাব না হুমায়ুন?" সে যেন আশ্বাসের দুটি কথা শোনার জন্য ব্যাকুল হয়ে ছিল।
"হুম।" সে এখন পকেটে হাত দিয়ে চারপাশটা নিবিড়ভাবে পরখ করছিল।
মেহমিলের সাথে এই সব কী হচ্ছিল? হুমায়ুন আর তৈমুর... তারা ওর সাথে এমন কেন করছিল?
"হুমায়ুন! আমার সাথে কথা তো বলুন।"
"হ্যাঁ বলো, আমি শুনছি।" সে মেহমিলের দিকে ফিরল। মুহূর্তের জন্য ওর ওপর নজর দিল।
মেহমিলের কান্না থেমে গেল। সে একদম চুপ হয়ে গেল। এটি তো ভালোবাসার দৃষ্টি ছিল না। এটি ছিল করুণা, স্রেফ ভিক্ষা।
সে কয়েক মুহূর্ত অপেক্ষার ভঙ্গিতে
দাঁড়িয়ে থেকে চলে যাওয়ার জন্য ঘুরল।
ঠিক ওই সময় দরজায় ফারিস্তের অবয়ব দেখা গেল। সে হাতে ফলের ঝুড়ি নিয়ে দ্রুত আসছিল। হুমায়ুন তার পাশ কাটিয়ে বাইরে চলে গেল।
ফারিস্তে ঘুরে তাকে চলে যেতে দেখল।
"হুমায়ুন এই তো এল? আবার চলেও গেল? কী বলছিল?" বিস্মিত হয়ে জিজ্ঞেস করতে করতে সে ঘাড় ফেরাল। মেহমিলের চেহারায় কিছু একটা দেখে সে মুহূর্তের জন্য চুপ হয়ে গেল।
"চিন্তা করো না, সে সবার সাথেই এমন আচরণ (Behave) করে।" পরিবেশ হালকা করার জন্য এ কথা বলতে বলতে সে এগিয়ে এল এবং সাইড টেবিলের ওপর ফলের ঝুড়ি রাখল।
"কিন্তু আমি তো অন্য কেউ ছিলাম না ফারিস্তে।" সে তখনও সজল চোখে খোলা দরজার দিকে তাকিয়ে ছিল।
"সব ঠিক হয়ে যাবে। তুমি কেন দুশ্চিন্তা করছ?"
"কিন্তু সে আমার সাথে কথা বলছিল না কেন?" মেহমিলের চোখ আবারও ভিজে উঠল।
"মেহমিল! দেখো, এই পরিবর্তনটি আসতে সময় লেগেছে, তাই এটি ঠিক হতেও সময় লাগবে। তুমি ওকে কিছুটা সময় দাও।" ফারিস্তে মেহমিলের রেশমি বাদামি চুলগুলো নরম হাতে ধরে ব্রাশ করছিল।
সময়, সময়, সময়... সব জায়গায় একই শব্দের পুনরাবৃত্তি। এই সময় কী কী বদলে দিয়েছিল, তা সে ধীরে ধীরে বুঝতে পারছিল।
সে তার শরীরের নিচের অংশ নাড়াতে পারছিল না, পায়ের পাতা নাড়াতে পারছিল না। সে উঠে বসতে পারছিল না, নিজে খেতে পারছিল না। নিজের পায়ে দাঁড়ানোর যোগ্য সে ছিল না। এই সব কী হয়ে গেল?
"সেদিন... যেদিন আমি বাড়ি থেকে বের হয়েছিলাম, আমি সকালের দোয়াগুলো পড়িনি। এই সব সেজন্যই হয়েছে ফারিস্তে! যে আমি দোয়া না পড়ে বাড়ি থেকে বের হয়েছিলাম। তাই না?" সে যখন ভেজা চোখে আর ধরা গলায় এ কথা বলছিল, ফারিস্তে কেবল গভীর দীর্ঘশ্বাস ফেলল, কিছুই বলল না।
সূরা ইউসুফ, আয়াত: ৬৮ (অংশবিশেষ)
مَا كَانَ يُغْنِي عَنْهُم مِّنَ اللَّهِ مِن شَيْءٍ إِلَّا حَاجَةً فِي نَفْسِ يَعْقُوبَ قَضَاهَا
মা কা-না ইউগনী আনহুম মিনাল্লা-হি মিন শাইয়িন ইল্লা হা-জাতান ফী নাফসি ইয়া’কূবা ক্বদ-হা-।
"সেটি এমন কিছু ছিল না যে আল্লাহর কাছে তার কোনো দরকার ছিল, বরং এটি ইয়াকুবের মনের একটি বাসনা ছিল, যা তিনি পূর্ণ করেছিলেন।"
খুব নিচু স্বরে তার মনের ভেতর কেউ ফিসফিস করে উঠল। সে হঠাৎ চমকে উঠল।
"সেটি এমন কিছু ছিল না যে আল্লাহর কাছে তার কোনো দরকার ছিল, বরং এটি ইয়াকুবের মনের একটি বাসনা ছিল, যা তিনি পূর্ণ করেছিলেন।"
সে শোনার চেষ্টা করল। কেউ তার ভেতরে অনবরত এই কথাগুলো আওড়াচ্ছিল। ধীর, মধুর কণ্ঠ, ছন্দ আর মায়ায় ঘেরা। তার হৃদস্পন্দন থেমে যাওয়ার উপক্রম হলো। সে স্তব্ধ হয়ে গেল।
এই কথাগুলো, এই বাক্য—সবই খুব চেনা। সম্ভবত এটি একটি আয়াত ছিল।
হ্যাঁ, এটি আয়াত ছিল।
সূরা ইউসুফ, তেরো নম্বর পারা। যখন ইয়াকুব (আ.) তাঁর পুত্রদের কুদৃষ্টি থেকে বাঁচানোর জন্য সম্ভবত সতর্কতাস্বরূপ শহরের বিভিন্ন প্রবেশপথ দিয়ে ঢোকার নির্দেশ দিয়েছিলেন, তখন আল্লাহ তায়ালা মন্তব্য করেছিলেন যে—আল্লাহর ইচ্ছা থাকলে তাঁর ফয়সালা থেকে কাউকেই কেউ বাঁচাতে পারত না, তবে ওই সতর্কতা তো ছিল ইয়াকুব (আ.)-এর মনের একটি বাসনা, যা তিনি পূর্ণ করেছিলেন।
এক শান্ত মুহূর্তে তার কাছে এক সত্য উদঘাটিত হলো।
যা হওয়ার ছিল, তা এভাবেই হওয়ার ছিল। সে যাই করত না কেন, এটি আল্লাহর ইচ্ছা ছিল, তাই হয়েছে। এটিই তার তকদির। হয়তো তার দোয়াগুলো তাকে বড় কোনো ক্ষতি থেকে বাঁচিয়ে নিয়েছিল। কিন্তু এর চেয়েও বড় ক্ষতি কি হতে পারত?
কোমা, পঙ্গুত্ব, বিরক্ত স্বামী আর বিমুখ হয়ে থাকা সন্তান। জীবনে আর কী-ই বা বাকি ছিল?
অনেক সূরার অংশবিশেষ
قَلِيلًا مَّا تَشْكُرُونَ
ক্বালীলাম মা- তাশকুরূন।
"তোমরা কতই না কম কৃতজ্ঞতা আদায় করো!"
কেউ আবার যেন কিছুটা ক্ষুব্ধ স্বরে তাকে সম্বোধন করল। সে আবারও চমকে উঠল এবং অস্থির হয়ে পড়ল। কে তাকে বারবার মনের ভেতরে সম্বোধন করছিল? কে এটি?
"ফারিস্তে! প্লিজ আমাকে কিছুক্ষণের জন্য একটু একা থাকতে দাও।" সে খুব অসহায়ভাবে বললে ফারিস্তের চুলে ব্রাশ করা হাতটি থেমে গেল। তারপর সে বুঝে নিয়ে মাথা নাড়াল।
"ওকে (Okay)।" সে ব্রাশটি পাশে রেখে উঠে বাইরে চলে গেল।
সূরা আল-আরাফ, আয়াত: ১০
وَلَقَدْ مَكَّنَّاكُمْ فِي الْأَرْضِ وَجَعَلْنَا لَكُمْ فِيهَا مَعَايِشَ ۗ قَلِيلًا مَّا تَشْكُرُونَ
ওয়া লাক্বদ মাক্কান্না-কুম ফিল আরদ্বি ওয়া জা‘আলনা- লাকুম ফীহা- মা‘আ-য়িশ; ক্বালীলাম মা- তাশকুরূন।
"আমি তোমাদের পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছি এবং তোমাদের জন্য এতে জীবিকার উপকরণ তৈরি করেছি; তোমরা কতই না কম কৃতজ্ঞতা প্রকাশ করো।" (সূরা আরাফ)
কেউ তার ভেতরে যেন তাকে নাড়িয়ে দিচ্ছিল, ডাক দিচ্ছিল। তার ভেতরের আর বাইরের শোরগোল এত বেশি ছিল যে সে শুনতে পাচ্ছিল না, বুঝতে পারছিল না। ফারিস্তে চলে গেলে সে চোখ বুজল।
এখন তার চারদিকে অন্ধকার নেমে এল। নীরবতা আর একাকীত্ব।
সে মনোযোগ দিয়ে শুনতে চাইল, কয়েকটি মিশ্রিত আওয়াজ বারবার প্রতিধ্বনিত হচ্ছিল।
সূরা আল-আম্বিয়া, আয়াত: ৩৫ (অংশবিশেষ)
وَنَبْلُوكُم بِالشَّرِّ وَالْخَيْرِ فِتْنَةً ۖ وَإِلَيْنَا تُرْجَعُونَ
(ওয়া নাবলূকুম বিশ-শাররি ওয়াল-খাইরি ফিতনাতান, ওয়া ইলাইনা তুরজা'ঊন।)
"আমি তোমাদের প্রত্যেকের পরীক্ষা নেব, মন্দ দিয়ে এবং ভালো দিয়ে।"
সূরা আল-আন'আম, আয়াত: ১৬২
قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
ক্বুল ইন্না সলা-তী ওয়া নুকুসী ওয়া মাহ্ইয়া-ইয়া ওয়া মামা-তী লিল্লা-হি রব্বিল ‘আ-লামীন।
"বলো, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন ও আমার মরণ—সবই আল্লাহর জন্য, যিনি সকল জগতের পালনকর্তা।"
তার মাথায় যেন এক ঝলক বিদ্যুৎ খেলে গেল। হঠাৎ ভেতর-বাইরে আলো ছড়িয়ে পড়ল। সে এক ঝটকায় চোখ খুলল।
"আমার কুরআন... আমার কালামে পাক... আমার (মুসহাফ)!"
সে কখনো কুরআন ছাড়া বাড়ি থেকে বের হতো না। সেদিনও ওটা তার হাতে ছিল, বরং ব্যাগে রাখা ছিল। যখন তাকে দুর্ঘটনার পর এখানে আনা হয়েছিল, তখন নিশ্চয়ই ওটাও সাথে এসেছিল, তাই ওটা এখানেই থাকার কথা।
কিন্তু সাত বছর... তার মনে পড়ল। এই সাতটি বছর মাঝখানে এসে দাঁড়িয়েছিল। এর আড়ালে সবকিছু যেন ধুলোয় হারিয়ে গিয়েছিল।
ওহ্ খোদা...! সে কী করবে?
সে চোখ বুজে স্থির হয়ে রইল। এটি এমন এক বাস্তবতা ছিল যার ওপর বিশ্বাসই আসছিল না। সে যতই ভাবছিল, ততই গুলিয়ে ফেলছিল।
ঠিক তখনই দরজায় হালকা শব্দ হলো, সে চমকে চোখ খুলল।
তৈমুর দরজায় দাঁড়িয়ে ছিল। জিন্স আর শার্ট পরা, তার বাদামি চুল কপালে এসে পড়ছিল। তার নাকটি একদম হুমায়ুনের মতো—উঁচু আর অহংকারী। আর চোখগুলো মেহমিলের মতো—সোনালি উজ্জ্বল কাঁচের মতো। আর কপালের ওই ভাঁজ... ওগুলো জানি না কার মতো ছিল!
"তৈমুর!" তাকে দেখে মেহমিলের চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে ওর সন্তান। ওর তৈমুর। "এদিকে এসো বেটা!"
"হোয়্যার ইজ মাই ড্যাড (Where is my dad)? (আমার ড্যাড কোথায়?)" সে এক চরম ঘৃণাভরা স্বরে জিজ্ঞেস করল। ঠোঁটকাটা, উদ্ধত আর অভদ্র—সে যদি ওর মা না হতো, তবে এই তিনটি শব্দই মেহমিলের মনে ওর সম্পর্কে প্রথম উদিত হতো।
"সে এইমাত্র এসেছিল, তারপর চলে গেল। তুমি মাম্মার (Mama) সাথে দেখা করবে না?" সে মাতৃত্বের টানে নিজের বাহু প্রসারিত করল।
"না।" সে বাইরে বেরিয়ে গিয়ে সজোরে দরজা বন্ধ করে দিল।
সে নিথর হয়ে রইল। তার হাত দুটি ধীরে ধীরে পাশে ঝুলে পড়ল।
এই সাত বছরের একটি বাচ্চার মনে এত ঘৃণা, এত তিক্ততা কীভাবে এল? মেহমিলের কী অপরাধ ছিল যে সে ওর ওপর এত বিরক্ত? আর শুধু ওর ওপর নয়, বরং ফারিস্তের ওপরও।
অনিচ্ছাসত্ত্বেও তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল।
আর তারপর সে কখন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল, সে টেরই পেল না।
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
ফিজিওথেরাপিস্ট (Physiotherapist) তাকে ব্যায়াম করানোর ব্যর্থ চেষ্টা করে চলে গিয়েছেন। সে একইভাবে পৃথিবীর ওপর বিরক্ত হয়ে চোখের ওপর হাত রেখে শুয়ে ছিল। এই ডান হাতটি একদম ঠিক কাজ করছিল, বাম হাতটি অবশ্য একটু দুর্বল ছিল। তবে আশা ছিল যে সেটিও দ্রুত ঠিক হয়ে যাবে।
পায়ের ব্যাপারে ডাক্তাররা এখনও কিছু বলতে পারছিলেন না। কখনো তারা বলতেন যে ফিজিওথেরাপির মাধ্যমে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, আবার কখনো বলতেন যে সবটাই নির্ভর করছে মেহমিলের নিজস্ব 'ইচ্ছাশক্তির' ওপর। সেই ইচ্ছাশক্তি, যা ব্যবহারের চেষ্টা সে এখনো করছিল না।
হঠাৎ ফুলের সুবাস নাকে ধাক্কা দিলে সে ধীরে ধীরে হাত সরাল এবং চোখ খুলল।
ফারিস্তে এক বিশাল লাল গোলাপের তোড়া (Bouquet) নিয়ে ভেতরে প্রবেশ করল। তার কালো স্কার্ফে ঢাকা মুখে সেই চিরচেনা শীতল হাসি ছিল।
"আসসালামু আলাইকুম মাই সিস্টার (My sister)! কেমন আছো? আর এই ফিজিওথেরাপিস্টকে কেন তুমি তাড়িয়ে দিলে?" সে কাঁচের ফুলদানিতে তোড়াটি সাজাতে সাজাতে বলল।
"আমার কোনো ফিজিওথেরাপির দরকার নেই, আমি ঠিক আছি। এরা আমাকে বাড়ি যেতে দিচ্ছে না কেন?"
"আমি ডাক্তারের সাথে কথা বলেছি, তারা বলছে তোমাকে খুব শীঘ্রই বাড়িতে শিফট (Shift) করে দেবে। হয়তো এক সপ্তাহের মধ্যেই। তুমি মানসিকভাবে একদম ঠিক আছো এবং তোমাকে আর হাসপাতালে রাখার প্রয়োজন নেই।"
সে ফুলগুলো গুছিয়ে শপিং ব্যাগ থেকে অন্য কিছু বের করতে লাগল। "আর তৈমুর আসেনি?"
তৈমুরের কি আসার কথা ছিল? মেহমিলের বুকটা একবার ধক করে উঠল।
"হ্যাঁ, আমি ওকে রোজ সাথেই আনি। জানি না, হয়তো লনে বসে আছে, এখনই চলে আসবে।" এ কথা বলে সে নিজেই লজ্জিত হলো।
মেহমিল আবার মুখের ওপর হাত রাখল। সে এখন এভাবেই পুরো পৃথিবী থেকে নিজেকে লুকিয়ে ফেলতে চায়।
ফারিস্তে প্রতিদিন সকালে আসত, তারপর দুপুরে চলে যেত এবং ঘণ্টাখানেক পর তৈমুরকে সাথে নিয়ে আসত। সে বাইরেই ঘুরঘুর করত, ভেতরে আসত না। এরপর আসর নামাজের সময় ফারিস্তে চলে যেত, সম্ভবত তাকে মসজিদে যেতে হতো। রাতে সে আবার একবার চক্কর দিত। ছুটির দিনে সে তৈমুরকে সকাল থেকেই সাথে নিয়ে আসত আর বাকি দিনগুলোতে তৈমুরের স্কুলের কারণে দুপুরে আনত। হ্যাঁ, রাতে তৈমুর তার সাথে আসত না।
আর হুমায়ুন... সে তো কেবল একবারই এসেছিল। তারপর সবসময় 'সে বোধহয় ব্যস্ত আছে' টাইপের উত্তর ফারিস্তে খুব লজ্জা পেয়ে দিত।
ফারিস্তে দিনে তিন-তিনবার যাতায়াত করত। যেন সে এক ঘূর্ণিপাকে পড়ে আছে। মেহমিলের প্রতিটি ছোট-বড় কাজ সে করত। অন্য কিছু না করলে তার পাশে বসে শান্ত্বনা আর আদরের কথা বলত। এখনও সে জানি না কী নিয়ে নাড়াচাড়া করছিল। মেহমিল খটখট শব্দ শুনতে পাচ্ছিল।
কিন্তু সে একইভাবে বিরক্ত হয়ে মুখে হাত দিয়ে শুয়ে ছিল। আর তারপর ধীরে ধীরে সেই ছন্দময় কণ্ঠ পুরো ঘরে প্রতিধ্বনিত হতে লাগল—
সূরা আল-কাহফ, আয়াত: ১
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَنزَلَ عَلَىٰ عَبْدِهِ الْكِتَابَ وَلَمْ يَجْعَل لَّهُ عِوَجًا ۜ
(আলহামদু লিল্লা হিল্লাযী আনযালা 'আলা 'আবদিহিল কিতা-বা ওয়ালাম ইয়াজ'আল লাহূ 'ইওয়াজা।)
"সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি তাঁর বান্দার ওপর কিতাব নাজিল করেছেন এবং তাতে কোনো বক্রতা রাখেননি।"
সে এক ঝটকায় হাত সরাল।
ফারিস্তে টেপ রেকর্ডার (Tape recorder) সেট করে হাতে থাকা ক্যাসেটটি বন্ধ করছিল। মেহমিলের দিকে তার পিঠ ফিরানো ছিল।
সূরা আল-কাহফ, আয়াত: ২
قَيِّمًا لِّيُنذِرَ بَأْسًا شَدِيدًا مِّن لَّدُنْهُ وَيُبَشِّرَ الْمُؤْمِنِينَ الَّذِينَ يَعْمَلُونَ الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ أَجْرًا حَسَنًا
(ক্বাইয়্যিমাল লি ইয়ুনযিরা বা’-সান শাদীদাম মিল্লাদুনহু ওয়া ইয়ুবাইশশিরাল মু’মিনীলাল্লাযীনা ইয়া’মালূনাস স-লিহা-তি আন্না লাহুম আজরান হাসানা।)
"সঠিক পথনির্দেশকারী (কিতাব), যাতে সে তাঁর পক্ষ থেকে আসা কঠিন আজাব সম্পর্কে সতর্ক করে এবং সুসংবাদ দেয় সেই মুমিনদের, যারা সৎকাজ করে যে, নিশ্চয়ই তাদের জন্য উত্তম প্রতিদান রয়েছে।"
সে এই কণ্ঠস্বর লক্ষ মানুষের ভিড়েও
চিনতে পারত। ক্বারী মিশারীর সূরা কাহফ।
সূরা আল-কাহফ, আয়াত: ৩-৪
مَّاكِثِينَ فِيهِ أَبَدًا (৩) وَيُنذِرَ الَّذِينَ قَالُوا اتَّخَذَ اللَّهُ وَلَدًا (৪)
(মা-কিছীনা ফীহি আবাদা।)
(ওয়া ইয়ুনযিরাল্লাযীনা ক্বা-লুত্তাখাযাল্লা-হু ওয়ালাদা।)
"তারা সেখানে চিরকাল অবস্থান করবে। আর তাদের সতর্ক করে যারা বলে যে, আল্লাহ সন্তান গ্রহণ করেছেন।"
প্রতিটি শব্দ বিন্দুর মতো তার শ্রবণেন্দ্রিয় দিয়ে ভেতরে প্রবেশ করছিল। আজ শুক্রবার ছিল আর সে সবসময় শুক্রবারে সূরা কাহফ তিলাওয়াত করত।
সূরা আল-কাহফ, আয়াত: ৫
مَّا لَهُم بِهِ مِنْ عِلْمٍ وَلَا لِآبَائِهِمْ ۚ كَبُرَتْ كَلِمَةً تَخْرُجُ مِنْ أَفْوَاهِهِمْ ۚ إِن يَقُولُونَ إِلَّا كَذِبًا
মা-লাহুম বিহী মিন ‘ইলমিঁও ওয়ালা লিআ-বা-ইহিম; কুবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়া-হিহিম; ইঁই ইয়াক্বুলূনা ইল্লা কাযিবা।
"না তাদের কাছে এ বিষয়ে কোনো জ্ঞান আছে, না তাদের পূর্বপুরুষদের কাছে। তাদের মুখ থেকে কত বড় কথা বের হয়! তারা মিথ্যা ছাড়া আর কিছুই বলে না।"
খট করে ফারিস্তে স্টপ (Stop) বাটন টিপলে আওয়াজ বন্ধ হয়ে গেল।
সে ব্যাকুল হয়ে ফারিস্তেকে দেখল।
"চালান না! বন্ধ করলেন কেন?"
"ওহ্, তুমি জেগে ছিলে?" সে চমকে ফিরল। "আমি ভেবেছিলাম তুমি ঘুমিয়ে গেছ। তাই ভাবলাম তোমাকে বিরক্ত না করি।"
"ক্বারী মিশারীর সূরা কাহফ শুনে কেউ কি কখনো বিরক্ত হতে পারে ফারিস্তে? এতেই তো আমার প্রাণ নিহিত! আপনার মনে আছে, যখন শুক্রবার ক্লাসে সূরা কাহফ শুরু হতো, তখন 'আলহামদুলিল্লাহিল্লাযি' বলতেই আমার চোখ দিয়ে জল পড়তে লাগত।"
"তোমার চোখ দিয়ে এখনও জল পড়ছে মেহমিল!" সে ধীরে ধীরে মেহমিলের পাশে এসে বসল এবং ওর দুই হাত আঁকড়ে ধরল।
মেহমিলের মুখ অশ্রুতে ভিজে ছিল।
"আমি জানি, তুমি তৈমুর আর হুমায়ুনের কারণে আপসেট (Up-set) হয়ে আছো। ওদের এই অবহেলা ভুলে যাও মেহমিল! ওরা অবুঝ। ওদের কারণে নিজের শান্তি নষ্ট করো না। সময়ের সাথে ওরা ঠিকই বুঝে যাবে। তবে একটি কথা তোমাকে মাথায় ঢুকিয়ে নিতে হবে যে—তোমার জীবন ওদের ওপর নির্ভর করে না। তুমি ওদের ছাড়া মরে যাবে না। ওদের ছাড়াই বাঁচতে শেখো মেহমিল! নিজেকে শক্তিশালী করো আর—"
"ঠিক আছে।" সে দ্রুত কথাটি কেটে দিল।
"কিন্তু এখন আপনি সূরা কাহফটা চালান না প্লিজ! আমাকে শুনতে হবে।"
ফারিস্তে কিছুটা অবাক হলো, তারপর গভীর দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়াল।
"আচ্ছা ঠিক আছে। আমি চালাচ্ছি।"
"আর আমার কুরআন?"
"হ্যাঁ... ওটা আমি কাল খুঁজে নিয়ে আসব। এখন তুমি এটা শোনো। আমি তৈমুরকে খুঁজছি।" সে প্লে (Play) বাটন টিপল এবং নিজে বাইরে চলে গেল।
সূরা আল-কাহফ, আয়াত: ৬-৮
فَلَعَلَّكَ بَاخِعٌ نَّفْسَكَ عَلَىٰ آثَارِهِمْ إِن لَّمْ يُؤْمِنُوا بِهَٰذَا الْحَدِيثِ أَسَفًا (৬) إِنَّا جَعَلْنَا مَا عَلَى الْأَرْضِ زِينَةً لَّهَا لِنَبْلُوَهُمْ أَيُّهُمْ أَحْسَنُ عَمَلًا (৭) وَإِنَّا لَجَاعِلُونَ مَا عَلَيْهَا صَعِيدًا جُرُزًا (৮)
৬. ফালা‘আল্লাকা বা-খি‘উন নাফ্সাকা ‘আলা- আ-ছা-রিহিম ইল্লাম ইয়ুমিনূ বিহা-যাল হাদীছি আসাফা।
৭. ইন্না- জা‘আলনা- মা- ‘আলাল আরদ্বি যীনাতাল লাহা- লিনাব্লুওয়াহুম আইয়্যুহুম আহসানু ‘আমালা-।
৮. ওয়া ইন্না- লাজা-‘ইলূনা মা- ‘আলাইহা- স’য়ীদান জুরুযা-।
"হয়তো তুমি ওদের পেছনে নিজেকে ধ্বংস করে ফেলবে যদি ওরা এই বাণীর ওপর ঈমান না আনে।
গভীর আফসোসের সাথে বলছি—নিশ্চয়ই পৃথিবীতে যা কিছু আছে, আমরা তা তার সৌন্দর্যের জন্য সৃষ্টি করেছি, যাতে আমরা পরীক্ষা করতে পারি যে তাদের মধ্যে কে সবচেয়ে উত্তম কাজ করে।
আর নিশ্চয়ই আমরা একে একটি উদ্ভিদহীন ঊষর প্রান্তরে পরিণত করব।"
সে চোখ বুজল। অশ্রু ফোঁটায় ফোঁটায় তার বালিশ ভেজাতে শুরু করল।
সূরা কাহফের সাথে সাথে তার মনে পড়তে লাগল সেই সব দৃশ্য যা একসময় তার জীবনের অংশ ছিল।
মার্বেল পাথরের চকচকে করিডোর, আলোয় ঘেরা হল রুম যা সাদা উঁচু স্তম্ভের ওপর দাঁড়িয়ে ছিল। মসজিদের বারান্দার সামনের ঘাসে ভরা লন, যেখানে গোলাপী স্কার্ফে ঢাকা অনেকগুলো নত মস্তক যারা দ্রুত নোট নিতে ব্যস্ত থাকত। লাইব্রেরির উঁচু কাঁচের জানালা যেখান দিয়ে ফয়সাল মসজিদ দেখা যেত।
কলোনির রাস্তার ধারে গাছের ঘন বেড়া... স্মৃতির এক দীর্ঘ মিছিল ছিল যা হঠাৎ তার মনে ভিড় করে এল। ডাক্তাররা ঠিকই বলতেন যে সে মানসিকভাবে একদম ঠিক আছে।
সূরা কাহফ শেষ হলে ক্যাসেট থেমে গেল। সে অসহায়ভাবে টেপটির দিকে তাকাল। সেটি তার থেকে অনেকটা দূরে ছিল। সে উঠে ওটাকে পুনরায় চালাতেও (Replay) পারছিল না। কী নিদারুণ অসহায়ত্ব, কী চরম পরাধীনতা।
তার চোখ দিয়ে জল ঝরতে লাগল। প্রতিটি পথ যেন বন্ধ হয়ে আসছিল, প্রতিটি দরজার সামনে অন্ধকার ছেয়ে যাচ্ছিল। তার মনে হলো—সে এখন সবসময় কোনো এক অন্ধকার বন্ধ গুহায় (কাহফ) বন্দি থাকবে।
তৈমুর আর হুমায়ুন থেকে দূরে... অনেক দূরে।
চলবে,,,,

Comments
Post a Comment