নামাল-(Namal) অধ্যায়:০৮ পর্ব ৩১, #ফারিস_গাজী (Faris Ghazi) #জুমার_ইউসুফ (Zumar Yousuf)



#নামাল-(Namal)


#ফারিস_গাজী (Faris Ghazi) 

 

#জুমার_ইউসুফ (Zumar Yousuf) 



অধ্যায়:০8


পর্ব ৩১:-



Laga ho dil to khayaalat kab badalte hain... Yeh inqilaab to ek be-dili mein milte hain


[মন যদি লেগেই থাকে, তবে চিন্তাভাবনা কি আর কখনো বদলায়... এই পরিবর্তন তো কেবল এক চরম উদাসীনতা আর হৃদয়হীনতার মাঝে খুঁজে পাওয়া যায়।]


একটা হিমশীতল ছায়া সঙ্গে নিয়ে কারদার প্রাসাদে সন্ধ্যা নেমে আসছিল। লাউঞ্জের দেয়ালজোড়া ফ্রেঞ্চ উইন্ডোর ওপাশ থেকে বাইরের সবুজ বাগানটা হালকা চোখে পড়ছিল। কোণায় দুটো চেয়ার পাশাপাশি রাখা ছিল, দুটোর হাতলের মাঝখানে ছিল ফুলদানি রাখা ছোট টেবিলটা। একটা চেয়ারে বসে ছিলেন জওয়াহেরাত। চুলগুলো খোঁপা করা, কনুইটা চেয়ারের হাতলে ঠেকিয়ে মুখে এক চিলতে হাসি নিয়ে তিনি নিজের অতিথির দিকে তাকিয়ে ছিলেন।


তিনি অতিথিদের সামনে বসানোর চেয়ে পাশের চেয়ারে বসাতে বেশি পছন্দ করতেন; ঘাড়টা বাঁ দিকে ঘুরিয়ে অতিথির দিকে তাকানো ওনার বেশি ভালো লাগত। গত কয়েক বছরে এই চেয়ারটায় সাদি প্রায়ই এসে বসত। এখন মাঝে মাঝে এখানে জুমার বসত, আজও সে-ই বসে ছিল।


চায়ের কাপের মুখে আঙুল বোলাতে বোলাতে সে পা তুলে বেশ গম্ভীর হয়ে বসে ছিল। মুখে কোনো হাসি নেই, বাদামি চোখ জোড়া শান্ত আর কোঁকড়ানো চুলগুলো ক্লিপ দিয়ে অর্ধেক বাঁধা ছিল, যা গুছিয়ে একপাশে সরিয়ে রাখা। ওড়নাটা গলায় জড়িয়ে দুই পাশই সামনের দিকে ছড়ানো ছিল।


"তুমি কি অনুশোচনা করছ?" জওয়াহেরাত তার মুখের অভিব্যক্তি বোঝার চেষ্টা করছিলেন।


"একদমই না, বরং আমি মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত।"


"এটা খুব যন্ত্রণাদায়ক হবে। যাকে ঘৃণা করা হয়, তাকেই বিয়ে করা!" জওয়াহেরাত সামান্য শিউরে উঠে আঙুল দিয়ে গাল বেয়ে নামা চুলগুলো সরিয়ে দিলেন। জুমার কাপটা তুলে একটা চুমুক দিল।


"আমি অনেক যন্ত্রণার মধ্য দিয়ে গিয়েছি। আর সবচেয়ে বেশি কষ্টদায়ক ছিল এই অবিশ্বাস।" কাপটা নিচে নামিয়ে সে জানালার দিকে তাকাতে লাগল। এখান থেকে বাগানটা দেখা যাচ্ছিল। অ্যানেক্সি ভবনটি পেছনের দিকে ছিল, তাই এখান থেকে দেখা যাচ্ছিল না।


"সে সময় কেউ আমার কথা বিশ্বাস করেনি। কিন্তু এখন করবে।"


"তুমি যদি তোমার আত্মীয়স্বজনদের চাপের কারণে ওর কেসটা নিতে অস্বীকার না করতে, তবে আজ ও জেলেই থাকত।"


"কথা আত্মীয়স্বজনদের নয়। আমি একটা পাবলিক প্রসিকিউশনে নিজের ব্যক্তিগত শত্রুতাকে টেনে আনতে পারতাম না। এটা কোনো ব্যক্তিগত যুদ্ধ ছিল না।" সে জানালা থেকে চোখ সরিয়ে জওয়াহেরাতের দিকে তাকিয়ে শক্ত গলায় বলল। "ও একজন স্ত্রী-হত্যাকারী ছিল, ধারাবাহিক খুনি। ও আমাকে ব্যবহার করেছে; প্রথমবার তখন, যখন আমার ওপর গুলি চালানো হয়েছিল, আর দ্বিতীয়বার দেড় বছর আগে, যখন ও আমার কাঁধে পা দিয়ে মুক্তি পেতে চেয়েছিল। এটা ছিল একটা আইনি লড়াই। আমার শুধু একটা সান্ত্বনা ছিল যে ফারিসের আমি কোনো ক্ষতি করিনি, আমি নিষ্পাপ ছিলাম। কিন্তু না..." শেষ তেতো চুমুকটা গলায় ঢেলে সে কাপটা পিরিচের ওপর রাখল।


"ও আমার ওপর প্রতিশোধ নিচ্ছিল। এটা শুরু থেকেই একটা ব্যক্তিগত যুদ্ধ ছিল। শুরু ও করেছিল, শেষ আমি করব।" সে একটু সামনে ঝুঁকে চায়ের পেয়ালিটা আবার ট্রলিতে রেখে দিল।


"কিন্তু তুমি করবেটা কী? বিয়ে করে তোমার কী লাভ হবে?"


"না, মিসেস কারদার।" জুমার একটা দীর্ঘশ্বাস ফেলে নেতিবাচকভাবে মাথা নাড়ল। "আমি আর আপনি একে অপরের গোপন সংগী নই। আমি সাহায্য চেয়েছিলাম, নিজের কর্মপরিকল্পনা জানানোর কোনো কথা দিইনি।" জওয়াহেরাত হেসে মাথা ঝাঁকালেন।


"তুমি বলতে চাইছ যে তোমার আমার ওপর ভরসা নেই?"


"সাহায্যের সীমা পর্যন্ত? হ্যাঁ, আছে। কিন্তু আমার পরিকল্পনাগুলো আমি নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখি।" সে একটা শীতল হাসি হাসল। জওয়াহেরাত সম্মতি জানিয়ে ঘাড় নাড়লেন।


"তোমার যা ইচ্ছে। যাই হোক, আমি আমার কথা রাখব। তুমি ওকে বিয়ে করতে চাও, আমি সেটা করিয়ে দেব। আর আগামীকাল আমি তোমার বাবার সাথে দেখা করতে আসব।"


"শিওর!" সে কাঁধ ঝাঁকাল।


"তুমি কি জানতে চাও যে আমি এটা কীভাবে করব?"


"না। আমি স্বাভাবিকভাবেই অবাক হতে পছন্দ করব।" সে একটু থামল। "আপনি এ থেকে কী পাবেন?"


"কী থেকে?"


"আমরা দুজনেই জানি যে আপনি নিজের উপকারের জন্যই আমাকে সাহায্য করছেন। এমনটা না হলে আপনি কখনো আমার পাশে দাঁড়াতেন না।"


জওয়াহেরাত হালকা হাসলেন। "আমাদের সম্পত্তিতে ফারিসের আইনি অংশীদারিত্ব আছে। ও যতদিন অন্য সব ঝামেলায় জড়িয়ে থাকবে, ততদিন আমার ব্যবসা নিরাপদ থাকবে। কিন্তু তুমি যখন জানোই যে আমি তোমাকে ব্যবহার করছি, তবে তুমি কেন আমার সাথে আছ?"


"যাতে আপনাকে পাল্টা ব্যবহার করতে পারি?" সে মৃদু হেসে উঠে দাঁড়াল, পার্সের স্ট্র্যাপটা কাঁধে ঝোলাল। "শেষ কথা যা আমার বলার ছিল—আমি প্রস্তুত।"


"আমিও!" কানের দুলটায় আঙুল বোলাতে বোলাতে জওয়াহেরাত হাসলেন।


তার চলে যাওয়ার পর ওই চেয়ারটাতেই বসে জওয়াহেরাত মোবাইলে একটা নম্বর ডায়াল করলেন। "ইউসুফ খান সাহেব।"


"আসসালামু আলাইকুম।" তিনি বেশ কিছুক্ষণ পর ফোনটা ধরলেন।


"ওয়ালাইকুম আসসালাম ইউসুফ সাহেব। আশা করি আপনি ভালো আছেন।"


"আল্লাহর রহমত।" সাধারণ কিছু কুশল বিনিময়ের পর তিনি বলতে লাগলেন:


"আপনি দুই-আড়াই মাস আগে আমাকে কল করে বলেছিলেন আমি যেন জুমারকে বোঝাই, যাতে ও বিয়ে করে নেয়।"


"হ্যাঁ। আমি এই কথা জুমারের ঘনিষ্ঠ প্রতিটি মানুষকেই বলি।" তিনি বেশ গম্ভীর এবং কিছুটা শুষ্ক শোনালেন। জওয়াহেরাত কানের দুলটা মর্দন করতে থাকা হাতটা সরিয়ে একটু ভাবলেন।


"আপনি যদি আমার গার্ডের ওই ট্যাক্সির তল্লাশি নেওয়ার ব্যাপারে আমাদের ওপর রেগে থাকেন, তবে আমি দুঃখ প্রকাশ করছি। ওটা একটা ভুল বোঝাবুঝি ছিল।"


"না, কোনো ব্যাপার না।"


"ওকে। তো আমি এটা জানাতে চাচ্ছিলাম যে কাল রাতে অনুষ্ঠানে জুমারের সাথে আমার কথা হয়েছে। আমি ওকে অনেক বুঝিয়েছি। আশা করছি ও খুব জলদিই মেনে নেবে।"


বড়ো আব্বা চমকে উঠলেন। "তাহলে আপনি কথা বলেছিলেন জুমারের সাথে?"


"হ্যাঁ। আমি তো আপনাকে কথা দিয়েছিলাম। সুযোগটা কাল রাতেই মিলল।"


"আচ্ছা।" ওনার কণ্ঠের শীতলতা কেটে যেতে লাগল। "জুমার আজ সকালেই আমার সাথে কথা বলেছে, ও বিয়ের জন্য রাজি।"


"গুড। তবে আমি অবাক হইনি। আমি কখনো ব্যর্থ হই না।"


"আপনাকে অনেক ধন্যবাদ, মিসেস কারদার।"


"মাই প্লেজার।" হাসিমুখে আগের মতোই কানের দুলে আঙুল বোলাতে বোলাতে তিনি জানালার ওপাশে তাকাচ্ছিলেন। "কোনো সম্বন্ধ কি দেখেছেন ওনার জন্য?"


"না, এইমাত্র নুদরাতের সাথে কথা হলো। ও হয়তো কোনো সন্ধান দেবে।"


"ওকে, আমিও দু-একজনকে বলে রেখেছিলাম। দুটো সম্বন্ধ আছে যারা আগ্রহী। আপনি কি বিস্তারিত জানতে চান?"


"হ্যাঁ, বলুন।" বড়ো আব্বা কোনোমতে নিজের কণ্ঠের বার্ধক্যের আনন্দটুকু লুকানোর চেষ্টা করছিলেন।


"একটা সেশন কোর্টের বিচারক সাহেবের সম্বন্ধ আছে। স্ত্রীর সাথে আলাদা হয়ে গেছেন আর তিনটে বাচ্চাই বোর্ডিংয়ে পড়াশোনা করে।" তিনি একটু থামলেন। বড়ে আব্বার ওপাশ থেকে কোনো আওয়াজ এল না। "দ্বিতীয় সম্বন্ধটা আমার কোম্পানির একজন কর্মকর্তার। প্রথম বিয়েটা খুব কম বয়সে হয়েছিল, ওনার স্ত্রী আর দুই ছেলে গ্রামেই থাকে। ভদ্রলোক নিজে এই শহরেই থাকেন, একাই থাকেন, বেশ ভালো বাড়ি। বয়সটা একটু বেশি, পঞ্চাশের ওপর। আপনি শুনছেন তো?"


"হ্যাঁ, শুনছি।" ওনার কণ্ঠস্বর খুব কষ্ট করে বের হলো আর তার মধ্যেও একটা তীব্র যন্ত্রণা ছিল।


"ইউসুফ সাহেব, বাস্তববাদী হোন। আপনার মেয়ের বয়স এখন একত্রিশ-বত্রিশ বছর, ওনার একটা কিডনি নষ্ট হয়ে গেছে, ও অসুস্থ। এমন পরিস্থিতিতে কোনো তরুণ, সুদর্শন ছেলের সম্বন্ধ পাওয়া তো অলৌকিক ব্যাপার হবে, আর অলৌকিক ঘটনা খুব কমই ঘটে থাকে।"


"আমি জানি, কিন্তু..." তিনি নিজেই থেমে গেলেন। এখন আর কী বলবেন?


"হ্যাঁ, আরও একজন আছে। হাশিমের বয়সী, বেশ সুদর্শনও। প্রথম স্ত্রী মারা গেছেন, কিন্তু..."


"কিন্তু কী?" বড়ো আব্বা দ্রুত বলে উঠলেন। আশার একটা ক্ষীণ আলো ঝলকে উঠেছিল।


"কিন্তু আপনার কী গ্যারান্টি, আপনি হয়তো ওনার সাথে সম্বন্ধটা করবেনই না।" তিনি সামান্য বিরতি নিলেন। বড়ে আব্বা ব্যাকুল হয়ে অপেক্ষা করছিলেন।


"আমি ফারিসের কথা বলছি।"


আর বড়ো আব্বার জন্য রবিবারের এই তপ্ত দিনে এটা ছিল দ্বিতীয় মারাত্মক ধাক্কা।


"ফা...রিস?" তিনি তোতলালেন। চোখ জোড়া বিস্ময়ে বড় বড় হয়ে গেল।


"নুদরাত আজকাল ফারিসের জন্য মেয়ে খুঁজছে। তো আপনি ওনার সাথে জুমারের কথা কেন বলছেন না? এর চেয়ে ভালো বিকল্প আপনি আর পাবেন না।"


"কিন্তু... ফারিসের জন্য জুমার...?"


"জুমারের কী? ও তো আদালত থেকে খালাস পেয়েছে আর জুমার এখন ওকে দোষ দেওয়া বন্ধ করে দিয়েছে। পুরোনো কথা ভুলে যান।" তিনি কিছুটা বিরক্তি নিয়ে ওনাকে থামিয়ে দিলেন।


"মিসেস কারদার, আপনি বুঝতে পারছেন না। ফারিস তো এইমাত্র জেল থেকে ছাড়া পেয়ে এসেছে, ও নিজেই নানা সমস্যায় জর্জরিত, এমন পরিস্থিতিতে..."


"আপনি আগেও ওনার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন, তখন কী কারণ ছিল?"


তিনি একদম চুপ হয়ে গেলেন।


"আপনি হয়তো ওনাকে সবসময়ই নিজের মেয়ের চেয়ে ছোট বা কম যোগ্য মনে করে এসেছেন।"


"এমন কোনো কথা নয়, আমি ওকে খুব পছন্দ করি। কিন্তু ও নিজে রাজি হবে না, জুমারও মানবে না।"


"আপনি রাজি হয়ে যান, ওরাও মেনে নেবে।"


"জুমার কখনো মানবে না, ও তো ওর আমাদের বাড়িতে আসাটুকুও সহ্য করতে পারে না।"


"ও তো বিয়ের জন্যও রাজি হচ্ছিল না। আমি মানালাম না? যাই হোক, আমি ফারিসকে সাথে নিয়ে দু-চার দিনের মধ্যে আপনাদের ওখানে একটা চক্কর দেব। আপনি তিনটি সম্বন্ধের বিষয়েই ভেবে রাখুন। তিন বাচ্চার বাবা বিচারক সাহেব, পঞ্চান্ন বছরের কোম্পানির কর্মকর্তা নাকি ফারিস। আর যদি তিনটেই প্রত্যাখ্যান করেন, তবে এবার নিজের মেয়ের অপরাধী আপনি নিজেই হবেন। ভালো থাকুন।"


হাসিমুখে ফোনটা রেখে দিলেন এবং পরম তৃপ্তির সাথে জানালার ওপাশের সবুজ বাগানটার দিকে তাকাতে লাগলেন, যেখানে ফিওনা নিজের তত্ত্বাবধানে কর্মচারীদের দিয়ে টবগুলো রাখাচ্ছিল।


জওয়াহেরাতের কাছে এখন আবহাওয়াটা আরও বেশি মনোরম মনে হচ্ছিল।


সবকিছু একদম ঠিকঠাক চলছিল।


🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼




Khudaaya tere dam se apna ghar ab tak salaamat hai... Wagarah dost aur dushman humaare ek jaise hain




[হে খোদা, তোমারই দয়ায় নিজের ঘরটা এখন পর্যন্ত অক্ষত আছে... নয়তো আমাদের বন্ধু আর শত্রু তো একই রকম।]


রাতে খাওয়া-দাওয়ার পর সে ছোট বাগানওয়ালা বাড়িটি থেকে বাইরে বেরিয়ে এল। রাস্তার ধার দিয়ে হাঁটার সময় কানে সাদা হ্যান্ডসফ্রি গুঁজে সে মোবাইলটা হাতে নিয়ে নম্বর ডায়াল করছিল।


"সাদি... তোমার কি হাশিমের সাথে কথা হয়েছে?" শেহরিন কলটা ধরতেই জিজ্ঞেস করল। ইয়ারফোনে প্রতিধ্বনিত হওয়া তার কণ্ঠে তীব্র উৎকণ্ঠা ছিল।


"তার আগে আপনি আমাকে এটা কেন বলছেন না যে আপনার হাশিম ভাইয়ের সাথে কী কথা হয়েছে?" সে ক্ষোভ আর কর্কশ গলায় বলতে বলতে এক এক পা ফেলে এগিয়ে যাচ্ছিল।


"আমার কথা? মানে কী?"


"আপনি কি ওনাকে বলে দিয়েছেন যে আমি ওনার কাছ থেকে ওটাই চুরি করেছি যা ও আমাদের থেকে চুরি করেছিল?"


"আমি ওভাবে..." সে আটকে গেল। "ও আমার ওপর চিৎকার করছিল, আমাকে হুমকি দিচ্ছিল, আমি নিজেই জানি না আমি কী বলে ফেলেছি... সত্যি বলতে, আমি তো এটাও বলিনি যে তুমি..."


"কিন্তু আপনি ওনার সামনে আমার কথাটা তো আউড়ে দিয়েছেন, তাই না?" ক্ষোভে তার গলার আওয়াজ চড়ে গেল।


"তাতে কী হয়েছে?"


"তাতে এটাই হয়েছে যে আমি প্রথমবার আপনার ওপর ভরসা করে ভুল করেছি। আসলে না, ভরসা তো এবারও করিনি, শুধু কাজটা বলে ভুল করেছি। আর তাতে এটাও হয়েছে যে, শেহরিন বেগম, আজ থেকে আপনি একা। সোনিয়া আপনার সাথে যাক বা না যাক, আমার বিন্দুমাত্র পরোয়া নেই। তাই আপনার সমস্ত যুদ্ধ এবার আপনি একাই লড়বেন।"


"তুমি আমার সাথে এমনটা কীভাবে করতে পারো? তুমিই আমাকে এই কাজে ফাঁসালে আর..."


"আমি আপনার এর চেয়েও বড় বড় কাজ করে দিয়েছি। আর এই কাজটা আমি আপনাকে এজন্যই দিয়েছিলাম কারণ আপনিও হাশিম ভাইয়ের ওপর প্রতিশোধ নিতে চেয়েছিলেন—কমপক্ষে মুখে তো আপনি এটাই বলে এসেছেন। কিন্তু আজ থেকে আমরা আর এক দলে নেই। আল্লাহ হাফেজ।" জোরে লাল বাটনটা চেপে সে কলটা কেটে দিল।


চোখে তীব্র বিরক্তি আর রাগ নিয়ে সে আবার বাড়ির দিকে ফিরে গেল।


শেহরিনের আরও তিন-চারটে কল এল, সে সবগুলো কেটে দিল। তারপর বিরক্ত হয়ে ফোনটা নীরব মোডে ফেলে রাখল।


আবার ভেতরে ফিরে এল, দেখল আম্মু একদম চুপচাপ লাউঞ্জে বসে আছেন। টিভি চলছিল। হানিন পা ওপরে তুলে বসে, দুহাতে মুখ গুঁজে খুব মন দিয়ে নাটক দেখছিল। এখন সে কেবল ওই নাটকগুলোই দেখত যেগুলো টিভিতে চলত।


আম্মু অবশ্য কোনো গভীর ভাবনায় ডুবে ছিলেন।


সে ইয়ারফোনটা খুলতে খুলতে নুদরাতের পাশে ধপাস করে সোফায় বসে পড়ল। ওনার তাও ধ্যান ভাঙল না। সাদি চোখ কুঁচকে খুব মন দিয়ে ওনাকে দেখল।


"নুদরাত আপা, আপনাকে কি চিন্তিত দেখাচ্ছে?" সে নিষ্পাপ মুখে জিজ্ঞেস করল। তিনি বেশ বিরক্তি নিয়ে তার দিকে তাকালেন।


"কিছু না।"


"কিছু তো একটা হয়েছে। বলুন, আমি এখনই আপনার সমস্যার সমাধান করে দিচ্ছি।" সে গম্ভীর হয়ে সোজা হয়ে বসল।


"আমি ভাবছি ফারিসের বিয়ে দিয়ে দেওয়া দরকার।"


হানিন আর সাদি দুজনেই চমকে উঠে ওনার দিকে তাকাল। তিনি অনেক ভেবেচিন্তে কথাটি বলছিলেন। হানিনের কপালে ভাঁজ পড়ল।


"মামুর বিয়ে? কিন্তু আম্মু, উনি তো এইমাত্র জেল থেকে বেরোলেন, ওনাকে একটু শ্বাস তো নিতে দিন!"


"হানিন ঠিকই বলছে, আম্মু। উনি এমনিতেই অন্য সব ঝামেলায় আছেন, ওনাকে এখন বিরক্ত করবেন না।"


"চুপ করো তোমরা দুজন! কোনো বিষয়ের গভীরতা বোঝো না, আর মাকে জ্ঞান দিতে এসেছ।" তিনি বিরক্তি নিয়ে বলতে বলতে উঠে দাঁড়ালেন আর টেবিল থেকে বাসনপত্রগুলো তুলে রান্নাঘরে নিয়ে গেলেন। তিনি যখন ফিরে এলেন, ততক্ষণে ওরা দুজন সবকিছু ভুলে আবার টিভি দেখছিল।


"বড়ো আব্বার ফোন এসেছিল। বলছিলেন জুমার নাকি বিয়ের জন্য রাজি হয়ে গেছে। অনুষ্ঠানে যাওয়া আর আত্মীয়স্বজনদের সাথে দেখা করার একটা ইতিবাচক প্রভাব পড়েছে ওর ওপর।" তিনি কুশনটা ঠিকঠাক করে রাখতে রাখতে খুব সাধারণ ভঙ্গিতে তথ্যটা দিচ্ছিলেন। হানিন আর সাদি হুট করে একে অপরের দিকে তাকাল।


"ভালো কথা তো।" নুদরাত অতিরিক্ত কুশনটা তুলে বেডরুমের দিকে যাওয়ার সময় জিজ্ঞেস করলেন।


"হ্যাঁ।" হানিন বেশ অনীহা নিয়ে বলে আবার টিভির দিকে মন দিল।


"হ্যাঁ।" সাদি অবশ্য খুব নিচু স্বরে বলল। মনে মনে চাইলেও সে খুশি হতে পারছিল না। কোথাও একটা বড়সড় ভুল হচ্ছিল।


🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼



Main doston ke ik ik imtihaan se guzra hoon... Bikhar gaya hoon, kai raaste banaata hua


[আমি বন্ধুদের এক একটি পরীক্ষা পার করে এসেছি... নিজে টুকরো টুকরো হয়ে গেছি, কত যে নতুন পথ তৈরি করতে করতে।]


কারদার প্রাসাদে পরের সকালটা আগের চেয়েও বেশি তপ্ত হয়ে উদিত হয়েছিল। হাশিম বারান্দার সিঁড়ি বেয়ে নিচে দাঁড়িয়ে থাকা গাড়ির দিকে যাচ্ছিল। চালকের সালামের উত্তর একটা ভাবলেশহীন মুখ আর ঘাড় নাড়িয়ে দিয়ে সে ভেতরে বসতেই চালক দরজাটা বন্ধ করে দিল। জওয়াহেরাত একটি পিলারের পাশে দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখলেন, যতক্ষণ না তার গাড়িটি ড্রাইভওয়ে ধরে এগিয়ে গিয়ে মেইন গেট পার হয়ে গেল।


"ম্যাম, গাড়ি রেডি।" ফিওনা সামনে দাঁড়িয়ে থাকা গাড়িটির কথা মনে করিয়ে দেওয়ার জন্য ওনাকে ডাকল, যিনি তখন গলায় থাকা মুক্তোর মালার ওপর আঙুল বোলাচ্ছিলেন। চুলগুলো খোঁপা করে বাঁধা আর নীল কামিজের ওপর সাদা ট্রেঞ্চ কোট পরা অবস্থায় তিনি গভীর ভাবনায় নিমগ্ন হয়ে দাঁড়িয়ে ছিলেন। তারপর হুট করেই সিঁড়ি দিয়ে নামতে লাগলেন। ফিওনা পেছনে আসতেই জওয়াহেরাত থামলেন এবং চোখ বড় বড় করে তার দিকে তাকালেন। ফিওনার পা দুটো যেন জমে গেল, সে তখনই মাথা নিচু করে পেছনে সরে গেল।


জওয়াহেরাত সিঁড়ি দিয়ে নেমে এলেন। বাগান পার হলেন। ঘুরে বাড়ির পেছনের অংশে এলেন। সবুজ পাহাড়টা এখানে এসে ঢালু হয়ে নিচে নেমে গেছে। তিনি এক এক পা ফেলে নিচে অ্যানেক্সি ভবনের দিকে এলেন। দরজায় টোকা দিলেন।


কয়েক মুহূর্তের মধ্যেই দরজাটা খুলল এবং ফারিসকে দেখা গেল। সে ট্রাউজার আর ফুল হাতার টি-শার্ট পরে ছিল। বেশ অনেক আগে ঘুম থেকে উঠেছে বলে মনে হচ্ছিল। ওনাকে দেখে সে চোখ কুঁচকে কিছুটা অবাক হলো, তারপর পেছনে সরল। "আসুন।"


"গুড মর্নিং।" তিনি হাসিমুখে ভেতরে ঢুকলেন। সরু করিডোর পার হয়ে বসার ঘরে চলে এলেন, যার সাথেই খোলা রান্নাঘর ছিল। ঘুরে চারপাশটা খুঁটিয়ে দেখলেন।


"বাড়িটার বেশ সংস্কারের দরকার। আর পরিষ্কার-পরিচ্ছন্নতারও। তুমি অনুমতি দিলে আমি ফিওনাকে পাঠিয়ে দিতাম?" রান্নাঘরের কাউন্টারে হেলান দিয়ে দাঁড়িয়ে তিনি ফারিসকে উদ্দেশ্য করে বললেন।


"দরকার নেই!" সে সামনে এগিয়ে এল, চায়ের নিচের আঁচটা বন্ধ করল এবং ওপরের ক্যাবিনেট থেকে কাচের গ্লাস বের করল। জারতাশার বিয়েতে পাওয়া বাসনপত্র, যার বেশিরভাগই বাক্সে প্যাক করা ছিল।


গ্লাসটা কল থেকে ধুয়ে উপুড় করে স্ট্যান্ডে রাখল। তারপর ফ্রিজের দিকে এগিয়ে গেল। জওয়াহেরাত বুকে হাত বেঁধে, এক হাত আগের মতোই গলার মুক্তোর মালায় বোলাতে বোলাতে হাসিমুখে তাকে দেখতে লাগলেন।


"আপনার কোনো কাজ ছিল?"


"একটা দরকার ছিল তোমার সাথে। দুপুরে আমাকে জুমারের বাড়ি নিয়ে যাবে?"


ফ্রিজ থেকে জুসের প্যাকেট বের করতে গিয়ে ফারিস ক্ষণিকের জন্য থমকে গেল, তারপর দরজা বন্ধ করে কাউন্টারের দিকে এল। চেহারা আগের মতোই ভাবলেশহীন রইল। "কেন? চালক কোথায় গেছে?"


"তোমার কি আমার চালক হতে কোনো আপত্তি আছে?"


"না। আমাকে একটা কাজে যেতে হবে দুপুরে।" সে কাচের গ্লাসে জুস ঢালছিল। গাঢ় জুসে গ্লাসটা ভরে যেতে লাগল।


"কোথায় যেতে হবে?"


"এক বন্ধুর সাথে দেখা করতে।"


"এটা তো আরও ভালো কথা। যাওয়ার সময় আমাকে নামিয়ে দিও আর ফেরার পথে তুলে নিও।" ফারিস গ্লাসটা ওনার দিকে বাড়িয়ে দিলে তিনি তা নিতে নিতে কাঁধ ঝাঁকালেন, যেন কথা এখানেই শেষ।


"ঠিক আছে।" সে ঘুরে চুলার দিকে এল আর মগে নিজের চা ঢালতে লাগল।


"আমি ইউসুফ সাহেবকে বলেছিলাম যে তুমি আমার সাথে আসবে। উনি চান তুমি আর আমি ওনার সাথে দুপুরের খাবার খাই। তোমার কথা শুনে বেশ খুশি হচ্ছিলেন।"


ফারিস চমকে উঠে ওনার দিকে তাকাল এবং কেতলিটা আবার চুলার ওপর রাখল। "আপনি ইউসুফ সাহেবের সাথে দেখা করতে যাচ্ছেন?"


"হুম।" জুসে চুমুক দিয়ে হাসলেন। "জুমারের বিয়ের জন্য উনি আমাকে বলে রেখেছিলেন। দুটো প্রস্তাব আছে, ওগুলোই ওনাকে জানাতে যাচ্ছি।"


সে সামনের কাউন্টারে হেলান দিয়ে দাঁড়িয়ে ছিল, চায়ের দিকে চোখ নামিয়ে একটা চুমুক দিল। বলল কিছু না। তবে ভঙ্গিটা ছিল বেশ অলস। জওয়াহেরাত তার চোখের ওপর দৃষ্টি জমিয়ে রেখেছিলেন।


"একটা বিচারক সাহেবের, বয়স পঞ্চাশের ওপর, প্রথম স্ত্রীকে তালাক দিয়েছেন আর তিনটে বাচ্চাও আছে। দ্বিতীয়জন আমার কোম্পানির একজন কর্মচারী। বয়স ওনারও প্রায় একই রকম, তবে প্রথম স্ত্রী আর বাচ্চারা গ্রামে থাকে।"


কথাটা বলে তিনি নিজের গলায় মিষ্টি চুমুক ঢাললেন আর ফারিস তেতো চুমুক। দুজনেই যখন নিজ নিজ পাত্র নিচে নামাল, তখন অ্যানেক্সিতে এক নিস্তব্ধতা নেমে এল।


"তুমি তো জানোই জুমারের বাবা অসুস্থ থাকেন, নিজের মেয়েকে নিয়ে খুব চিন্তায় আছেন। মেয়েটা আবার কিডনির রোগী। কে জানে এই দান করা কিডনি কতদিন টিকবে!"


ফারিস কিছুই বলল না। আরও একটা চুমুক দিল। জওয়াহেরাত কিছুটা অস্বস্তি নিয়ে তার চোখ দুটো দেখার চেষ্টা করলেন।


"তোমার হয়তো আমার কথায় কোনো আগ্রহ নেই। ওহ, এটা বলো না যে তুমি এখনও জুমারের ওপর পুরোনো ক্ষোভ পুষে রেখেছ। এখন তো ও তোমার বিরুদ্ধে দেওয়া বক্তব্যও তুলে নিয়েছে, এবার সব ভুলে যাও।"


ফারিস চমকে ওনার দিকে তাকাল। জওয়াহেরাত নিজের ওপর এক কৃত্রিম বিস্ময় ফুটিয়ে তুললেন।


"ওহ, তুমি জানতে না? বিচারক যখন তোমাকে খালাস দিয়ে দিলেন, তখন ও-ও তোমার ব্যাপারে বলা সমস্ত কথা তুলে নিয়েছে। ওর বাবা, নুদরাত, সাদি সবার সামনে ও এই কথা বলেছে যে ও এখন আর তোমার ওপর কোনো দোষ চাপাবে না।"


"এই জন্যই কি ও গত সপ্তাহে আমাকে ওর বাড়ি থেকে বের করে দিয়েছিল?" সে গম্ভীর গলায় বলল, তখন জওয়াহেরাত এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেলেন। তারপর অবহেলায় কাঁধ ঝাঁকালেন।


"এটা মানুষের স্বভাব। বিশ্বাসের খুব কাছাকাছি পৌঁছেও সন্দেহ শেষ একটা ঝটকা ঠিকই মারে, পুরো শক্তি দিয়ে। কিন্তু তার পরেই শান্তি নেমে আসে। যা-ই হোক!"


আরও কয়েক মুহূর্ত নীরবতায় কেটে গেল। তারপর তিনি একটু গলা খাঁকারি দিলেন।


"তোমার ভবিষ্যতের কী পরিকল্পনা?"


"না, আমি এই বাড়ি ছাড়ছি না। আপনি যদি এটা জিজ্ঞেস করতে এসে থাকেন তবে।"


"কী যে বলো না, ফারিস! আমি তোমাকে এখানে দেখে সবচেয়ে বেশি খুশি। তোমার এখানেই থাকা উচিত, বরং কোনো চাকরি শুরু করো, বিয়ে করো, জীবনটা গুছিয়ে নাও। ওটা একটা ঝড় ছিল, এল আর চলে গেল। এই সবকিছু ভুলে যাও।"


"মিসেস কারদার, ঝড় চলে গেলেই শিকড় থেকে উপড়ে যাওয়া গাছ আবার জোড়া লেগে যায় না।"


"তাহলে নতুন বীজ বোনো। নতুন সম্পর্ক তৈরি করো। বিয়ে করে নাও ফারিস, নয়তো কখনো জীবনে এগিয়ে যেতে পারবে না।"


"আমার আরও অনেক কাজ আছে।" সে তিক্ততার সাথে বলতে বলতে শেষ চুমুকটা গলায় ঢেলে ঘুরে গেল।


জওয়াহেরাত কিছুটা জুস বাঁচিয়ে গ্লাসটা কাউন্টারে রাখলেন, তার কাঁধ চাপড়ে "দুপুরে দেখা হচ্ছে" বলে বাইরে চলে গেলেন। ফারিস চোখে এক তীব্র অপছন্দ নিয়ে ওনাকে চলে যেতে দেখতে লাগল।


🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼



Har samt sapere hain jamaaye hue deere... Is shehar mein saanpon ke khareedar bahut hain



[চারিদিকে সাপুড়েরা আস্তানা গেড়ে বসে আছে... এই শহরে সাপের খদ্দের বড্ড বেশি।]


দুপুরটা যখন নামল, তখন চারপাশ এমন সোনালি রোদে ভরে উঠল যে মনে হচ্ছিল প্রতিটি উজ্জ্বল বস্তুই যেন নিখাদ সোনা। ইউসুফ সাহেবের বাড়িটাও কড়া রোদে পুড়ছিল, ঠিক তখনই জুমার ফাইলপত্র আর পার্স হাতে নিয়ে ভেতরে ঢুকল। করিডোর দিয়ে যাওয়ার সময় সে ড্রয়িংরুমের জালিদার পর্দার পাশে এসে থমকে দাঁড়াল। জালির ওপাশে সোফায় পা তুলে জওয়াহেরাত বেশ গাম্ভীর্যের সাথে বসে ছিলেন। আঙুলে অনবরত লকেটের চেইন জড়াতে জড়াতে তিনি মৃদু হেসে আব্বার কথা শুনছিলেন, যিনি সামনের হুইলচেয়ারে বসে নিচু স্বরে কিছু বলছিলেন। জুমার সামনে থেকে আসা সদাঘাতের হাতে নিজের জিনিসপত্রগুলো ধরিয়ে দিল এবং গলা খাঁকারি দিয়ে ভেতরে ঢুকল। জওয়াহেরাত মুচকি হেসে ঘাড় উঁচিয়ে তার দিকে তাকালেন। সে বেশ গম্ভীরভাবে সালাম দিয়ে সিঙ্গেল সোফাটায় বসে পড়ল। বয়সের ব্যবধান থাকা সত্ত্বেও এই দুই নারীর মধ্যে খুব অদ্ভুত একটা মিল ছিল। সম্ভবত দুজনেরই টানটান সোজা ঘাড়, আর না হয় গভীর চোখ জোড়া।


"তোমার বাবা আমাকে একটা খুব ভালো খবর শোনালেন। তুমি নাকি বিয়ের জন্য রাজি হয়েছ।"


জুমার নীরব দৃষ্টিতে বড়ে আব্বার দিকে তাকাল। ওনাকে বেশ নিশ্চিন্ত আর খুশি দেখাচ্ছিল।


"যদি কেউ আমাকে বিয়ে করতে রাজি হয়, তবে নিশ্চিতভাবেই!"


"আর তুমি এই সিদ্ধান্ত পুরোপুরি তোমার বাবার ওপর ছেড়ে দিয়েছ?"


"একদম!" সে কাঁধ ঝাঁকাল।


"আসলেই জুমার?" জওয়াহেরাত তীক্ষ্ণ হাসিমাখা চোখে তার দিকে তাকালেন। "তিনি যার সাথে চাইবেন তার সাথেই তোমার বিয়ে দিয়ে দেবেন, এই কথা কি মন থেকে বলছ নাকি মুখে মুখে?"


"যখন মুখ দিয়ে বলে দিয়েছি, তখন তা পূরণও করব।" সে অবিচল ছিল।


"আর যদি তোমার বাবা তোমার জন্য ফারিসকে বেছে নেন? করতে পারবে ওকে বিয়ে?"


বড়ো আব্বা হুট করে ভীষণ চিন্তিত হয়ে জওয়াহেরাতের দিকে তাকালেন, যেন ওনাকে থামাতে চাইলেন। কিন্তু তিনি লকেটের চেইন আঙুলে জড়াতে জড়াতে জুমারের দিকে তাকিয়ে হেসেই যাচ্ছিলেন। বড়ে আব্বা অপরাধীর মতো ঘাড় নোয়ালেন। জুমার ঠোঁট চেপে জওয়াহেরাতের দিকে তাকিয়ে রইল। সচরাচর এমন হলে সে তখনই জওয়াহেরাতকে বাড়ি থেকে বের করে দিত, কিন্তু আজ সে তেমন কিছুই করল না।


"তোমার এই নীরবতা থেকে আমি কী বুঝব? এটাই তো যে তুমি রাজি হওয়ার কথা শুধু ওপর ওপর বলেছ? আসলে তুমি তোমার বাবাকে এই অধিকার দিতেই চাও না। এটা কি তোমার বাবার সাথে প্রতারণা নয়?"


"এমন কিছু নয়।" সে দ্রুত বলে উঠেই চুপ হয়ে গেল।


"আমার আর তোমার আব্বার মনে হয় ফারিস তোমার জন্য সেরা পছন্দ। প্লিজ, পুরোনো কথাগুলো আবার টেনো না। তুমি নিজেও জানো ও দোষী ছিল কি না। এখন বলো, নিজের কথায় অটল আছ তো?"


বড়ো আব্বা খুব অসহায়ভাবে তার দিকে তাকিয়ে ছিলেন। কিন্তু প্রত্যাশার বাইরে গিয়ে জুমার ভাবলেশহীন চোখে জওয়াহেরাতের দিকে তাকিয়ে রইল।


"হুম!"


"অটল আছি। জানি আব্বা আমার জন্য কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না।" খুব কষ্ট করে নিজের আবেগ নিয়ন্ত্রণ করে সে কথাগুলো বলল।


"তুমি ভেবে নাও, এটা তো শুধু আমাদের মাথায় এমনিই এল, তাই..." তিনি কিছুটা লজ্জিত হয়ে সাফাই গাইতে চাইলেন।


"সব ভেবে নিয়েছি। যা ইচ্ছে করুন।"


"আর হ্যাঁ, ফারিস এখন আমাকে নিতে আসবে। যদি তোমার আবার ওকে বাড়ি থেকে বের করে দেওয়ার ইচ্ছে থাকে, তবে এখনই বলে দাও, যাতে আমি ওকে আসতে বারণ করে দিই।"


জুমার চরম আত্মসংবরণ করে নিজেকে রাগ থেকে রুখল এবং আস্তে করে বলল—


"সেদিন আমি ভুল করেছিলাম, আমার ওভাবে করা উচিত হয়নি। আই অ্যাম সরি, আব্বা।" সে এক ঝটকায় উঠে দাঁড়িয়ে বাইরে চলে গেল। করিডোরে এসে সে বুক ভরে কয়েকটা গভীর শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করল, কিন্তু অতীতের সব কথা যেন স্মৃতিতে উপচে উপচে বাইরে আসছিল। সে বুকে হাত রেখে চোখ বন্ধ করে করিডোরের দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল।


ভেতরে জওয়াহেরাত খুব আয়েশ করে বলছিলেন, "ভাইয়া, ওকে মানানো কঠিন ছিল না।"


"এটিকে মানানো বলে না, প্রতিবাদ বলে।" তিনি নেতিবাচকভাবে মাথা নেড়ে আফসোস করছিলেন। জওয়াহেরাত নিজের মুখের বিরক্তিটুকু কোনোমতে চেপে বললেন, "জুমারকে কেউ বাধ্য করতে পারে না। ও নিজের ভালো-মন্দ ভেবেই জবাব দিচ্ছিল। ফারিসের সাথে বিয়েতে ওর কোনো আপত্তি থাকবে না।"


(গত দেড় ঘণ্টা ধরে অনবরত কথা বলতে বলতে তিনি ক্লান্ত হয়ে গেছেন, কিন্তু ওনারা তখনও ওখানেই আটকে ছিলেন।)


ঠিক তখনই ওনার মোবাইল বেজে উঠল। জওয়াহেরাত ফোন তুললেন না, ওভাবেই বসে রইলেন।


"ফারিস বাইরে আমাকে নিতে এসেছে। আপনি এমন কেন করছেন না যে বাইরে দরজা পর্যন্ত গিয়ে ওকে ভেতরে নিয়ে আসুন? আমার কথায় তো ও আসবে না।"


বড়ো আব্বা মাথা নেড়ে সম্মতি জানালেন এবং হুইলচেয়ার ঘুরিয়ে চলে গেলেন। সাথে সদাকাতকেও ডাক দিলেন। তিনি যখন ফিরে এলেন, তখন ফারিস ওনার সাথে ছিল। (জুমার ততক্ষণে ভেতরে চলে গিয়েছিল।)


পরিবেশটা ফারিসের জন্য স্বস্তিকর ছিল না, কিন্তু সে নিরুপায় ছিল। সে চুপচাপ সেই সিঙ্গেল সোফাটায় বসে পড়ল, যেখান থেকে এইমাত্র জুমার উঠে গিয়েছিল।


"আপনার শরীর কেমন আছে?" সে নিচু স্বরে জিজ্ঞেস করল। ডান পা-টা বাম হাঁটুর ওপর তুলে কনুইটা সোফার হাতলে রাখল। ব্যস, যত দ্রুত সম্ভব সে এখান থেকে বের হতে চায়।


"ভালো আছি। তুমি এসেছ দেখে আমার খুব ভালো লাগল। তোমাকে অনেক ধন্যবাদ, ফারিস।"


ওরা দুজনে সাধারণ কিছু কুশল বিনিময় করছিল। জওয়াহেরাত বিরক্ত হয়ে চোখ ঘোরালেন। আরও কয়েক সেকেন্ড কেটে গেল। সদাকাত চা পরিবেশন করে চলে যাওয়ার পর জওয়াহেরাত একটু গলা খাঁকারি দিলেন। দুজনেই ওনার দিকে তাকাল।


"আমার মনে হয় তোমার সাথে কথা বলার এটাই একটা ভালো সুযোগ, ফারিস!"


বড়ো আব্বা মারাত্মকভাবে চমকে উঠলেন। ফারিসও মনোযোগ দিয়ে শুনতে লাগল।


"ইউসুফ সাহেবকে তুমি কতটা সম্মান করো, তোমার ওপর ওনার কত অবদান আছে, কত খারাপ সময়ে উনি তোমাকে সাহায্য করেছেন—আমরা সবাই তা খুব ভালো করেই জানি।"


জুমার আবার করিডোরে এসে দাঁড়াল। ধড়ফড় করতে থাকা বুক নিয়ে সে দেয়ালের সাথে লেপ্টে গিয়ে শুনতে লাগল।


"জি!" ফারিস কিছুটা অবাক হয়ে জওয়াহেরাতের দিকে তাকিয়ে মাথা নাড়ল।


"এমন অবস্থায় ইউসুফ সাহেবের এই অধিকার আছে যে, তিনি তোমাকে নিজের ছেলের মতো মনে করে একটা প্রশ্ন করতে পারেন।"


বড়ো আব্বা অস্বস্তি নিয়ে চোখ দিয়ে জওয়াহেরাতকে ইশারা করলেন। বারণ করার, চুপ থাকার ইশারা—সবকিছু খুব দ্রুত ঘটছিল। কিন্তু তিনি ওনার দিকে না তাকিয়ে, হাসিমুখে ফারিসকে বলে যাচ্ছিলেন।


"আমি শুনছি। আপনি যেকোনো কিছু বলতে পারেন।"


"আমি তো..." তিনি জলদি কোনো কথা বানিয়ে বলতে চাইলেন, কিন্তু...


"তিনি চান যে, জুমারের যে প্রস্তাব তুমি কয়েক বছর আগে পাঠিয়েছিলে, সেটার জবাব তিনি আজ দেবেন। কারণ সেসময়ের জবাবটা ওনাকে না জিজ্ঞেস করেই দিয়ে দেওয়া হয়েছিল। যদি ওনাকে জিজ্ঞেস করা হতো, তবে ওনার জবাব অন্যরকম হতো।"


জওয়াহেরাতকে থামাতে থামাতে বড়ে আব্বা চুপ হয়ে গেলেন। বাইরে দাঁড়িয়ে থাকা জুমারের ঠোঁট জোড়া বিস্ময়ে হাঁ হয়ে গেল। এই সবকিছু এভাবে হওয়ার কথা ছিল না। ফারিস একদম থমকে গিয়ে ওনাদের দিকে তাকাতে লাগল, যেন সে কিছুই বুঝতে পারছে না।


"ইউসুফ সাহেব চান যে তোমার আর জুমারের বিয়ে হয়ে যাক।"


সেটা শোনার পর ফারিসের শ্বাস যেন সত্যিই আটকে গেল। সে অবলীলায় আব্বার দিকে তাকাল। তিনি অত্যন্ত অসহায় মুখ করে মাথা নিচু করে নিলেন।


"কোনো তাড়াহুড়ো নেই, তুমি ভেবেচিন্তে জবাব দিও।" জওয়াহেরাত দ্রুত বললেন, পাছে সে এখনই না করে দেয়। বড়ো আব্বাও বললেন—


"আর কোনো জোরজবরদস্তিও নেই, বাবা। শুধু একটা ধারণা মাথায় এল তাই বলে ফেললাম। তুমি না করে দিলেও আমাদের সম্পর্ক আগের মতোই থাকবে।"


ফারিস খুব কষ্ট করে মাথা নেড়ে হ্যাঁ জানাল। সে আর কিছু বলার মতো অবস্থায় ছিল না।


"ইউসুফ সাহেব জুমারের জন্য খুব চিন্তায় থাকেন, নিজের জীবনেরও ওনার কোনো ভরসা নেই। তিনি নিজের সামনেই নিজের মেয়েকে এমন কোনো মানুষের হাতে সঁপে দিয়ে যেতে চান, যার ওপর তিনি ভরসা করেন। আর তুমিই সেই একমাত্র মানুষ, ফারিস।" জওয়াহেরাত খুব নরম গলায় বোঝাচ্ছিলেন।


"আমাকে... আমাকে কিছুটা সময় দিন।" বেশ কষ্ট করে সে এটুকু বলতে পারল, তারপর একটা তীক্ষ্ণ দৃষ্টিতে জওয়াহেরাতের দিকে তাকাল।


"আমি বাইরে আপনার জন্য অপেক্ষা করছি।" সে উঠে দাঁড়াল, যেন সেখানে আর এক মুহূর্ত বসাও তার পক্ষে অসম্ভব। বড়ো আব্বা অত্যন্ত হতাশ চোখে তাকে চলে যেতে দেখলেন। সে ওনাদের দিকে চোখ না মিলিয়েই আলতো করে সালাম দিয়ে বাইরে বেরিয়ে এল।


করিডোরে আসতেই সে থমকে গেল। সামনের দেয়ালের সাথে জুমার দাঁড়িয়ে ছিল। এক নিস্পন্দ, ফ্যাকাশে মুখ নিয়ে চরম আত্মনিয়ন্ত্রণের শেষ সীমায়। মাত্র এক পলকের জন্য থমকে দাঁড়িয়ে সে জুমারকে দেখল, কিন্তু জুমার মুখ ফিরিয়ে নিল। সে-ও আর দাঁড়াল না।


হন্তদন্ত হয়ে হেঁটে সে সদর দরজা পার হয়ে গেল।


জওয়াহেরাত আরও কয়েক সেকেন্ড আব্বাকে সান্ত্বনা দিলেন এবং তিনি যখন বের হলেন, জুমার তখনও ওভাবেই দাঁড়িয়ে ছিল। তার ফ্যাকাশে মুখটা এখন অপমানে লাল হয়ে উঠছিল।


"এসব কী ছিল?" সে চাপা গলায় ফুঁসে উঠল। আওয়াজটা খুব নিচু রাখল, যাতে আব্বা শুনতে না পান।




চলবে,,,,



 

Comments

Popular posts from this blog

মুসহাফ - পর্ব: ০৩ (অনুবাদে: রেজওয়ান হোসেন মাসুম) (ফারিস্তে_ইব্রাহিম) (মেহমিল_ইব্রাহিম) (হুমায়ুন_দাউদ) (ফাওয়াদ_কারীম)

মুসহাফ - পর্ব: ০৪ (অনুবাদে: রেজওয়ান হোসেন মাসুম) (ফারিস্তে_ইব্রাহিম) (মেহমিল_ইব্রাহিম) (হুমায়ুন_দাউদ) (ফাওয়াদ_কারীম)

মুসহাফ - পর্ব: ১৩ (অনুবাদে: রেজওয়ান হোসেন মাসুম) (ফারিস্তে_ইব্রাহিম) (মেহমিল_ইব্রাহিম) (হুমায়ুন_দাউদ) (ফাওয়াদ_কারীম)