নামাল-(Namal) অধ্যায়:০৩ পর্ব ১০, #ফারিস_গাজী (Faris Ghazi) #জুমার_ইউসুফ (Zumar Yousuf)
#নামাল-(Namal)
#ফারিস_গাজী (Faris Ghazi)
#জুমার_ইউসুফ (Zumar Yousuf)
অধ্যায়:০৩
পর্ব ১০:-
"Muhabbat sabir hoti hai.
Muhabbat meharban hoti hai.
Yeh hasad nahi karti, shekপhi nahi bigharti.
Maghroor nahi hoti.
Yeh tursh nahi hoti, khud shanas hoti hai.
Jald ghussa nahi karti, ghaltiyon ka hisab nahi rakhti.
Badi mein khush nahi hoti, sirf sach mein taskeen pati hai.
Hamesha hifazat karti hai, hamesha bharosa karti hai.
Hamesha umeed rakhti hai, hamesha sabit qadam rehti hai.
Muhabbat kabhi nakaam nahi hoti.
Magar jo pesh goiyan hain,
Woh khatam ho jayengi.
Jo zubanein hain,
Woh khamosh karadi jayengi.
Aur jo ilm hai......
Woh dam tor jayega...
(Ahad Nama Jadeed Injeel Muqaddas)"
বিষয়:-প্রথম প্রভাব, প্রথম পরিচয়
Pehla Tasur - Pehla Ta'aruf
"ভালোবাসা ধৈর্যশীল।"
"ভালোবাসা দয়াময়।"
এ ঈর্ষা করে না, অহংকার করে না।
গর্বিত হয় না।
এ কটু হয় না, আত্মকেন্দ্রিক হয় না।
সহজে রেগে যায় না, ভুলের হিসাব রাখে না।
মন্দ কাজে আনন্দ পায় না, কেবল সত্যের মাঝেই শান্তি খোঁজে।
সবসময় রক্ষা করে, সবসময় ভরসা করে।
সবসময় আশা রাখে, সবসময় অবিচল থাকে।
ভালোবাসা কখনো ব্যর্থ হয় না।
কিন্তু যেসব ভবিষ্যদ্বাণী রয়েছে...
তা শেষ হয়ে যাবে।
যেসব ভাষা রয়েছে...
তা স্তব্ধ হয়ে যাবে।
আর যে জ্ঞান রয়েছে...
তা বিলীন হয়ে যাবে...
(নিউ টেস্টামেন্ট, পবিত্র বাইবেল)
-----------------------,,
প্রয়াত জুলফিকার ইউসুফের ছোট বারান্দাওয়ালা বাড়িটাতে সেই রাতে যেন উৎসবের আমেজ ছড়িয়ে ছিল। গোল টেবিলটার চারপাশে সাদির মা আর ভাইবোন ছাড়াও কথা অনুযায়ী ফুপ্পু এবং দাদাও ছিলেন, আর তাঁদের বেশ আনন্দিত দেখাচ্ছিল। বড় আব্বা নুদরাতকে পরিবারের কোনো গল্প শোনানোর সময় নিজের অতীতের কোনো স্মৃতির সঙ্গে তা মিলিয়ে পেছনে ফিরে গিয়েছিলেন এবং এখন একটা লম্বা উদাহরণ দিচ্ছিলেন।
“বড় আব্বা আসলে পরীক্ষার প্রশ্নপত্রে দেওয়া সেই নির্দেশটা মেনে চলেন, যেখানে বলা থাকে— ‘উপরের ছবিটিকে উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো।’”
সে সঙ্গে সঙ্গে তাঁর প্রতিটি কথার ওপর মন্তব্যও করে যাচ্ছিল। বড় আব্বা অবশ্য সেদিকে কোনো মনোযোগ দিলেন না। জুমার মৃদু হাসি চেপে খাবার খেতে লাগল। হানিন কিছুটা উদাসীনভাবে বসে (কেবল জুমারের থেকে দূরত্ব বজায় রেখে) খাচ্ছিল।
(হুহ, যখন জানতে পারল যে ভাই কিডনি দিয়েছে, তখন চলে এলেন। এখন ভাই সুস্থ হয়ে গেছে!)
আর সায়াম তার ভাইয়ের খাওয়া আর কথা বলার ধরন পুরোপুরি নকল করার চেষ্টায় বেশ উত্তেজিত দেখাচ্ছিল।
“ফুপ্পু! আমি এবার এক্সামে সেকেন্ড হয়েছিলাম।” মেহমানদের সামনে সে নিজের কণ্ঠস্বর এতটাই নিষ্পাপ আর লাজুক বানিয়ে নিয়েছিল যে হানিন বিস্ময় নিয়ে তার দিকে তাকাল। কিন্তু সে বলেই যাচ্ছিল, “আর যে ছেলেটা থার্ড হয়েছিল, সে আমার সামনে বসেছিল আর চিরকুট বানিয়ে আমার পেছনের ছেলেটাকে নকল করাচ্ছিল। আর আমি তাকে...”
“সায়াম ইউসুফ!” হানিন অস্বস্তি নিয়ে পাশ ফিরে তাকে থামাল। “তুমি যদি আমাদের নিজেদের কথা দিয়ে কিছুক্ষণের জন্য ধন্য না করো, তবে কতই না ভালো হয়।”
রহস্য পুরোনো হওয়ার সঙ্গে সঙ্গে ভারী হতে থাকে। তার কাঁধের ওপর চেপে থাকা বোঝাটা আরও বেড়ে গেল।
সায়াম মন খারাপ করে মুখ কালো করল। তারপর জুমারের দিকে তাকাল। তিনি খাবার শেষ করে ফেলেছিলেন এবং মার্জিত ভঙ্গিতে পেছনে হেলান দিয়ে বসে হাসিমুখে তার দিকে তাকিয়ে ছিলেন। সায়ামের চোখে আশার আলো ঝলকে উঠল।
“ফুপ্পু, আমি কথা বলতে থাকি?”
“হ্যাঁ, তুমি বলতে থাকো।” জুমার হেসে মাথা নাড়লেন। সে আরও উৎসাহিত হয়ে সেই একই গল্প আবার আওড়াতে লাগল।
হানিন মাথা ঝাঁকিয়ে জল খেতে লাগল। তার আচরণে একটা দূরত্ব ছিল। এটা জুমার আগেও টের পেয়েছিলেন আর এখন তো সবাই করল, কিন্তু সাদি সেটাকে পাত্তা দিল না। আর জুমার তো এমনিতেই ধৈর্যশীল এবং ম্যাচিউর ছিলেন। তিনি এমন ভাব করলেন যেন কিছুই বুঝতে পারেননি। আর সায়ামের কপালের চুল আলতো করে গুছিয়ে দিতে দিতে হাসিমুখে তার কথা শুনতে লাগলেন।
সায়াম এখন আগের কথা ভুলে গিয়েছিল। তাকে নতুন এক চিন্তা এসে ঘিরে ধরেছিল।
“ফুপ্পু! ভাই যখন ছোট ছিল, তখন কেমন ছিল?”
সাদি ফ্রিজের দরজা খুলে জলের বোতল বের করছিল। এই প্রশ্নে সে তখনই ঘুরে তাকাল।
“সাদির মতো কেউ নেই ফুপ্পুর কাছে।” সে স্পষ্ট সায়ামকে ক্ষ্যাপাল।
“হ্যাঁ, তবে সায়ামের নিজের একটা আলাদা জায়গা আছে।” জুমার সায়ামের হাত ধরে বললেন।
“ভাইয়ের মতো কেউ কেন নেই?”
“এই জন্য, সায়াম। কারণ সাদি যখন তোমার বয়সী ছিল, তখন আমি হানিনের বয়সী ছিলাম। আর আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম। আমাদের স্কুলও এক ছিল। আর স্কুলে যাওয়ার আগে আমরা যার যার বাড়ি থেকে একই কার্টুন দেখে বের হতাম। আমাদের সময়ে সকাল সাতটায় পিটিভিতে কার্টুন চলত।”
সাদি বোতল হাতে নিয়ে আবার চেয়ারে এসে বসল। হানিন চুপচাপ নুদরাতের সঙ্গে বাসনকোসন তুলতে লাগল। খাওয়া শেষ হয়ে গিয়েছিল এবং সে আর জুমারের কাছে বসতে চাচ্ছিল না।
“আর আমাদের গেমসও একই রকম পছন্দ ছিল, জুমার!” সাদি পুরোনো কথা মনে করে হাসতে হাসতে বলতে লাগল। “আমরা বরফ-পানি, উঁচ-নিচ, কানামাছি, কারাতে, টিলু এক্সপ্রেস খেলতাম। আর হ্যাঁ, কিং আর ডার্ক রুম এবং কোনা-কোনোও।”
“আর সেই ভিডিও গেমটার কথা মনে আছে, হাঁসের সাদি? Duck Hunt? আমরা পিস্তল দিয়ে টিভি স্ক্রিনে ফায়ার করতাম আর উড়ন্ত হাঁসগুলো নিচে পড়ে যেত।”
হানিন হঠাৎ মাথা তুলল। টেবিল পরিষ্কার করতে থাকা হাত দুটো থমকে গেল।
“সেই পিস্তলটা এখনো আমাদের কাছে আছে।” মনের অজান্তেই সে বলে উঠল। এর ওপর জুমার হাসিমুখে তার দিকে তাকালে সে এক ঝটকায় দ্রুত নিজের কাজ শেষ করতে লাগল।
“আর ওটাতে Super Mario-ও ছিল এবং ট্যাঙ্কওয়ালা একটা গেমও। আর ফুপ্পু, মনে আছে আমরা ঘণ্টার পর ঘণ্টা বসে Monopoly খেলতাম? কিন্তু আমি মনোপলিতে সবসময় দেউলিয়া হয়ে যেতাম। কারণ ফুপ্পু এত ভালো প্ল্যানার ছিলেন যে সব সেরা জমিগুলো কিনে নিতেন, আর আমি তো ছিলাম ইমোশনাল আর ব্যর্থ প্ল্যানার। আমার ঘুঁটি জেলেই আটকে থাকত।”
“আর সাদি! একটা কার্ড গেমও তো আমরা খেলতাম। রঙ-বেরঙের কার্ডস, যেগুলোর ওপর নম্বর লেখা থাকত।” জুমার মনে করার চেষ্টা করলেন।
হানিন, যে আবার এসে বসেছিল, নিজেকে আর সামলাতে পারল না। কিছু না ভেবেই বলে উঠল,
“ওটা UNO ছিল। আমাদের কাছে এখনো পড়ে আছে।”
“আচ্ছা তাই? ওটা তোমার খুব পছন্দ ছিল, হানিন। আমার মনে আছে। আর তোমার উনো-পাঞ্জো, আক্কড়-বক্কড় টাইপের গেমসও খুব পছন্দ ছিল।” জুমার এবার মুখটা পুরোপুরি হানিনের দিকে ঘুরিয়ে বললেন। তখন হানিনের ঠোঁটে একটা হারিয়ে যাওয়া পুরোনো হাসি ফুটে উঠল।
“আর আপনার ‘আইনক ওয়ালা জিন’ খুব পছন্দ ছিল।”
“যাই হোক, আমার তো নাসতুর পছন্দ ছিল। আর নাসতুরের ব্যাপারে আমি নিজের ফিলিংস লুকানোর পক্ষে একদমই নই।”
হানিনের হাসি আরও চওড়া হলো। “আর আপনার ‘ধুয়া’ ড্রামাও খুব পছন্দ ছিল। আমাদের কাছে ওটার ক্যাসেট ছিল। আর আপনি প্রতিবার দাউদের মারা যাওয়ার সিনের সময় উঠে চলে যেতেন।”
“ওহ হানিন, আমি তো এটা বুঝতেই পারি না যে ড্রামা রাইটার সেই ক্যারেক্টারটাকেই কেন মেরে ফেলে, যাকে আমরা খুব পছন্দ করি।”
“উঁহু!” হানিন না-সূচক মাথা নাড়ল। “ওরা যে ক্যারেক্টারটাকে মারতে চায়, সেটাকে আপনাদের পছন্দ করতে বাধ্য করে।”
“ফুপ্পু! আমিও UNO খেলতে পারি। আমরা কি খেলব?” সায়ামের পক্ষে আর বেশি সময় অবহেলিত থাকা সহ্য হলো না।
হানিন চমকে উঠল। তারপর হাসি ম্লান হয়ে গেল। সে কিছুটা পেছনে সরে বসল। সে কোন আনন্দে এত কথা বলে যাচ্ছিল, শুনি? নিজেকেই বকল।
“হ্যাঁ, উনো খেলি।” সাদি তার দিকে গভীরভাবে তাকিয়ে মাঝখানের একটা পথ বের করল।
“যাও না, উনো নিয়ে এসো। কিন্তু কার্ডস আমি shuffle করব। মনে আছে, ফুপ্পু? আপনি নিজের হাঁটুর নিচে Draw Four-এর চারটা কার্ড আগেই লুকিয়ে রাখতেন? সেজন্য আমি কখনোই জিততাম না। আমার আজ উপলব্ধি হচ্ছে যে আমি এই সব গেমে সবসময় হেরে যাই। তাই হানিন! তুমি নিজের চিটিং করার স্কিল থেকে দূরে থেকো।”
কৃত্রিম রাগ দেখিয়ে সে হানিনের দিকে তাকিয়ে বলল, কিন্তু—
হানিন জুলফিকার ইউসুফ খান একদম স্তব্ধ হয়ে গেল। সাদিকে অবিশ্বাস্য চোখে দেখতে দেখতে তার দৃষ্টি পাথর হয়ে গেল। গায়ের রং ফ্যাকাশে হয়ে গেল, যেন সে কোনো বরফের মূর্তি।
“আমি... চিটিং করি না, ভাইয়া।” সে এতটাই অবিশ্বাস নিয়ে তাকে দেখতে দেখতে বলেছিল যে সাদির হাসি উধাও হয়ে গেল।
হানিন হুট করে দাঁড়িয়ে পড়ল। জুমারও মাথা তুলে তার দিকে তাকালেন।
“আমি কার্ডস নিয়ে আসছি।”
সে ঘুরে গেল। সাদি তখনই তার পেছনে ছুটল।
“I am sorry. আমার মোটেও এই মানে ছিল না।”
সে সাদির ঘরের স্টাডি টেবিলের সামনে দাঁড়িয়ে ছিল, যখন সাদি তার সামনে এল। হানিন মাথা নেড়ে ঝুঁকে ড্রয়ার খুলতে লাগল।
“আমি জানি তুমি কখনো চিটিং করতে পারো না। আমি শুধু মজা করছিলাম।”
“আমি জানি।” সে কার্ডসগুলো বের করল এবং ড্রয়ার বন্ধ করে সোজা হয়ে দাঁড়াল। সাদি একইভাবে চিন্তিত মুখে নিজের বোনের দিকে তাকিয়ে ছিল, যার গায়ের রং তখনও ফ্যাকাশে ছিল।
“হানিন! আমাদের ত্রাণকর্তা কেবল একজনই মানুষ হয়, আর সেই মানুষটা আমরা নিজে।”
“আমি জানি, ভাইয়া!” সে মাথা নেড়ে একটা মলিন হাসির চেষ্টা করল। তারপর ঘুরতেই হঠাৎ পা দুটো যেন আটকে গেল।
সাদির ল্যাপটপ খোলা পড়ে ছিল। জুমারের আসার আগে সে যে কাজটা করছিল, সেটা ওভাবেই রাখা ছিল। স্ক্রিনে নাম্বারগুলো চলছিল। ওপর-নিচে। হানিনের চোখের মণি সংকুচিত হলো। সে মুখটা কিছুটা এগিয়ে নিল।
একটা হাত ধপ করে ল্যাপটপ স্ক্রিনটা কিবোর্ডের ওপর নামিয়ে দিল। সে চমকে ভাইয়ের দিকে তাকাল।
“উনো খেলতে দেরি করতে নেই। পাপ হয়।”
কিন্তু সে ওভাবেই সাদিকে দেখতে লাগল। তার চোখে বিভ্রান্তি, সন্দেহ—সবকিছু ছিল।
“ভাইয়া! আপনি কী করছেন?”
কিন্তু জুমার এদিকেই আসছিলেন।
“সাদি... হাশিম!” বলতে বলতে তিনি ফোনটা এগিয়ে দিলেন। সাদি ঘাবড়ে গিয়ে ফোনটা ধরল। মুখ থেকে সেই আনন্দময় ভাব উধাও হয়ে গেল এবং তার জায়গায় গম্ভীরতা চলে এল।
“জি, ওকে।”
সে ফোনটা কাটলে হানিন দ্রুত বলে উঠল,
“কী বলছিল? মানে, সেদিনের জন্য অ্যাপোলজাইজ করছিল?”
সাদি মুহূর্তের জন্য থামল। হাশিম বলেছিল যে তার সেক্রেটারি সকালে কল করে তাকে দেখা করার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবে। কিন্তু যেহেতু এই মুহূর্তে সাদির হাশিমের সঙ্গে দেখা করার কোনো ইচ্ছে ছিল না, তাই সে ‘হ্যাঁ’ বলে কথা শেষ করে দিল।
“আপনারা গেম শুরু করুন। আমি আসছি।”
সে সেখান থেকে বেরিয়ে এল। নিজের পেছনে সে সাদি আর জুমারকে কথা বলতে বলতে করিডোর দিয়ে এগিয়ে যেতে অনুভব করল। কিন্তু সে তার আর সায়ামের শেয়ার করা রুমে এল (যেখানে আজ ফুপ্পু আর তার থাকার কথা ছিল), দরজা বন্ধ করল। আলমারি খুলল। কাপড়ের মাউন্ট এভারেস্ট আজ ভেঙে পড়েনি, কারণ সকালে মা আলমারি গুছিয়েছিলেন।
সে জুতো রাখার খোপটার ওপর ঝুঁকে পড়ল। কয়েকটা বাক্স বাইরে বের করল। তারপর হাত ঢুকিয়ে কোনায় রাখা একটা ছোট্ট মখমলের বাক্স বের করল।
সোনালি মখমলের সেই বাক্সটা খোলার আগে সে অনেকক্ষণ ভাবল। এতক্ষণ যে হাত অবশ হয়ে গেল। আর তারপর সে সেটা খুলেই ফেলল।
ভেতরে সোনালি মখমলের ওপর একটা সোনালি চেইনের লকেট রাখা ছিল। কিন্তু কোনো সোনা-রুপার বদলে সেই চেইনে কালো হিরের আকৃতির একটা স্টোন গাঁথা ছিল, যার ওপর সোনালি অক্ষরে ‘ants Ever After’ খোদাই করা ছিল। এটা ছিল সাদির কি-চেইনের টুইন।
সে চেইনটাকে আলতো করে ছুঁল, কিন্তু পরক্ষণেই হাত সরিয়ে নিল, যেন কোনো লাইভ ইলেকট্রিক তার ছুঁয়ে ফেলেছে। মাথা ঝাঁকিয়ে বাক্সটা বন্ধ করল। ওটা ছুড়ে ফেলার ভঙ্গিতে নিচের খোপে চালান করে দিল। জুতোর বাক্সগুলো ভেতরে রাখল আর জোরে আলমারিটা বন্ধ করল।
একটা দীর্ঘশ্বাস ফেলে সে যখন উঠল, তখন সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে সে ভাইয়াকে হাশিমের কথাটা বলে দেবে। শেষমেশ হাশিম তো ভাইয়াই ছিল, কোনো পর তো নয়। ভাইয়া নিশ্চয়ই বুঝবে, তাই সে বলে দেবে।
কিন্তু কখন? এটা হানিন এখনো ঠিক করেনি।
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
(Dasht-e-talab bhi kya koi shehr-e-tilism hai)
(চাহিদার মরুভূমিও কি কোনো মায়াবী শহর?)
জওয়াহেরাতের ধারণা বরাবরের মতোই একদম সঠিক ছিল। নওশেরওয়ান তার বন্ধুদের কাছে যায়নি। সে চলে এসেছিল এই জমজমাট মার্কেটে, যেখানে রাতের বেলাতেও দিনের মতো আলো ঝলমল করছিল। আজকাল যেসব NATO containers লুট করা হচ্ছিল, সেগুলোর জিনিসপত্র এখানে পানির দরে বিক্রি হচ্ছিল। পাঠান আর স্থানীয় দোকানদাররা—তারা যে অত্যন্ত মূল্যবান branded জিনিসপত্র বিক্রি করছে, সে বিষয়ে সম্পূর্ণ উদাসীন হয়ে—বেশ আয়েশ করে দরদাম করতে ব্যস্ত ছিল।
নওশেরওয়ান গাড়িটা বেশ কিছুটা দূরে পার্ক করেছিল এবং এখন পকেটে হাত দিয়ে ফুটপাত ধরে হেঁটে সামনে এগিয়ে যাচ্ছিল। সেই সঙ্গে তার সন্ধানী দৃষ্টি চারপাশের ভিড়ে পরিচিত বা অপরিচিত মুখগুলো খুঁজছিল। এই খোঁজেই সে সামনে এগিয়ে গেল। বেশ কিছুক্ষণ পর ড্রাইড ফ্রুটের একটা খোলা দোকানের সামনে সে থামল। কয়েক সেকেন্ড চোখ কুঁচকে সে দোকানদারকে লক্ষ্য করল, যে একটা সাফাই কাপড় দিয়ে জিনিসপত্রের ধুলো ঝাড়ছিল। তারপর সে সামনে এগিয়ে গেল।
“জি সাব! একদম তাজা ড্রাইড ফ্রুট আছে।” দোকানদার তাকে দেখে হাতের কাপড়টা রেখে দ্রুত নিজের পণ্যের গুণগান গাইতে লাগল। নওশেরওয়ান প্রথম দুটো বাক্য তো বিরক্তিকর মুখে শুনল, তারপর কথা কেড়ে নিয়ে বলল,
“চল্লিশ গ্রাম চাই।”
“ব্যস? কিন্তু কোনটা...?”
“তুমি ভালো করেই জানো আমার কোন জিনিসটা চল্লিশ গ্রাম চাই।” নওশেরওয়ান তার চোখের দিকে তাকিয়ে এতটাই কর্কশ সুরে বলল যে দোকানদারের মুখের কথা গলাতেই আটকে গেল। সে জোর করে হাসার চেষ্টা করল, কিন্তু তার গায়ের রং ফ্যাকাশে হয়ে গেল।
“সাব! আপনার কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা এসব কাজ করি না।” সে মাথা নাড়ল।
“আমি পুলিশ নই। মাল দাও, আমি চলে যাই।” সে বিরক্তিকর ভঙ্গিতে বলল।
“সাব! আমি তো বললাম না যে আমি...”
“দেখো ভাই! আমার এক পকেটে পিস্তল আছে আর অন্য পকেটে মানিব্যাগ। আমি তোমাকে কোন পকেটটা দেখাব, যাতে তুমি আমার কথা শুনবে?”
বলার সঙ্গে সঙ্গেই সে শার্টের কোণাটা কিছুটা সরাল এবং প্রথম পকেটে গোঁজা পিস্তলের সামান্য অংশ দৃশ্যমান হলো। দোকানদার হাত তুলে মাথা নাড়ল।
“গোলাপি রঙের কায়েদে আজম (টাকা) চলবে। ভেতরে আসুন আর বলুন কোনটা চাই।”
নওশেরওয়ান উপহাসের হাসি হেসে তার পেছনে পেছনে ভেতরে চলে গেল।
সে যখন বাড়ি ফিরে এল, তখন হাশিম লাউঞ্জে আধশোয়া হয়ে বসে ছিল। তার পা দুটো টেবিলের ওপর রাখা ছিল আর সোনিয়া তার বুকে মাথা রেখে বাঁকা হয়ে শুয়ে হাতে আইপ্যাড নিয়ে গেম খেলছিল। সে এক হাত দিয়ে সোনিয়ার নরম কালো চুলগুলো বিলি কেটে দিচ্ছিল আর অন্য হাতে ধরা মগ থেকে চুমুক দিতে দিতে টিভি দেখছিল।
“বাবা! আমার গেমটা দেখুন না।” সে কিছুটা অভিমানী সুরে বলল। হাশিম স্ক্রিনের দিকে একবার তাকাল।
“এতক্ষণ ধরে তো আমি এই লম্বা নাকের পাখিগুলোকে দেখছি। এখন তো আমার এদের চেহারাও মুখস্থ হয়ে গেছে।” হাসি চেপে কথাটা বলে সে আবারও টিভির দিকে তাকাল।
“আপনার আমার কোনো গেমই পছন্দ হয় না।” সে অনবরত স্ক্রিনের ওপর আঙুল চালাতে চালাতে বলছিল।
“আমি এই ধরনের গেম খেলি না, সোনি! আর আমি যে গেম খেলি, তাতে সবসময় আমিই জিতি।”
“শেরু আমার সাথে সব গেম খেলে।”
“হ্যাঁ, শেরু আর তোমার বয়সের তো খুব একটা তফাত নেই।” হাশিম টিভির দিকে তাকিয়েই ঝুঁকে তার চুলে চুমু খেল। “সোনি কি জানে যে সে মামুর সাথে ছুটিতে যাচ্ছে না?”
“উঁহু!” সে গেমে ব্যস্ত ছিল।
“Good! আমার দু-একটা কাজ শেষ হয়ে যাক, তারপর বাবা আর সোনি ছুটিতে যাব। ঠিক আছে?”
“আর শেরুও যাবে? আর মামুও? আর আমিও?”
“মামু ছাড়া সবাই যাবে। মামুর সাথে সোনিয়া শীতকালে যাবে।”
“Okay.” সে মাথা নাড়ল। গেমটা দিন দিন কঠিন হয়ে যাচ্ছিল।
তখনই হাশিমের নজর ভেতরে আসতে থাকা শেরুর (নওশেরওয়ান) ওপর পড়ল, যে চোখ না মিলিয়েই সিঁড়ির দিকে এগিয়ে যাচ্ছিল। হাশিম তাকে ডাকল।
“হতে পারে কাল সাদি আসবে। আমি চাই তুমি তখন আমার সাথে থাকো।”
নওশেরওয়ান প্রথম সিঁড়িতে পা রেখে থামল, কিন্তু ঘুরল না। আস্তে করে বলল,
“Okay.”
“সারমাদ কেমন আছে? আর তার ভাইয়ের কেসের কী হলো?” গভীরভাবে লক্ষ্য করতে করতে সে মগ থেকে চুমুক দিল। জওয়াহেরাতের মতো তারও বিশ্বাস ছিল যে শেরু বন্ধুর কাছে যায়নি।
“জানি না। আমি জিজ্ঞেস করিনি।” সে চোখ না মিলিয়েই সিঁড়ি বেয়ে ওপরে চলে গেল। হাশিমও আর কথা বাড়াল না।
ভেতরে এসে সে দরজা lock করল এবং স্টাডি টেবিলের কাছে এল। পকেট থেকে প্যাকেটটা বের করে টেবিলের ওপর রাখল। ওটাতে অদ্ভুত ছোট ছোট টুকরো ছিল। চেয়ারটা টেনে বসে সে ড্রয়ার থেকে একটা খালি সিগারেট বের করল। প্যাকেটে রাখা মাদকদ্রব্যগুলো ডলে সে ওটার ভেতর ভরতে লাগল। এটা করার সময় তার হাত সামান্য কাঁপছিল। কপালে ঘামও জমেছিল।
লাইটার জ্বালিয়ে সিগারেটের এক প্রান্ত ধরাল এবং অন্য প্রান্ত ঠোঁটে ছোঁয়াল। লম্বা টান দিল। চোখ জোড়া বন্ধ করল। তেতো ধোঁয়াটা ভেতরে নেমে গেল। যখন সে ধোঁয়া বাইরে ছাড়ল, তখন চারদিকে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ল। তার মস্তিষ্ক হালকা হতে লাগল। সবকিছু থেকে হালকা। বাতাসের চেয়েও হালকা।
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
নাস্তার পর পুরো বাড়িতে গোছগাছ আর প্রস্তুতির ব্যস্ততা ছড়িয়ে পড়েছিল। সায়াম দৌড়ে দৌড়ে স্কুলের জন্য তৈরি হচ্ছিল, সাদি অফিসের জন্য আর জুমার কোর্টের জন্য। ফেরার পথে তিনি বড় আব্বাকে নিয়ে নিজের বাড়ি যাবেন, তাই তিনি সবচেয়ে শান্ত হয়ে বসেছিলেন। হানিন তাঁর কাছাকাছি বসে খবরের কাগজ থেকে কিছু একটা পড়ে শোনাচ্ছিল এবং সঙ্গে সঙ্গে নিজের মন্তব্যও করে যাচ্ছিল, ঠিক তখনই জুমার সেখানে এলেন। হানিনের মুখ কিছুটা দমে গেল। সে সতর্ক হয়ে বসল। জুমার এসে বসতেই হানিন তাকে সম্পূর্ণ এড়িয়ে গেল।
“Masters কোন সাবজেক্টে করার ইচ্ছে আছে, হানিন?” ঝুঁকে জুতোর strap বাঁধতে বাঁধতে তিনি পাশে বসা হানিনকে মৃদুস্বরে জিজ্ঞেস করলেন। হানিনের শক্ত হয়ে থাকা মুখের ভাব কিছুটা নরম হলো।
“Literature-এ অথবা আরবিতে। এখনো সিদ্ধান্ত নিইনি।” তারপর একটু থেমে যোগ করল, “Bachelors-এও তো লিটারেচার রেখেছিলাম।”
“এটা তো বেশ ভালো কথা। তুমি এত বুদ্ধিমান, যেকোনো কিছুতেই ভালো করবে।” তিনি এখন ঝুঁকে দ্বিতীয় জুতোটার strap বাঁধছিলেন। হানিন সামান্য হাসল। সেই সঙ্গে সে খবরের কাগজের কোণাটা অভ্যাসবশত নখ দিয়ে খুঁটছিল।
“কিন্তু আমার মনে আছে তুমি F.Sc-তে বোর্ডে পজিশন পেয়েছিলে আর entry test-এও খুব ভালো নম্বর ছিল। তোমার তো top merit হচ্ছিল। তাহলে engineering-এ কেন অ্যাডমিশন নিলে না?”
হানিনের হাসি ম্লান হয়ে গেল। সে মাথা তুলে জুমারের দিকে তাকাল। তিনি strap বেঁধে উঠছিলেন। মানুষ বুঝতেই পারে না, আর অন্যেরা তাদের গলা চেপে ধরে।
“হঠাৎ করেই মন বদলে গেল, তাই B.A-তে ভর্তি হয়ে গেলাম। মন তো যেকোনো সময়ই বদলে যেতে পারে না, ফুপ্পু!”
খবরের কাগজের কোণা খুঁটতে থাকা তার নখটা আরও দ্রুত চলতে লাগল। মাথা নিচু করে সে বড় আব্বাকে অন্য একটা খবর পড়ে শোনাতে লাগল। তবে এবার তার কণ্ঠস্বর ছিল কিছুটা ম্লান।
জুমার যাওয়ার সময় ঘুরে তার দিকে তাকালেন। এই শেষ বাক্যটা বলার সময় তার কণ্ঠে কোনো অহংকার বা রাগ ছিল না। শুধু এক অদ্ভুত বিষণ্ণতা ছিল।
সে করিডোর পার হয়ে সাদির ঘরের দরজার কাছে আসতেই দেখল সাদি আয়নার সামনে দাঁড়িয়ে আছে। তার শার্টের কলার খাড়া হয়ে ছিল এবং সে টাইয়ের নট বাঁধছিল। জুমার সামান্য হাসলো। দরজায় আলতো টোকা দিলো।
“তা তোমার কোনো অফিসও আছে নাকি?”
নটটা টেনে ওপরে তুলতে তুলতে সে চট করে ঘুরল এবং কলার ঠিক করল।
“দুই বছরে প্রথমবার ছুটি নিলাম, তাও মাত্র দুই সপ্তাহের। আর বস থেকে শুরু করে পিয়ন পর্যন্ত প্রতিটি মানুষ যাওয়ার সময় একটা করে খোঁচা দিয়ে যাচ্ছে। আপনি অন্তত এমন করবেন না।”
“Oh! আর এত লম্বা ছুটি কেন নিলে?”
সাদি চুপ হয়ে গেল। (হাই কোর্টের শেষ দিনগুলোতে প্রেশার দিতে হতো, মামুকে কোণঠাসা করতে হতো, হাশিম ভাইয়ের ল্যাপটপ হ্যাক করতে হতো—যার সুযোগ আপনার মাধ্যমেই পাওয়া গেল, আর এখন ওই ফাইলগুলো খুলতে হবে। কিন্তু ছুটি শেষ...)—এইসব কিছু সে কেবল ভাবল। যখন মুখে বলল, তখন শুধু এতটুকুই,
“কিছু research work করছিলাম, ওটা complete করতে হতো।”
“ঠিক আছে, তাহলে weekend-এ দেখা করার প্ল্যান করি।”
“জি, আপনি তো বিয়েতে আসছেন না, তাই না?” সে সহজভাবে কথাটা তুলল। জুমার, যিনি চলে যাচ্ছিলেন, তিনি থমকে দাঁড়ালেন।
“কার বিয়ে?”
“এখন পুরো সম্পর্কটা জানা নেই। তবে যে ছেলের বিয়ে, সে আমাদেরও আত্মীয় আর ওই হাম্মাদেরও। হাম্মাদ আর কিরণ তো এই জন্যই অস্ট্রেলিয়া থেকে এসেছে। ওরাও বিয়েতে থাকবে। আর কিরাণ কারদার পরিবারকে বিশেষভাবে দাওয়াত দেবে। ওরাও সবাই থাকবে। তাই ওখানে আপনি হাম্মাদের মুখোমুখি হতে পারবেন না, আমি জানি। এই জন্য আপনার কার্ড যখন এখানে এল, তখন আমি আম্মুকে বললাম যে ফুপ্পুকে পাঠানোর দরকার নেই। তিনি আসবেন না।”
জুমারের ঠোঁট চেপে বসল এবং চোখের মণি সংকুচিত হলো। বুকে হাত বেঁধে সে তার দিকে কড়া দৃষ্টিতে তাকাল।
“আর তোমার কেন মনে হলো যে আমি তার মুখোমুখি হতে পারব না?”
“আপনি পারবেন না বলেই তো পরিবারের কোনো অনুষ্ঠানে যান না। যাই হোক, আপনি যাবেন না তো কোনো সমস্যা নেই। আমি বুঝতে পারছি।” অত্যন্ত পরিপক্বতার সঙ্গে সে বলল।
“আমি এই জন্য যাই না, কারণ সময় পাই না এবং...”
“Weekend-এ তো সময় থাকবে, তাহলে?” সে দ্রুত বলে উঠল।
জুমার অসচেতনভাবেই “হ্যাঁ” বলে ফেললেন। তখন সে চট করে জিজ্ঞেস করল,
“তার মানে আপনি যাচ্ছেন?”
“আমি দেখব।” তিনি একটু থেমে বললেন, তারপর ঘড়ি দেখলেন। তাকে এখন বেরোতে হবে।
তিনি চলে গেলে সাদি পুরোপুরি তৈরি হয়ে বেশ পরিপাটি সেজে বাইরে এল।
লাউঞ্জে শুধু বড় আব্বা ছিলেন। হানিন ঘুমাতে চলে গিয়েছিল। তিনি তার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালেন।
“সে অনুষ্ঠানে যাওয়ার জন্য রাজি হয়েছে?”
“একদম!” হাসিমুখে এ কথা বলে সে চায়ের কাপটা তুলে নিল এবং সামনে বসল। বড় আব্বা বিস্ময় নিয়ে তার দিকে তাকালেন।
“তুমি তাকে কীভাবে রাজি করালে? আমি বললে তো কখনোই রাজি হতো না।”
“এখন আপনার কাছে তো সাদি ইউসুফের মতো বুদ্ধি নেই।” চায়ের কাপে চুমুক দিতে দিতে সে হাসল। তারপর কিচেনের দিকে মুখ ঘুরিয়ে ডাক দিল,
“আম্মু! আপনি নাস্তা লাহোর থেকে আনছেন নাকি কিচেন থেকে?”
“কিচেন থেকে! আমি কিন্তু জুতো ছুঁড়ে মারব, তোমার লম্বা height-এর তোয়াক্কা না করেই।” তিনি ট্রে হাতে নিয়ে কৃত্রিম রাগ দেখিয়ে আসতে আসতে বললেন।
সাদি তার দিকে তাকিয়ে দাদাকে বলল,
“কেউ বিশ্বাস করবে যে এই ভদ্রমহিলা আমার আড়ালে আমার ভাইবোনদের কাছে আমার উদাহরণ দেন?”
“আমি ভালো করেই জানি। জলদি জলদি করার বাহানা এই জন্য করো, যাতে নাস্তা অর্ধেক করতে পারো। এখন তুমি যদি এটা শেষ না করো না, সাদি, তবে আমার নাম নুদরাত নয়।” তিনি সামনে বসতে বসতে দাদার কাছে তার নামে নালিশ করছিলেন। তিনি শুধু হাসিমুখে শুনছিলেন।
সাদি নিজের স্বভাবমতো সামান্য একটু খেল। তারপর হাত মুছে উঠল এবং অত্যন্ত গম্ভীরতার সঙ্গে মাকে উদ্দেশ্য করে বলল,
“ঠিক আছে, নুদরাত বোন! আল্লাহ হাফেজ।”
আর এর আগেই যে তিনি সত্যিই তার height-এর তোয়াক্কা না করে এক চড় বসিয়ে দিতেন, সে বাইরে চলে গেল।
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
সারা অফিসের জন্য তৈরি হয়ে গাড়ির দরজা খুলছিল, ঠিক তখনই গেটের ঘণ্টা বেজে উঠল। সে ঘুরে তাকাল। গেটটা বেশ উঁচু ছিল। এখান থেকে বোঝার উপায় ছিল না যে বাইরে কে দাঁড়িয়ে আছে। সে গাড়ির দরজায় চাবিটা ওভাবেই রেখে, ব্যাগটা গাড়ির ছাদের ওপর নামিয়ে গেটের দিকে এগিয়ে গেল এবং দরজাটা খুলল। অর্ধেক দরজা খুলতেই তার হাত দুটো থমকে গেল।
বাইরে ফারিস দাঁড়িয়ে ছিল। T-shirt আর jeans পরা, ছোট করে ছাঁটা চুল, গম্ভীর গভীর দৃষ্টি আর এক অভিব্যক্তিহীন স্তব্ধ মুখ। সারা বাকি দরজাটা অত্যন্ত ধীরগতিতে খুলল।
“ফারিস?” অদৃশ্য এক গোছা চুল কানের পেছনে গুঁজতে গুঁজতে সে একপাশে সরে দাঁড়াল। তার চোখে-মুখে এক তীব্র দ্বিধা ফুটে উঠেছিল।
“আপনি ঠিক আছেন?” সে অত্যন্ত সাধারণ একটা প্রশ্ন করল। তবে ফারিস তার দিকে বেশ গভীর দৃষ্টিতে তাকিয়ে ছিল। সারা “হুঁ” বলে মাথাটা সামান্য দুলিয়ে আরও একপাশে সরে গেল।
“আমার এত সকালে আসাটা আপনার পছন্দ হয়নি, নাকি আমার আসাই পছন্দ হয়নি?” সারার এই ইতস্তত ভাব দেখে ফারিস কিছুটা ঠান্ডা সুরে কথাটা বলল। সারার মুখে লজ্জার আভাস ফুটে উঠল।
“এমন কিছু নয়। এসো।”
“আমি মেয়েদের সাথে দেখা করতে এসেছিলাম।” ফারিস ওখানেই দাঁড়িয়ে রইল। সারাও ওখানেই দাঁড়িয়ে ছিল, কিন্তু সে ফারিসের সাথে চোখ মেলাচ্ছিল না।
“ওরা স্কুলের জন্য রেডি হচ্ছে। ব্যস, আমরা এখনই বেরোব।” সঙ্গে সঙ্গে সে ঘড়ির দিকে তাকাল, যেন সে ভীষণ তাড়াহুড়োয় আছে।
“তার মানে আমি অন্য কোনো সময় আসব?” সারার মুখের রং বদলে যাওয়া গভীরভাবে লক্ষ্য করতে করতে সে বেশ শুষ্ক ভঙ্গিতে কথাটা বলছিল। সারা একরাশ অস্বস্তি নিয়ে চোখ তুলে তার দিকে তাকাল।
“তুমি আসতে পারো, ফারিস।”
“কিন্তু বেশি নয়, তাই তো?” ফারিস তার মনের ভাব পড়ার চেষ্টা করছিল। “তাহলে আপনার ধারণা অনুযায়ী ওয়ারিসকে আমিই খুন করেছিলাম?”
“এমনটা নয়। আমার বিশ্বাস তোমাকে ফাঁসানো হয়েছিল। নিশ্চিতভাবেই তোমার শত্রুর সংখ্যা অনেক বেশি হবে আর...”
“আর আমার এখানে আসাটা আপনার পরিবারের জন্য বিপদের কারণ হতে পারে। আমি বুঝে গেছি। ভবিষ্যতে দূরেই থাকব।” মাথা নেড়ে সে এমনভাবে বলল, যেন সে সত্যিই সবকিছু বুঝে গেছে। সারা এক বুক কষ্ট নিয়ে তার দিকে তাকাল।
“ফারিস! I am sorry. কিন্তু আমি এমনিতেই খুব কঠিন একটা জীবন পার করছি। আমার কাছে আমার মেয়েগুলো ছাড়া আর কেউ নেই। আমি ওদের কোনো ধরনের বিপদের মুখে ঠেলে দিতে পারি না। তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না।”
“বললাম তো, বুঝেছি। এখন কি দেখা করব, নাকি চলে যাব?”
“না, এসো প্লিজ।” সে এবার সত্যিই একপাশে সরে গেল এবং ভেতরের দিকে এগিয়ে চলল। ফারিস কয়েক মুহূর্ত নিজেকে সামলে নিয়ে তাকে সামনে এগিয়ে যেতে দেখল, তারপর মাথা ঝাঁকিয়ে তার পেছন পেছন হাঁটা দিল।
চলবে…

Comments
Post a Comment