নামাল-(Namal) অধ্যায়:০৪ পর্ব ১৭, #ফারিস_গাজী (Faris Ghazi) #জুমার_ইউসুফ (Zumar Yousuf)

 


#নামাল-(Namal)


#ফারিস_গাজী (Faris Ghazi) 

 

#জুমার_ইউসুফ (Zumar Yousuf) 



অধ্যায়:০৪


পর্ব ১৭:-


Kabhi kabhi aarzoo ke sehra mein aake rukte hain qaafley se


[কখনো কখনো আকাঙ্ক্ষার মরুভূমিতে এসে যেন কাফেলাগুলো থমকে দাঁড়ায়।]


সকালে হানিন তার অভ্যাসমতো তাড়াহুড়ো করে স্কুলের জন্য তৈরি হলো। জুমার আর সায়াম একদম প্রস্তুত হয়ে তার অপেক্ষায় দরজায় দাঁড়িয়ে ছিলেন। সে আসতেই দরজার বেল বেজে উঠল। জুমার এগিয়ে গিয়ে দরজা খুললেন। বাইরে এক যুবক দাঁড়িয়ে ছিল—স্যুটেড-বুটেড, চোখে সানগ্লাস। তার হাতে একটা লম্বা প্যাকেট ছিল।


“হানিন ইউসুফ?” প্রশ্নবোধক দৃষ্টিতে তার দিকে তাকাতেই হানিন একপাশে সরে দাঁড়াল।


“কারদার সাহেব পাঠিয়েছেন।” লোকটা ওনাদের কোনো কর্মচারী ছিল। প্যাকেটটা বুঝিয়ে দিয়ে সে বেশ বিনীতভাবে বিদায় নিল। বাইরে তার গাড়ি দাঁড়িয়ে ছিল।


হানিন কিছুটা অবাক আর বিভ্রান্ত হয়ে বক্সটা নিয়ে ভেতরে এল। গোল টেবিলটার ওপর ওটা রাখল এবং সবাই তার চারপাশে জড়ো হলো। সে কিছুটা দ্বিধা নিয়ে ঢাকনাটা তুলল, আর তারপর... সে যেন শ্বাস নিতেই ভুলে গেল!


একদম চকচকে নতুন laptop, iPad, iPhone, iPod। প্রতিটা আধুনিক ডিভাইস আলাদা আলাদা বক্সে রাখা ছিল। আর সেগুলোর ওপর একটা চিরকুট:


“আমি কারও উপকার ভুলি না। —আওরঙ্গজেব।”


জুমার চিরকুটটা পড়লেন। নুদরাত ফিসফিস করে তাকে বুঝিয়ে বললেন উনি কে। (ফারিসের কাজিন হাশিম, যার কথা সাদি প্রায়ই বলে? Okay!) তিনি হানিনের মুখের ভাব লক্ষ্য করতে লাগলেন। হানিন তখন শকের ধাক্কা কাটিয়ে আনন্দের সাথে সবকিছু খুলতে শুরু করল। তবে নুদরাত একদম চুপ হয়ে গেলেন।


“এত দামি দামি জিনিস! এগুলো আমাদের রাখা একদম ঠিক হবে না।”


জুমার সায়ামকে নিয়ে দরজার দিকে এগিয়ে গেলেন। তিনি ওনাদের এমন ব্যক্তিগত পারিবারিক কথোপকথনের মধ্যে থাকতে চাইলেন না। ঘর থেকে বেরোনোর সময় তিনি হানিনের গলার আওয়াজ শুনতে পেলেন।


“আম্মু ইয়ার! কী করছ? আমি ওনার laptop ঠিক করে দিয়েছি, উনি শুধু ধন্যবাদ জানাতে চেয়েছেন। এভাবে কেউ ফেরত দেয় নাকি!” সে বাইরে চলে এল।


হানিন যখন গাড়িতে এসে সামনের সিটে বসল, তখন সে তার আম্মুর মোবাইল কানে দিয়ে কথা বলছিল। জুমার খুব ভালো করেই জানতেন কার ফোন হবে।


“ওখানে তো এখন মাঝরাত হবে, তাই না?” তিনি হেসে গাড়ি স্টার্ট করতে করতে বললেন, কিন্তু হানিন ওনার কথা না শুনে অত্যন্ত উত্তেজিত হয়ে সবকিছুর বিবরণ দিচ্ছিল।


“ল্যাপটপটা সিলভার কালারের, আর iPod-টা...”


“আমার কথা শোনো! তুমি এই সবকিছু ফেরত দিয়ে দাও।” সে ঘুম থেকে জেগে উঠেছিল আর এখন পুরোপুরি alert ছিল। হানিন কথা বলতে বলতে থমকে গেল। জুমার গাড়ি চালাতে চালাতে আড়চোখে তার দিকে তাকালেন।


“এই সবকিছু আমি তোমাকে কিনে দেব।”


“আর যদি তখন আমি আপনাকে ওগুলো ফেরত দিয়ে দিই, তবে আপনার কেমন লাগবে ভাইয়া? উনি আমাদের কোনো গরিব আত্মীয় ভেবে দয়া করে এগুলো দেননি। আমি ওনার একটা কাজ করে দিয়েছিলাম, উনি সেটার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আমি যদি উপহারের লোভী হতাম, তবে উনি যখন মাঝেমধ্যে জিজ্ঞেস করেন—‘আমি অমুক দেশে যাচ্ছি, তোমার কিছু লাগবে?’—তখন কি আমি প্রতিবার এটা বলে প্রত্যাখ্যান করতাম না যে, ‘Sorry uncle! আমি বিনা কারণে কোনো উপহার নিই না’?”


“ওহ, আচ্ছা।” সে সত্যিই বুঝতে পারল। “Okay, তুমি ওগুলো রেখে দাও। এখন আমাকে ঘুমাতে দাও।”


হানিন ফোনটা রেখে জানালার বাইরে তাকাতে লাগল। তারপর কিছুটা দ্বিধা নিয়ে জুমারের দিকে চাইল।


“আপনাকে যদি কেউ এভাবে উপহার দেয়, আপনি কি সেটা রেখে দেবেন?”


সে আসলে নিজের কাজের একটা যৌক্তিকতা খুঁজছিল। জুমারের যেন হঠাৎ কিছু মনে পড়ে গেল। তিনি গিয়ারের পেছনের বক্সটা খুললেন এবং কিছু একটা বের করে তার কোলে রাখলেন। একটা কালো মখমলের কৌটা আর একটা ভাঁজ করা কাগজ। হানিন ইউসুফ একদম থতমত খেয়ে গেল।


“গতকাল সকালে এটা কেউ আমাকে courier করেছে। পড়ো।”


হানিনের মুখটা ফ্যাকাসে হয়ে গেল। সে ভয় পাওয়া চোখে জুমারের দিকে তাকাল। জুমার বেশ শান্তভাবে গাড়ি চালাচ্ছিলেন। সে কাঁপা হাতে কাগজটা তুলে নিল। জুয়েলারি পর্যন্ত ঠিক ছিল, কিন্তু মামুর কাছ থেকে love letter আশা করা যায় না। কাগজের ভাঁজ খুলতেই সে মাথা তুলল।


“আগে কখনো ক্লাসে বলার সাহস হয়নি। এটা আপনার ওপর তার চেয়েও বেশি মানাবে, যা আপনি সাধারণত পরেন।”


(এটাকে love letter বলে? এর চেয়ে ভালো love letter তো লিংকন ব্রোজ লিখে ফেলত!) মামুর হাতের লেখা সে খুব ভালো করেই চিনত। তার ভয় কেটে গেল, কিন্তু এক অদ্ভুত কৌতূহল জাগল।


“আপনি কি এই nose pin-টা রাখবেন?”


জুমার চমকে উঠে তার দিকে তাকালেন। “তুমি তো ওটা এখনও খোলোইনি!”


“এটাতে... লেখা আছে যে এটা আপনার ওপর মানায় না।” সে নিজের নাকে আঙুল দিয়ে ছুঁয়ে দেখাল। “কারও যদি এতটুকু sense থাকে, তবে সে এটাও জানবে যে nose pin-টাই বেশি ভালো লাগবে। এখন দেখুন আমার ধারণা ঠিক মেলে কি না।” বলতে বলতেই সে কৌটাটা খুলল। হিরের নাকফুলটা সামনে ঝলমল করছিল। হানিন এক বিজয়ের হাসি নিয়ে ওনার দিকে তাকিয়ে কাঁধ ঝাঁকাল।


“আপনি কি জানেন এটা কে পাঠিয়েছে?” সে বেশ সাবধানে জিজ্ঞেস করল।


“এতগুলো ব্যাচ পড়িয়েছি, শত শত student পাস করে গেছে। কিন্তু খুব কম মেয়েই আমার বাড়ির ঠিকানা জানে। তাদের মধ্যেই কেউ একজন হবে।”


“হবে?” হানিনের গলাটা তেতো হয়ে গেল।


“তাহলে... এখন আপনি কী করবেন?”


“আমি এই courier কোম্পানিতে গিয়ে প্রেরকের ঠিকানা জানার চেষ্টা করব। শেষ পর্যন্ত ওরাও কীভাবে একটা diamond jewelry courier করতে দিল! তারপর ওটা ফেরত দিয়ে দেব। কারণ আমি আমার student-দের কাছ থেকে কোনো উপহার নিই না। এটা আমার নীতির বিরুদ্ধে।”


“তাহলে আমিও কারদার সাহেবকে এই সবকিছু ফেরত দিয়ে দিচ্ছি। আমারও তো কিছু নীতি থাকা উচিত। কথা শেষ।” হানিন কিছুটা অভিমান করে কাগজটা কৌটায় রাখল, কৌটাটা আগের জায়গায় ফেরত দিল এবং জানালার বাইরে তাকাতে লাগল।


জুমার একটা দীর্ঘশ্বাস ফেললেন। হানিন আর নিজের মাঝখানের এই নতুন গড়ে ওঠা চমৎকার সম্পর্কের দূরত্বটাকে শুধু একটা নীতির কারণে নষ্ট হতে দেওয়া যায়? উঁহু!


“নীতিতে কিছুটা পরিবর্তন আনা যেতে পারে। আপনজনদের জন্য সবকিছুই করা যায়।”


“Okay, আমি এটা রেখে দিচ্ছি।” হানিন শুধু মাথা নেড়ে বাইরে তাকিয়ে রইল। জুমার বেশ অবাক হয়ে তার দিকে তাকালেন।


“তুমি হাসছ কেন?”


সে ঘাবড়ে গিয়ে নিজের মুখটা সোজা করল এবং ঘাড় এদিক-ওদিক ঘোরাল। “কই, না তো!” আর সে মুখটা আরও ঘুরিয়ে নিল।


স্কুলে ওরা দুজনে একটা স্তম্ভের আড়ালে দাঁড়িয়ে ছিল। ওদের চোখ ছিল মেইন গেটের দিকে।


“আমাদের শুধু ওর address অথবা অন্য কোনো contact information চাই।”


“ওই যে সাবরিনা।” সে ভেতরে আসতে থাকা মেয়েটার দিকে ইশারা করল, তারপর বেশ অধৈর্য হয়ে জুমারের দিকে তাকাল।


“কিন্তু আপনি ওর নম্বর আর ঠিকানা কীভাবে পাবেন? সেটার জন্য তো আপনাকে record room-এ যেতে হবে অথবা স্কুলের system data-য়... কোথায় যাচ্ছেন আপনি?”


তিনি স্তম্ভের আড়াল থেকে বের হয়ে যেতে লাগলেন। হানিনের এমন ঘাবড়ে যাওয়া দেখে তিনি থামলেন এবং তার দিকে তাকিয়ে মৃদু হাসলেন।


“সাবরিনার কাছ থেকেই ওর ঠিকানা নিতে।” আর হাকাবাকা হয়ে দাঁড়িয়ে থাকা হানিনকে রেখে তিনি কিছুটা এগিয়ে গেলেন। ততক্ষণে সাবরিনা বারান্দা পর্যন্ত চলে এসেছিল। হানিন চট করে ঘুরে দাঁড়িয়ে দেয়ালে পিঠ ঠেকাল। তার কান ওখানেই খাড়া ছিল।


জুমার সাবরিনার পাশ কাটিয়ে চলে যাচ্ছিলেন, তারপর তার মুখ দেখে থমকে দাঁড়ালেন এবং বেশ আনন্দিত হয়ে তাকে ডাকলেন।


“আরে সাবরিনা! তুমি ম্যাডাম ইয়াসমিনের মেয়ে না? কেমন আছ? ম্যাডাম কেমন আছেন?”


সাবরিনা থামল। কিছুটা বিভ্রান্ত হয়ে হাসল।


“জি, আমি সাবরিনা... আপনি?”


“Don’t tell me! তুমি আমাকে চিনতে পারোনি? ছোটবেলায় তুমি কত গোলগাল ছিলে, এখন তো আরও মিষ্টি হয়ে গেছ। আম্মু কোথায়? এখনও job করছেন নাকি...?”


“জি, আম্মু তো ভাইস প্রিন্সিপাল...”


“আমি কত out of touch হয়ে গেছি! আমি তো দুবাই চলে গিয়েছিলাম না। আজ আমার ভাগ্নির admission-এর জন্য এসেছিলাম। এক কাজ করো, আমাকে তোমার নম্বরটা দাও তো।” তিনি নিজের কাঁধের পার্স থেকে তাড়াতাড়ি একটা নোটবুক আর কলম বের করে তার হাতে দিলেন। “ল্যান্ডলাইন নম্বরটাও দিয়ো আর ঠিকানাও লিখে দাও। আমি কোনো একদিন ম্যাডামের সাথে দেখা করতে চলে আসব।”


সাবরিনা ভাবার মতো খুব বেশি সময় পেল না। সে খাতার পাতায় ঝটপট শব্দগুলো লিখে দিল।


জুমার নোটবুকটা ফেরত নিয়ে হাসিমুখে বিদায় জানালেন এবং সাবরিনা ভেতরের দিকে চলে গেল। হানিন তখনও স্তম্ভের আড়ালে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে ছিল।


সে যখন দূরে চলে গেল, জুমার স্তম্ভের কাছে ফিরে এলেন। কাগজটা হানিনের সামনে দোলাতে দোলাতে এক বিজয়ের হাসি নিয়ে তার দিকে তাকালেন। হানিন সত্যিই অবাক হয়ে গিয়েছিল।


“তুমি এখনও আমার এই রূপটা দেখোনি, হানিন!”


“সত্যিই দুর্দান্ত performance ছিল!” তারপর সে অবাক আর বিভ্রান্ত হয়ে অ্যাসেম্বলির দিকে দৌড়াল। কিন্তু মাঝপথে থেমে আবার ঘুরে দাঁড়াল। নিজের নাকে আঙুল রেখে বলল, “আপনার ওপর ওটা সত্যিই খুব একটা মানায় না।” আর সে দৌড়ে চলে গেল।


জুমার গাড়িতে এসে বসার সময় মুহূর্তের জন্য আয়নায় নিজের মুখটা দেখলেন। সোনার বালির মতো জিনিসটা কি সত্যিই তার ওপর মানায় না?


“উঁহু...” ওনার মনে কিছুটা হতাশা জাগল।

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼


Wo baat saare fasane mein jis ka zikr na tha... wo baat unko bohot nagawaar guzri hai


[পুরো কাহিনির কোথাও যে কথাটির উল্লেখ ছিল না... ঠিক সেই কথাটিই ওনাদের ভীষণ মনে লেগেছে।]


সন্ধ্যার হিমেল বাতাসে গাছের পাতাগুলো ঝিরঝির করে এক অদ্ভুত সুরের মূর্ছনা ছড়িয়ে দিচ্ছিল। সাদি ছোট ছোট পা ফেলে সেই চমৎকার বাড়িটার সামনে এসে দাঁড়াল। রেলিংয়ের ছোট গেটটা ধাক্কা দিয়ে খুলল এবং সবুজ লন ধরে সামনের দিকে এগিয়ে এল।


খোলামেলা লনটার ওপাশে পোর্চ, আর সেখান থেকে দেয়ালটা বাঁক নিয়ে ঘুরে গেছে। সেই বাঁক পার হয়ে সদর দরজার দিকে আসতেই সে আচমকা থমকে দাঁড়াল।


হাশিমের স্ত্রী শেহরিন সেখানে দাঁড়িয়ে ছিল। সাদির দিকে পিঠ ফিরিয়ে, সদর দরজার দিকে নজর রেখে সে বেশ বিরক্ত হয়ে মোবাইলে কথা বলছিল।


"হাশিম তো আগেই আমাকে সন্দেহ করে, আর এখন তো ওর মা-ও এখানে এসেছে। আমি রোজ রোজ তোমার সাথে দেখা করতে আসতে পারব না। cousin যখন, তখন cousin হয়েই থাকো। আমি..."


স্রেফ কয়েক সেকেন্ডের ব্যাপার ছিল। সাদি বুঝতে পারছিল না সে পেছনে ফিরে যাবে নাকি সামনে এগিয়ে যাবে, আর ঠিক তখনই শেহরিন এক অদ্ভুত অনুভূতিতে পেছনে ঘুরে তাকাল। তার অনর্গল চলতে থাকা মুখটা থমকে গেল, চেহারা ফ্যাকাসে হয়ে গেল। নিমেষেই কান থেকে হাতটা নামিয়ে ফোনসহ হাতটি পাশে ঝুলিয়ে দিল।


"আসসালামু আলাইকুম।" সে মাথা নিচু করে খুব সাধারণ ভঙ্গিতে সালাম দিয়ে দরজার দিকে পা বাড়াল।


"ওয়ালাইকুম আসসালাম... আমি আমার বোনের সাথে কথা বলছিলাম।" সে বেশ অপ্রস্তুত হয়ে বলল। সাদি কিছু না জানার ভান করে "Sorry" বলে থামল। শেহরিন চুপ হয়ে গেল।


"Mrs. Jwahirat কি ভেতরে আছেন?"


"হ্যাঁ।" সে দ্রুত সামনে এগিয়ে এসে দরজা খুলল এবং গলা ফাটিয়ে চিৎকার করে ডাকল, "মেরি! মেরি!"


মেরি তাড়াহুড়ো করে ছুটে এল। শেহরিন ইশারা করতেই সে সাদিকে ভেতরে নিয়ে গেল। শেহরিন দরজার গোড়ায় দাঁড়িয়ে বেশ অস্থির হয়ে তাকে ভেতরে যেতে দেখছিল। ঠিক তখনই কৃষ্ণাঙ্গ হাউসকিপারকে ওখান থেকে বের হতে দেখে সে তাকে থামাল।


"শোনো! এই ছেলেটা কে?"


"এ সাদি। নওশেরওয়ানের বন্ধু।"


"ওহ, ফারিসের ভাগ্নে! হাশিম ওর কথা বলত।" সে ভেতরে চলে এল। জলন্ত কয়লার ওপর পা পড়া বিড়ালের মতো এদিক-ওদিক চক্কর কাটতে লাগল। "জওয়াহেরাত study-তে আছেন।"


উনি লাউঞ্জের বদলে study-তে বসে আছেন—তার মানে এই ছেলেটাকে উনি নিজেই ডেকে পাঠিয়েছেন। Oh no! সে যদি উল্টোপাল্টা কিছু বলে দেয়?


সে বেশ দুশ্চিন্তা নিয়ে study-র দরজার কাছে চলে এল। কাঠের তৈরি soundproof দরজাটা বন্ধ ছিল। ওরা দুজনে ভেতরে ছিল। এখন উপায়?


তখনই একটা বুদ্ধি তার মাথায় খেলে গেল। সে বাড়ি থেকে বাইরে বেরিয়ে এল। ভবনের চারপাশ ঘুরে সে study-র জানালার পাশে এসে দাঁড়াল। তার ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। তার অনুমান একদম ঠিক ছিল। জওয়াহেরাত জানালা খুলে বসার অভ্যস্ত ছিলেন, আর এই মুহূর্তেও তিনি জানালার পাশেই বসে ছিলেন। সাদি ওনার সামনের চেয়ারটায় বসেছিল। দুজনের মাঝে একটা টেবিল ছিল, যার ওপর তাজা ফুলের একটা তোড়া রাখা। জওয়াহেরাত ওয়েস্টার্ন স্টাইলের পোশাকে সেজে, কনুইটা চেয়ারের হাতলে রেখে, দুই আঙুল দিয়ে লকেটের হিরেটা নিয়ে খেলতে খেলতে হাসিমুখে ওর কথা শুনছিলেন।


শেহরিন দেয়ালের সাথে গা ঘেঁষে আরও কাছে সরে এল। কান দুটো কথার দিকেই লেগে ছিল—নিজের নাম শোনার এক অজানা আশঙ্কায়।


"আমাদের department-গুলো আলাদা। আমি ওর খুব একটা খেয়াল রাখতে পারি না। কিন্তু গত কিছুদিনে কিছু বন্ধুদের কাছ থেকে যখন এই সব জানতে পারলাম, তখন আমি ভাবলাম..." সাদি কথাগুলো বলে কাঁধ ঝাঁকাল।


"আমি এসে গেছি, সব handle করে নেব।" জওয়াহেরাত হেসে মাথা সামান্য দোলালেন। "আমি শুধু তোমার মুখ থেকে সবটা শুনতে চাচ্ছিলাম। তুমি কি নিশ্চিত যে ও বাড়িতেও drugs লুকিয়ে রেখেছে?"


"আমি জানি না। হয়তো ঘরে থাকতে পারে। আমি এখানে খুব কমই আসি। তবে আপনি ওকে একটু বুঝিয়ে বলবেন।" সে বেশ চিন্তিত দেখাল।


জওয়াহেরাত হেসে মাথা ঝাঁকিয়ে বললেন, "লোকে বলে আল্লাহ আকাশ থেকে চারটে কিতাব নামিয়েছেন, আর তারপর পঞ্চম ডান্ডাটা পাঠিয়েছেন। যে ওগুলো দিয়ে বোঝে না, সে এটা দিয়ে বুঝবে।"


"তাও ভালো... আচ্ছা, আমি একটু শেরুর সাথে দেখা করে নিই।" সে অনুমতি চেয়ে উঠে দাঁড়াল। জওয়াহেরাত চেনা গাম্ভীর্যের সাথে মাথা নেড়ে সায় দিলেন।


"আমি খুশি হলাম যে তুমি ওর খেয়াল রাখো।"


শেহরিন কিছুটা অবাক হয়ে সেখান থেকে সরে এল। তার মুখে একরাশ বিভ্রান্তি ছিল। কথাগুলো কেটে কেটে কানে আসছিল, তবে তার নিজের কোনো উল্লেখ ছিল না। সে কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে ভাবল, তারপর ভেতরে ফিরে এল।


এবার শেরুর ঘর থেকে আওয়াজ আসছিল। দরজা অর্ধেক খোলা ছিল। কাছেই দেয়াল ঘেঁষে একটা শোকেস রাখা ছিল। সে সেখানেই দাঁড়িয়ে একটা magazine ওলটপালট করার ভান করতে লাগল।


সে ভেতরে couch-এর ওপর বসে ছিল, বারবার ঘড়ি দেখছিল। ওরা দুজনে এখনও ইউনিভার্সিটির গল্প করছিল। নওশেরওয়ান ঘরের পোশাকে বরাবরের মতোই বেশ উদাসীন লাগছিল।


"তুমি কি মাম্মির সাথে দেখা করেছ?" চিরচেনা অবহেলায় কথাটি বলে শেরু রুমের ফ্রিজ থেকে soft drink-এর দুটো ক্যান বের করল। একটা ওর দিকে বাড়িয়ে দিল এবং অন্যটায় নিজে চুমুক দিল। সাদি ক্যানটি আলতো করে পাশে রেখে দিল, কারণ তাকে দ্রুত ফিরতে হবে।


"হ্যাঁ, উনিই ডেকেছিলেন। গতবার উনি যখন এসেছিলেন, তখন আমি দেখা করতে পারিনি, তাই ওনার একটু অভিমান ছিল।" সে খুব স্পষ্ট করে জানাল।


"মাম্মিও না, বড্ড possessive!" শেরু ঘাড় পেছনে হেলিয়ে একটা বড় চুমুক দিল। তারপর সোজা হয়ে বসল। "লুনা..."


"না, আমি এখন যাব।" সাদির চোখ হঠাৎ কম্পিউটার স্ক্রিনের ওপর পড়ল। "Oh শেরু! তুমি আর আমিন এখনও এই game-টার পিছু ছাড়োনি?"


"এক সপ্তাহ পর খেলছি। সারাদিন পড়াশোনা করতে করতে মাথা একদম জ্যাম হয়ে যায়।"


সাদি ঘুরে দরজার দিকে তাকাল। এখান থেকে অর্ধেক লাউঞ্জ দেখা যাচ্ছিল। শেহরিনকে দেখা যাচ্ছিল না।


"উনি তোমার ভাবি ছিলেন না, ওই যে blonde চুলের ভদ্রমহিলা?"


বাইরে দাঁড়িয়ে থাকা শেহরিনের পুরো শরীর টানটান হয়ে গেল, ভুরু জোড়া কুঁচকে এল।


"উনি কোনো blonde নন। চুল dye করান। প্রতি তিন মাস পরপর এখান থেকে পাঁচশ পাউন্ড খরচ করে hair do করিয়ে আসেন।" সে আবারও হাসল।


"তোমার ভাবি মানুষ হিসেবে কেমন?" সাদি খুব সাধারণ ভঙ্গিতে জিজ্ঞেস করল।


"সকাল সকাল এত মেকআপ করে ঘর থেকে বের হন, তারপর সারা শহর ঘুরে বেড়ান। ভাইয়ার টাকা দু-হাতে ওড়ান। সোনিয়ার একটুও খেয়াল রাখেন না। ভাইয়ার সাথে তো প্রায়ই ঝগড়া লেগে থাকে। তোমার কেমন লেগেছে উনাকে?" ঘাড় পেছনে হেলিয়ে আরও একটা চুমুক দিয়ে সে কথাগুলো বলছিল।


"হুম, ভালোই।" সে যাওয়ার জন্য সামনে এগিয়ে গেল। ততক্ষণে শেহরিন নিজের ঘরে গিয়ে লুকিয়ে পড়েছে। দরজা বন্ধ করে সে বিছানার কোণায় এসে বসল। অপমানের চোটে তার মুখটা লাল হয়ে আসছিল। চোখে অস্থিরতা, দুশ্চিন্তা আর রাগ—সব একসাথে দানা বাঁধছিল। সে ঘরের মধ্যে ছটফট করে চক্কর কাটতে লাগল।


তার বেশ কিছুক্ষণ পর সে যখন বাইরে এল, তখন ঘরে তুমুল হট্টগোল চলছিল।


"আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি তার যোগ্য ছিলে না। একদম নিজের বাবার মতো হয়েছ! সেই একই মেজাজ, একই রাগ আর একই অভ্যাস। ওই একটা ফারিস কম ছিল নাকি যে তোমার বাবার copy হয়েছ! ওনার শখ বন্দুকের, আর তোমার... তোমার শখ এই জিনিসের!"


শেহরিন অবাক হলেও বেশ সাবধানে পা ফেলে ফেলে শেরুর ঘরের দরজার কাছে এল। দরজাটা পুরো খোলাই ছিল। ভেতরে শেরু অপরাধীর মতো ভ্যাবাচ্যাকা খেয়ে দাঁড়িয়ে ছিল এবং বারবার তার মাকে থামানোর চেষ্টা করছিল, যিনি এক ক্ষিপ্ত বাঘিনীর মতো এক একটা ড্রয়ার খুলে জিনিসপত্র বাইরে ছুড়ে ফেলছিলেন।


শেহরিন বুকের ওপর হাত বেঁধে বেশ শান্তিতে সেই দৃশ্য উপভোগ করতে লাগল।


"মাম্মি, please আমি..."


"আমার তো ইচ্ছে করছে এখনই police-কে ফোন করে বলি যে এই drug dealer-টাকে এসে নিয়ে যান, ও আমার বাড়িতে আছে। এটা আমার বাড়ি, শুনেছ তুমি? এটা আমার বাড়ি!" তিনি চিৎকার করতে করতে ওয়ার্ডরোব থেকে কাপড়চোপড় বের করে মেঝেতে ছুড়ে ফেলছিলেন। দুটো সাদা-ধূসর প্যাকেটের মতো জিনিসও বাইরে ছিটকে পড়ল। শেরু মাথা নিচু করে রইল।


"আমাকে ছাড়া তুমি কী? আমাকে ছাড়া তোমার বাবা কোথায় ছিল? এই যে ওনার এত সম্পত্তি... এই সবকিছু আমার দেওয়া! আমার বাবা মারা যাওয়ার সময় এই সব রেখে গিয়েছিলেন। তোমার বাবা এগুলো নিয়ে জন্মায়নি!" তিনি একটা ড্রয়ারের পেছনে হাত গলিয়ে আরও দুটো প্যাকেট বের করে সজোরে শেরুর পায়ের কাছে ছুড়ে মারলেন। "আজ যদি আমি তোমাকে এই বাড়ি থেকে বের করে দিই, তবে কোথায় যাবে? রাস্তায় রাস্তায় ঘুরবে আর ভিক্ষা করবে! আর যদি তোমার বাবাকে এই সব জানিয়ে দিই, তবে উনি তোমার কী হাল করবেন, জানা আছে?"


পুরো ঘরটা তছনছ হয়ে গিয়েছিল। শেরু ভীষণ বিরক্ত হয়ে দাঁড়িয়ে ছিল। রাগ, অনুশোচনা আর অসহায়ত্ব—সব অনুভূতি যেন একসাথে মিশে গিয়েছিল। মাম্মির হঠাৎ কী হলো এভাবে...


"এই... এই তোমার যোগ্যতা?" জওয়াহেরাত নিচু হয়ে একটা সাদা প্যাকেট তুললেন এবং সজোরে শেরুর গায়ে ছুড়ে মারলেন। ওটা তার বুকে লেগে পায়ের নিচে গিয়ে পড়ল। "এই তোমার future?" তিনি নিচু হলেন। টেবিল থেকে নিজের মোবাইলটা তুলে মুখের সামনে আনলেন। ক্যামেরার ক্লিক-ক্লিক আওয়াজ হতেই নওশেরওয়ান চমকে মাথা তুলল। তিনি ততক্ষণে ছবি তুলে ফেলেছেন।


"মাম্মি! আপনি কী করছেন...?"


"মাম্মি বলবে না আমাকে!" বাঘিনীর মতো গর্জে উঠলেন তিনি। "আগামী আধা ঘণ্টার মধ্যে কোনো কাজের লোকের সাহায্য ছাড়া যদি তোমার ঘরের প্রতিটা জিনিস ঠিক জায়গায় না ফেরে আর এই সব drugs যদি তুমি ফায়ারপ্লেসের আগুনে পুড়িয়ে ছাই না করো, তবে এই ছবিগুলো আমি তোমার বাবা আর ভাইয়াকে email করে দিচ্ছি। আধা ঘণ্টা সময় আছে তোমার কাছে, শুনেছ তুমি?" তিনি হিল জুতো দিয়ে মেঝেতে পড়ে থাকা জিনিসগুলোকে লাথি মারতে মারতে অগ্নিদৃষ্টিতে তার দিকে তাকিয়ে দরজার দিকে এগোলেন। শেহরিন সাথে সাথে পেছনে সরে গেল, আর নওশেরওয়ানের মাথা ঘুরে গেল।


"কী! আধা ঘণ্টা? আমি এত তাড়াতাড়ি কীভাবে...?"


জওয়াহেরাত গোড়ালির ওপর ভর দিয়ে চট করে পেছনে ঘুরলেন। "এখন তোমার কাছে মাত্র বিশ মিনিট সময় আছে। মুখ থেকে আর একটা শব্দ বেরোলেই ওটা দশ মিনিটে নেমে আসবে।"


তীক্ষ্ণ চোখে এক পলক তাকিয়ে তিনি বাইরে বেরিয়ে এলেন এবং সজোরে দরজাটা বন্ধ করে দিলেন।


নওশেরওয়ান দুই হাত দিয়ে নিজের মাথাটা চেপে ধরল। তারপর নিরুপায় হয়ে মুখ তুলে ঘড়ির দিকে তাকাল। "Oh no!" সে জলদি মেঝেতে পড়ে থাকা জিনিসগুলো গোছাতে শুরু করল।


কিন্তু মাম্মির সন্দেহ হলো কী করে? এত হুট করে...?


🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼


(Yoon bahaar aayi hai imsaal ke gulshan mein saba... poochti hai guzar is baar karoon ya na karoon)


[এ বছর বাগানে বসন্ত এমন এক রূপ নিয়ে এসেছে যে সমীরণ নিজেই দ্বিধায় পড়েছে—এবার সে এদিক দিয়ে বয়ে যাবে কি যাবে না!]


​বড়ে আব্বার লিভিং রুমে নীরবতার এই বিরতিটুকু স্রেফ কয়েক মুহূর্তের জন্যই স্থায়ী হয়েছিল। নুদরাত নিজের মনের কথা প্রকাশ করে বেশ নিরুপায় ভঙ্গিতে একে একে শাশুড়ি আর শ্বশুরের দিকে তাকাতে লাগলেন। বড়ো আব্বা একদম চুপ হয়ে গেলেন। তিনি প্রথমে ফারহানা বেগমের দিকে তাকালেন, যিনি পরের মুহূর্তেই অত্যন্ত দৃঢ়তার সাথে নেতিবাচকভাবে মাথা নাড়ছিলেন।


​"এটা অসম্ভব! নুদরাত, আমাদের পক্ষ থেকে এটাকে সরাসরি 'না' বলে ধরে নাও।"


​"ফারহানা!" বড়ে আব্বা বেশ শাসানোর ভঙ্গিতে ওনার দিকে তাকালেন। কিন্তু কিছু কিছু বিষয়ে ওনার ওপর ওনার স্ত্রীর প্রভাব ছিল প্রবল, আর এটিও ছিল সেইসব বিষয়েরই একটি।


​"না ভাই, এটা হতেই পারে না। আমরা তোমার ভাইকে চিনিই না। হুট করে কীভাবে একজনের হাতে নিজের মেয়েকে তুলে দিই!" তিনি নিজের বিরক্তিটুকু চেপে রাখার চেষ্টা করছিলেন।


​"কিন্তু বড়ো আব্বা তো ওকে চেনেন। আর আপনি ওয়ারিসকে জিজ্ঞেস করে দেখতে পারেন। ও..."


​"আরে ছাড়ো তো! ও নিজেও তো তোমারই ভাই। ও তো তোমার ভাইয়ের পক্ষ নিয়েই কথা বলবে।"


​"আমরা ভেবে-চিন্তে জানাব, নুদরাত!" বড়ে আব্বা কিছুটা উঁচু গলায় বলতেই ফারহানা বেগম চুপ হয়ে গেলেন। নুদরাত এক চিলতে মলিন হাসলেন। বেশ নম্রতার সাথে শাশুড়ির বিড়বিড়ানি লক্ষ্য করলেন এবং নিজের পার্স গুছিয়ে নিতে লাগলেন। তিনি অত্যন্ত হতাশ হয়ে পড়েছিলেন, আর বড়ি আম্মি তখন রাগে ফুঁসছিলেন। নুদরাত চলে যাওয়ার সাথে সাথেই তিনি বড়ো আব্বার ওপর চড়াও হলেন।


​"নুদরাতের এত বড় সাহস কী করে হলো যে জুমারের জন্য নিজের ভাইয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসে?"


​"ঠিক যেমনটা নুদরাতের জন্য আপনার মেয়ের ভাইয়ের প্রস্তাব নিয়ে আসার সময় আমাদের অনেক বড় সাহস হয়েছিল," বড়ো আব্বাও বেশ ধৈর্য আর শান্তভাবে জবাব দিলেন। এতে বড়ি আম্মি আরও বেশি তপ্ত হয়ে উঠলেন।


​"তখন তো আমি জানতাম না যে এই মেয়ে এমন উগ্র স্বভাবের বের হবে! বাচ্চাদেরও নিজের মতো মুখরা বানিয়ে ছেড়েছে।"


​"ওরা এতিম বাচ্চা, ফারহানা! এতিমদের নিডার আর সাহসী করে গড়ে তুলতে হয়। ওরা বেয়াদব নয়।"


​"যাই হোক, আমরা নুদরাতের ভাইয়ের দিকে এই সম্বন্ধ দেব না। ফজিলাহর ছেলের মধ্যে এমন কী খামতি আছে? ওখানেই হ্যাঁ বলে দিই। কতদিন ধরে ওরা উত্তরের অপেক্ষায় আছে!"


​"ফজিলাহও তো নুদরাতেরই আত্মীয়। ওর ছেলে তো ফারিসের চেয়ে ভালো নয়।"


​"আহা, থামুন তো! ফজিলাহ আমার আম্মির দিক থেকেও আত্মীয় হয়, হ্যাঁ!" তিনি আরও চটে গেলেন।


​"আপনি জুমারের কাছ থেকে একবার জেনে নিন, ফারহানা! দুটো সম্বন্ধের কথাই ওকে জানান। ও যে সিদ্ধান্ত নেয়..." চিরচেনা স্বভাবের বাইরে গিয়ে বড়ি আম্মি এই প্রস্তাবে এবার চুপ করে গেলেন।


​"ঠিক আছে। আপনি কিচ্ছু বলবেন না। আমি নিজেই জুমারের সাথে কথা বলে নেব। ও যদি ফারিসের প্রস্তাব ফিরিয়ে দেয়, তবে আপনি হাম্মাদের জন্য 'না' করতে পারবেন না।"


​বড়ো আব্বা মাথা নেড়ে সায় দিলেন। তবে তিনি বেশ চিন্তিত আর দ্বিধাগ্রস্ত দেখালেন। কেন যে এমনটা লাগছিল, তা তিনি নিজেও পুরোপুরি বুঝে উঠতে পারছিলেন না।


🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼



Jo farq-e-subah par chamke ga taara, hum bhi dekhenge


[ভোরের কপালে যে তারাটি উজ্জ্বল হয়ে জ্বলবে, সেটি আমরাও দেখে নেব।]


​সেই বিকেলটা বেশ চমৎকারভাবে ফুরিয়ে আসছিল। জুমার কলোনির ঠিক মাঝখানটায় গাড়ি থামাল এবং ঘাড় ঘুরিয়ে হানিনের দিকে তাকাল।


​"তুমি নিশ্চিত তো যে তুমি আমার সাথেই আসতে চাও?" আজ জুমারের দেওয়া দুই দিনের সময়সীমা শেষ হয়েছিল এবং সে পুরোপুরি প্রস্তুত ছিল।


​"Positive!" সে বেশ গর্বের সাথে ঘাড় সোজা করে বলল। কপালের ওপর ছেড়ে দেওয়া অল্প কিছু চুল বাদে বাকি অংশটা ফ্রেঞ্চ বেণিতে বাঁধা ছিল এবং চশমার ওপাশ থেকে উঁকি দেওয়া চোখ দুটোতে এক অদ্ভুত আত্মবিশ্বাস ও হাসির ঝিলিক খেলা করছিল।


​"এই long top-টা আপনাকে বেশ মানিয়েছে।" সাথে সাথেই সে দ্রুত নিজের মুখটা সামলে নিল।


​জুমার একটা 'Thanks' বলে ড্যাশবোর্ড থেকে ফোলা খাকি রঙের খামটা তুলে নিল। গাড়ি লক করে সে বাইরে বেরিয়ে এল।


​কলিংবেল বাজিয়ে ওরা দুজনে গেটের সামনে অপেক্ষায় দাঁড়িয়ে রইল। জুমার হানিনের চেয়ে কিছুটা লম্বা ছিল। কোঁকড়ানো চুলগুলো খোপায় বাঁধা এবং গম্ভীর চেহারায় সেই long top-টা সত্যিই বেশ চমৎকার লাগছিল। শান্ত, শীতল অভিব্যক্তি—হানিন অবশ্য বেশ উত্তেজিত দেখাচ্ছিল।


​খুব ধীরেসুস্থে হেঁটে এক ভদ্রলোক গেটের কাছে এলেন। "জি?"


​"আমি ডিস্ট্রিক্ট কোর্ট থেকে এসেছি, জুমার ইউসুফ। মিসেস ইয়াসমিনের সাথে দেখা করতে চাই।"


​ভদ্রলোক বাইরে উঁকি দিলেন। "কী ব্যাপারে?"


​"আগামী ত্রিশ সেকেন্ডের মধ্যে আপনি যদি আমাকে সম্মানের সাথে ভেতরে নিয়ে না যান, তবে আমি এই court order..." খাকি খামটা নাড়িয়ে দেখাল সে। "...নিয়ে সরাসরি জজের কাছে ফেরত যাব। গিয়ে বলব যে আপনারা আদালতের নির্দেশ মানতে অস্বীকার করেছেন। আগামীকালই আপনাকে contempt of court-এর দায়ে জাস্টিস সিদ্দিকীর সামনে হাজিরা দিতে হবে... তো, আপনি দরজা খুলছেন নাকি আমি চলে যাব?"


​ভদ্রলোকের চোখ দুটো চড়কগাছ হয়ে গেল। তবে তিনি তাও কিছুটা ইতস্তত করে দরজাটা খুলে দিলেন। ভেতরে বৈঠকখানার মতো একটা drawing room।


​তারা সদর দরজা দিয়ে ভেতরে এলেন। দরজার ম্যাটে জুতো খুলে রাখার নিয়ম ছিল। ভেতরে নরম কার্পেট পাতা ছিল। জুমার দরজার ম্যাটের দিকে তাকাল এবং নিজের জুতো সমেতই ভেতরে হেঁটে চলে এল। এক পায়ের ওপর আরেক পা তুলে সে single sofa-টায় বসল। হানিনও ভেতরে আসছিল, তখনই drawing room-এর দেয়ালে ঝোলানো দামি একাডেমিক শিল্ডগুলোর ওপর তার নজর পড়ল। সে একটু থমকে দাঁড়িয়ে ম্যাটের ওপর জুতো খুলল এবং জুমারের কাছাকাছি অন্য একটা সোফায় এসে বসল।


​"আমার কাছে মাত্র পনেরো মিনিট সময় আছে। মিসেস ইয়াসমিনকে ডাকুন," জুমার ঘড়ির দিকে তাকিয়ে বেশ ঠান্ডা গলায় ভদ্রলোককে উদ্দেশ্য করে বলল।


​তিনি দ্রুত ভেতরে চলে গেলেন। মিসেস ইয়াসমিন খুব জলদিই ওনার সাথে বাইরে এলেন। জুমারকে দেখে কিছুটা বিভ্রান্তিকর এক অভ্যর্থনার হাসি নিয়ে সালাম করলেন এবং বসলেন।


​হানিনের ওপর নজর পড়তেই তিনি কিছুটা চমকে উঠলেন, যে ওনাদের আসতে দেখে দাঁড়িয়ে পড়েছিল। তিনি আবারও জুমারের দিকে তাকালেন।


​"ও আমার ভাতিজি," সে শীতল চোখে ওনার দিকে তাকিয়ে বলল। ম্যাডাম এবার বেশ গম্ভীর চোখে হানিনকে খুঁটিয়ে দেখে নিলেন। হানিন এখন হাঁটু দুটো একসাথে জোড় করে বসে ছিল, তবে ঘাড়টা আগের মতোই সোজা ছিল।


​"আপনি ঠিক কী ব্যাপারে...?"


​কিন্তু জুমার ওনাকে প্রশ্নটা শেষ করতে দিল না। সেই ভদ্রলোক ভেতরে চলে যাচ্ছিলেন, জুমার ওনাকে ডেকে থামাল।


​"আপনি কোথায় যাচ্ছেন মাহমুদুর রহমান জাভেদ সাহেব? যা কথা হবে, সব আপনার সামনেই হবে।" তিনি কিছুটা আমতা আমতা করে আবার এসে বসলেন। নিজের স্ত্রীর দিকে তাকালেন, যিনি বেশ সন্দেহী চোখে জুমারকে দেখছিলেন।


​"পাকিস্তান পেনাল কোড পড়েছেন কখনো?"


​"জি?"


​"Extortion একটা অপরাধ। Article 384—তিন বছরের কারাদণ্ড অথবা জরিমানা, কিংবা উভয় দণ্ডই হতে পারে। Blackmail করাও অপরাধ। Article 387—সাত বছরের কারাদণ্ড অথবা জরিমানা, কিংবা দুটোই। এই মুহূর্তে আপনি এই দুটি অপরাধই করছেন। আর দয়া করে আমাকে মাঝখান থেকে থামানোর চেষ্টা করবেন না, কারণ আমার ভাতিজির সাথে এই দুটি অপরাধ করার অপরাধে আপনার শাস্তি হওয়া নিশ্চিত। আপনি ওকে জোর করছেন যাতে ও আপনার মেয়ের জন্য notes তৈরি করে দেয়, অন্যথায় আপনি ওকে স্কুল থেকে বের করে দেবেন... ওহ, সম্ভবত আপনি আপনার স্বামীকে এই ব্যাপারে কিছুই জানাননি!" মাহমুদুর রহমান সাহেব চরম বিস্ময় নিয়ে একে একে দুজনের দিকে তাকাতে লাগলেন।


​"এটা সম্পূর্ণ মিথ্যা কথা! আপনি আমারই বাড়িতে এসে আমার ওপরই এভাবে মিথ্যা অপবাদ কীভাবে দিতে পারেন?"


​জুমার খাকি খামটা তুলে নিল। ভেতরের কাগজগুলো বের করে খসখস শব্দে সামনে মেলে ধরল।


​"মাহমুদ সাহেব! আপনি জি-ইলেভেনের একটা প্লটের ওপর অবৈধ দখলদারিত্ব বজায় রেখেছেন।" মিসেস ইয়াসমিন, যিনি রাগের চোটে এতক্ষণ অনেক কিছু বলার প্রস্তুতি নিচ্ছিলেন, আচমকা একদম স্তব্ধ হয়ে গেলেন। মাহমুদ সাহেব চমকে উঠে জুমারের দিকে তাকাতে লাগলেন।


​"আপনার বিরুদ্ধে রায় এসেছিল এবং আপনি সেই রায়ের ওপর stay order নিয়ে রেখেছিলেন। আর এই যে বাকি কাগজপত্রগুলো দেখছেন, এগুলো আমি আগামীকাল আদালতে জমা দেব। যার পর আপনার stay order বাতিল হয়ে যাবে। এরপর কী আইনি প্রক্রিয়া হবে, তা তো আপনি ভালো করেই জানেন।"


​"এই মেয়েটা মিথ্যা বলছে! আমি এমন কিছুই করিনি," তিনি আবারও চরম ক্ষিপ্ত হয়ে বলতে লাগলেন। মাহমুদ সাহেব একের পর এক কাগজগুলো দেখছিলেন এবং ওনার মুখের রঙ চটে যাচ্ছিল।


​"ওর কাছে কী প্রমাণ আছে যে আমি এমনটা বলেছি?"


​নিজের হাতের দিকে তাকিয়ে থাকা হানিন এবার মাথা তুলল এবং নিজের আইফোনের কালো স্ক্রিনটা ওনাদের সামনে ধরল।


​"ম্যাম... সেদিন স্টাফ রুমে আমাদের যে কথোপকথন হয়েছিল, সেটা আমি এতে record করে নিয়েছিলাম," সে অত্যন্ত বিনয়ের সাথে নিবেদন করল। ম্যামের যেন একদম মুখে সাপে ছোবল দেওয়ার অবস্থা হলো, তিনি পুরোপুরি স্তব্ধ হয়ে গেলেন।


​"আপনি নিশ্চয়ই চাইবেন না যে এই কথোপকথন আমরা প্রিন্সিপাল ম্যামকে শুনাই, right?" জুমার খুব সহজভাবে প্রশ্ন করল। ওনারা দুজনেই মুখে কুলুপ এঁটে রইলেন।


​"আপনারা কি আমাদের একটু চা খাওয়াবেন না?" পরবর্তী প্রশ্নটা সে আরও সরলতায় জিজ্ঞেস করল।


​"দেখুন, আপনাদের একটা ভুল বোঝাবুঝি হয়েছে। আমি আপনাকে নিশ্চিত করছি যে ভবিষ্যতে..." পরবর্তী পাঁচ মিনিট তিনি হাত নাড়িয়ে নাড়িয়ে ওনাকে বোঝানোর চেষ্টা করতে লাগলেন।


​"দুঃখিত, কোনো আশ্বাসই কাজে আসবে না।" মিসেস ইয়াসমিন একদম পাথরের মতো স্তব্ধ হয়ে বসে রইলেন।


​গাড়িতে বসে দরজা বন্ধ করে জুমার বেশ ভাবুক চোখে হানিনের দিকে তাকাল, যে তখন সিটবেল্ট বাঁধছিল।


​"এই ফোনটা তো কারদার সাহেব তোমাকে ম্যামের সাথে শেষ কথা বলার পর দেননি, তাই না?"


​হানিন দুষ্টুমির ছলে ঠোঁট চেপে ধরে চোখ তুলে তাকাল।


​"ফুপ্পু! আমারও একটা দিক আছে যা আপনি এখনও চেনেন না।"


​সে হেসে গাড়ি স্টার্ট করতে লাগল।


​"আচ্ছা, আপনি তো আমার প্রিন্সিপালের সাথেও সরাসরি কথা বলতে পারতেন, তাই না?" হঠাৎই তার মাথায় এলো।


​"আমি সমস্যাটা সমাধান করার কথা দিয়েছিলাম, মিসেস ইয়াসমিনকে তোমার স্থায়ী শত্রু বানানোর জন্য নয়।"


​হানিনের ঠোঁট দুটো বিস্ময়ে 'ওহ' আকৃতির হয়ে গোল হয়ে গেল। তারপর সে হেসে বলল, "Thanks!"


​"তোমার ফারিস মামু কি আজ সন্ধ্যায় তোমাদের ওদিকে আসবেন? উনি তো সাধারণত weekend-গুলোতেই আসেন, তাই না? ওনার সাথে আমার জরুরি কিছু কথা ছিল। ভাবলাম দেখা হয়ে গেলে ভালো হতো।" হানিন ভীষণভাবে চমকে উঠে ওনার দিকে তাকাল। জুমার অবশ্য বেশ শান্তভাবে গাড়ি চালাচ্ছিল।


​"উনি তো সন্ধ্যায় আসবেন বলেছিলেন। আপনি একটু আমাদের বাড়ি চলে একটু wait করবেন তো, নাকি?"


​"Sure!"


​হানিন সামনের উইন্ডস্ক্রিনের ওপারে তাকিয়ে রইল। নিজের আঙুলগুলো মটকাতে লাগল। তারপর সামান্য জুমারের দিকে চেয়ে বলল, "এখানে একটু গাড়িটা থামান। পুদিনা পাতা নিয়ে নিই।"


​"পুদিনা পাতা কেন?" সে মার্কেটের কাছাকাছি গাড়িটা নিয়ে গেল।


​"যখন আমি চাটনি বানাব, তখন আম্মুকে বাধ্য হয়ে পকোড়া ভাজতেই হবে। একটু বোঝার চেষ্টা করুন না!"


​সে সবজির দোকানের দিকে এগিয়ে গেল এবং কিছুটা আড়ালে গিয়ে দাঁড়াল, যাতে দূরে পার্কিংয়ে থাকা জুমার তাকে দেখতে না পায়। সে তাড়াহুড়ো করে মোবাইলে (যেটিতে আম্মুর সিম ছিল) কল লাগাল।


​"মামু! আপনি কি এই মুহূর্তেই আমাদের বাড়ি আসতে পারবেন?"


​"না।" ফারিস বেশ ব্যস্ত ছিল।


​হানিন ফোনটা কান থেকে নামিয়ে সেটির দিকে চোখ রাঙাল।


​"আম্মু পকোড়া বানাচ্ছেন।"


​"আমি dieting-এ আছি।"


​"ধুর! ফুপ্পু এসেছেন। ওনার খুব জরুরি কিছু কথা আছে আপনার সাথে। আপনার আসতে ইচ্ছে না হলে আসবেন না। আমি বলে দিচ্ছি যে উনি আপনার সাথে ফোনেই কথা বলে নেবেন," সে বেশ জ্বলে উঠে বলল। তার আশা ছিল যে ফারিস এবার অন্তত জলদি হ্যাঁ বলবে, কিন্তু...


​"Sure! ওনার কাছে আমার নম্বর আছে। এবার আমি নিজের কাজটা করি?"


​"না না, এক মিনিট দাঁড়ান!" সে বেশ ঘাবড়ে গিয়ে বলল। "আমি ফুপ্পুকে অলরেডি বলে দিয়েছি যে আমি আপনাকে message দিয়েছি আর আপনি আসার জন্য হ্যাঁ বলেছেন। এখন আমাকে সবার সামনে মিথ্যাবাদী প্রমাণ করতে চাইলে আপনার যা খুশি করুন। Bye!" সে জলদি ফোনটা কেটে দিয়ে সবজিওয়ালাকে টাকা মেটাতে লাগল।


🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼


Haan jurm-e-wafa dekhiye kis kis par hai saabit... wo saare khata-kaar sardar khade hain


[হ্যাঁ, বিশ্বস্ততার অপরাধ কার কার ওপর প্রমাণিত হয়েছে দেখুন... আজ সেই অপরাধী প্রধানরাই কাটগড়ায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে!]


​শেহরিন দরজাটা নক করল এবং তারপর ঠেলে ভেতরে ঢুকল।


​শেরু couch-এর ওপর বেশ অস্থির হয়ে শুয়ে ছিল। সে চোখ ঘুরিয়ে এক রুক্ষ অভিব্যক্তি নিয়ে দরজার গোড়ায় দাঁড়িয়ে থাকা শেহরিনের দিকে তাকাল। শেহরিনের বব-কাট সোনালী চুলগুলো পাখির ঠোঁটের মতো দুই পাশ থেকে সামনের দিকে ঝুলে ছিল। তার চোখে এক কৃত্রিম সহানুভূতি খেলা করছিল।


​"তোমার সাথে যা ঘটেছে, তার জন্য আমি সত্যিই অত্যন্ত দুঃখিত।"


​"অনেক ধন্যবাদ," সে বেশ তিক্ততার সাথে জবাব দিয়ে মুখ ফিরিয়ে নিল। তারপর আচমকা চমকে উঠে আবার তাকাল। "ভাইয়া কি কিছু জানেন?"


​"আমি একদমই সেইসব মানুষের দলে পড়ি না যারা কারো পিঠপিছে তাদের নামে কমপ্লেন করে। মিসেস কারদার যদি নিজে থেকে বলে দিয়ে থাকেন, তবে সেটা আলাদা বিষয়," শেহরিন নিজের চুলে আঙুল চালাতে চালাতে বেশ চিন্তিত ভঙ্গিতে বলতে লাগল। "কিন্তু আমি এটা ভেবে অবাক হচ্ছি যে ওনার হঠাৎ কীভাবে একদম নিখুঁতভাবে জানা হয়ে গেল যে drugs তোমার ঘরেই রাখা আছে?"


​"মাম্মির জন্য মানুষের মুখ চেনা কি খুব কঠিন কাজ?"


​"তোমার মুখ তো উনি আসার সাথে সাথেই কয়েকবার পড়ে ফেলেছিলেন। আমি তো এটা ভেবে অবাক হচ্ছি যে উনি শান্ত হয়ে study-তে বসে ছিলেন, তারপর আচমকা..." সে নিজের কথা শেষ করল না। "তোমার বন্ধু চলে যাওয়ার পরেই ওনার কী যেন একটা হয়ে গেল!"


​নওশেরওয়ান চমকে উঠে ওনার দিকে তাকাল। "সাদির চলে যাওয়ার পরেই?"


​"হ্যাঁ, ওই যে তোমার বন্ধু। বেশ কিছুক্ষণ মাম্মির সাথে বসে গল্প করছিল। ওনার সাথে ওর বেশ ভালো খাতির দেখা যাচ্ছে। সেখানেও সারাক্ষণ ওরই প্রশংসা হতে থাকে। আজ তো মাম্মির আসার কোনো কথাই ছিল না। আমরা তো বিকেলের চা খাচ্ছিলাম, তখনই মাম্মির ফোনে একটা message এলো। সম্ভবত ওটার পরেই উনি হুট করে আসার সিদ্ধান্ত নিলেন। হয়তো খুব জরুরি কোনো বিষয় ছিল যা মাম্মির কান পর্যন্ত পৌঁছানো দরকার ছিল," বেশ সমঝদার মানুষের মতো মাথা নাড়তে নাড়তে সে পেছনের দিকে ঘুরল। তারপর ঘাড়টা সামান্য বাঁকিয়ে অত্যন্ত সহানুভূতির সাথে চোখ ছোট করে বলল, "শেরু! তোমার কি মনে হয় না যে তোমার নিজের লেভেলের মানুষদের সাথেই বন্ধুত্ব করা উচিত? কোথায় তুমি আর কোথায় ও...!" এই বলে সে বাইরে চলে গেল।


​নওশেরওয়ান বেশ বিভ্রান্ত হয়ে তাকে চলে যেতে দেখতে লাগল। তারপর সে আচমকা খাট থেকে উঠে দাঁড়াল।


​শেহরিন কিচেন থেকে উঁকি দিয়ে দেখল। শেরু সোজা মাম্মির ঘরের দিকে যাচ্ছিল। সে বেশ প্রশান্তির এক চিলতে হাসি হাসল। শেরুর বন্ধুর এ বাড়িতে আসার রাস্তা তো সে চিরদিনের মতো বন্ধ করে দিল!


​নওশেরওয়ান ভেতরে এলো। জওয়াহেরাত বাথরুমে ছিলেন। মোবাইলটা bedside table-এর ওপর রাখা ছিল। সে অত্যন্ত সতর্কতার সাথে বাথরুমের দরজার দিকে নজর রেখে মোবাইলটা হাতে নিল এবং মেসেজ বক্সটা ওপেন করল। সাদির নাম দিয়ে দু-একটা সাধারণ মেসেজ ছিল। সে মাথা ঝেড়ে ফোনটা রেখে দিতে যাচ্ছিল, তখনই কোনো একটা চিন্তা তার মাথায় এলো।


​বাথরুমের দরজা এখনও বন্ধই ছিল। সে ফোনটা হাতে নিয়ে উজ্জ্বল স্ক্রিনের ওপর আরও কয়েকটা বাটন টিপল। Gmail ওপেন করল। জওয়াহেরাতের মেইল বক্সটা সামনেই খোলা ছিল। পেজটা একটু স্ক্রোল করতেই সাদির মেইলের একটা পুরো thread সামনে ভেসে উঠল—ওপর থেকে নিচ পর্যন্ত তাদের মধ্যকার দীর্ঘ কথোপকথন। যেন একটা ধারাবাহিক প্রশ্নোত্তর পর্ব চলছিল।


​'শেরু আজকাল কী করছে?', 'ও drugs নিচ্ছে না তো?', 'ওর friend circle কেমন, ও কি কোনো বাজে নেশা করছে?', 'পড়াশোনা কেমন চলছে, drugs নিয়ে কোনো সমস্যা করছে না তো?'—জওয়াহেরাতের একের পর এক দীর্ঘ প্রশ্নের বিপরীতে সাদির সংক্ষিপ্ত সব উত্তর। কিন্তু উত্তর তো উত্তরই ছিল। পুরনো মেসেজগুলো যত খুলতে লাগল, তার মনের ভেতরের ক্ষোভ যেন চেহারায় ফুটে উঠতে লাগল। তার ঠোঁট দুটো শক্ত হয়ে চেপে বসল।


​তিনি তোয়ালে দিয়ে নিজের চুল মুছতে মুছতে বাথরুম থেকে বের হতেই আচমকা থমকে দাঁড়িয়ে গেলেন। শেরুর রাগে লাল হয়ে যাওয়া মুখটা মোবাইলের আলোয় যেন জ্বলজ্বল করছিল। তিনি তোয়ালেটা ছুড়ে ফেলে সামনে এগিয়ে এলেন এবং বেশ নরম সুরে তাকে ডাকলেন।


​"কী দেখছ তুমি?"


​সে এক অগ্নিদৃষ্টি মেলে ওনার দিকে তাকাল এবং মোবাইলের স্ক্রিনটা ওনার মুখের সামনে তুলে ধরল। জওয়াহেরাত স্ক্রিনের দিকে তাকালেন না, বরং বেশ অস্বস্তি নিয়ে শেরুর চেহারার দিকে চেয়ে রইলেন।


​"ও আপনার হয়ে আমার ওপর গোয়েন্দাগিরি করত?!"


​"শেরু! তুমি আমাকে কথা দিয়েছিলে যে তুমি আর কখনো drugs ছুঁয়েও দেখবে না," তিনি শেরুর হাতটা চেপে ধরলেন।


​"নেব না, নেব না! কতবার বলব আপনাকে? কিন্তু ওই ছেলেটাকে আমি এভাবে সহজে ছেড়ে দেব না!" মোবাইলটা বিছানার ওপর ছুড়ে মেরে এবং নিজের হাতটা ঝটকা দিয়ে ওনার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে সে রাগে ফুঁসতে ফুঁসতে ঘর থেকে বেরিয়ে গেল।


​জওয়াহেরাত সাথে সাথে ফোনটা তুলে সাদির নম্বর বের করলেন। কল বাটনে হাত রাখলেন, তারপর একটু থেমে গেলেন। সে যে আর কখনো নেশা করবে না—এই সান্ত্বনাটুকুই ওনার জন্য যথেষ্ট ছিল, তাই বন্ধুদের নিজেদের মধ্যকার ঝামেলায় ওনার মাথা গলানোর কী দরকার? "উঁহু!"


​তিনি সামান্য কাঁধ ঝাঁকিয়ে ফোনটা পাশে ছুড়ে ফেলে দিলেন।



চলবে,,,,,,,,


Comments

Popular posts from this blog

মুসহাফ - পর্ব: ০৩ (অনুবাদে: রেজওয়ান হোসেন মাসুম) (ফারিস্তে_ইব্রাহিম) (মেহমিল_ইব্রাহিম) (হুমায়ুন_দাউদ) (ফাওয়াদ_কারীম)

মুসহাফ - পর্ব: ০৪ (অনুবাদে: রেজওয়ান হোসেন মাসুম) (ফারিস্তে_ইব্রাহিম) (মেহমিল_ইব্রাহিম) (হুমায়ুন_দাউদ) (ফাওয়াদ_কারীম)

মুসহাফ - পর্ব: ১৩ (অনুবাদে: রেজওয়ান হোসেন মাসুম) (ফারিস্তে_ইব্রাহিম) (মেহমিল_ইব্রাহিম) (হুমায়ুন_দাউদ) (ফাওয়াদ_কারীম)